
এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আগাম ভর্তি কার্যক্রমের কারণে এই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েছেন। শিক্ষার্থীদের স্বার্থে ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা জরুরি। এ নিয়ে বিশ্লেষণ করেছেন নাদিম মাহমুদ।
কয়েক বছর ধরে একটি ভাবনা আমার মনে ঘুরপাক খাচ্ছিল—আমাদের দেশে প্রতিবছর পাবলিক পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হন, তাঁরা কেন নিজেদের শিক্ষাজীবন থেকে একটি বছর পিছিয়ে পড়বেন? এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কেন পরের বছরের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে? মধ্যবর্তী সময়ে সম্পূরক পরীক্ষা দিয়ে তাঁরা কেন সহপাঠীদের সঙ্গেই পরবর্তী শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন না?
অবশেষে শিক্ষা মন্ত্রণালয় চমৎকার একটি পদক্ষেপ নিয়েছে। কয়েকটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার আয়োজন করার ঘোষণা দিয়েছে তারা। এর মধ্য দিয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি বড় অংশ নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে অকৃতকার্য হওয়ার পর যেসব শিক্ষার্থী ঝরে পড়ছিলেন, সেই হারও কিছুটা কমে আসবে।
সপ্তাহ দেড়েক আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে, ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধেক পাস করেছেন—সংখ্যায় ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। বাকি অর্ধেকের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। গণমাধ্যমের খবর বলছে, এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার আগামী মাসে সম্পূরক পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে।
কিন্তু সরকারের এই উদ্যোগের উদ্দেশ্যই ম্লান হয়ে যাচ্ছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে। খবরে প্রকাশ, চলতি মাসেই ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বুয়েট এবং মেডিকেল কলেজগুলোয় ভর্তির আবেদন চাওয়া হয়েছে।
ফলে আগামী মাসে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পাস করলেও নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন না, পড়ার সুযোগও পাবেন না।
আমরা এক দশক ধরে বলে ও লিখে আসছি, সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। গত কয়েক বছরে ২০টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিলেও ১৯৭৩ সালের আইনে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো তাতে কর্ণপাত করছে না। শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবের এই উদ্যোগে তুলনামূলক ছোট বিশ্ববিদ্যালয়গুলো সাড়া দিলেও ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা সমন্বিত ভর্তি পরীক্ষার আংশিক সুবিধাই পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়গুলোর এই আচরণ বন্ধের আহ্বান জানিয়ে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এবারও তারা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি থেকে শুরু করার অনুরোধ জানিয়েছে, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের স্বতন্ত্র আইনের কথা বলে ইউজিসির এই আহ্বান এড়িয়ে যাচ্ছে। ফলে ১৯৭৩ সালের আইনে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনায় অনড় থাকছে।
প্রশ্ন হচ্ছে, ভর্তি পরীক্ষা কাদের স্বার্থে নেওয়া হয়? এই প্রতিযোগিতায় অংশ নেবেন কারা? প্রশ্নগুলোর সহজ উত্তর—শিক্ষার্থী। শিক্ষার্থীদের জন্যই বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। তাহলে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে তারা কেন চাইছে না? যেখানে প্রায় অর্ধেক শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য, সেখানে বিশ্ববিদ্যালয়গুলো কেন নিজেদের ভর্তি পরীক্ষার প্রতিযোগীর সংখ্যা বাড়াতে আগ্রহী নয়? এক মাস বিলম্বে ভর্তি পরীক্ষা হলে তাদের ঠিক কোন কাজটি পিছিয়ে পড়বে? যাঁরা নভেম্বরেই আবেদন শেষ করতে চাইছেন, তাঁরা কি নতুন বছরের শুরুতে ক্লাস শুরু করতে পারবেন?
প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে, দেশে উচ্চশিক্ষার সাড়ে ৮ লাখ আসন ফাঁকাই থেকে যাচ্ছে। ভর্তি পরীক্ষার জন্য অনেক বিশ্ববিদ্যালয় আবেদনের শর্ত শিথিল করেছে। তাহলে বাকি শিক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়গুলো কেন নিজেদের ভর্তি পরীক্ষা কিছুদিন পিছিয়ে দিতে পারছে না?
যা-ই হোক, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের অবস্থান থেকে না সরলেও সম্পূরক পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার দরজা তাদের খুলে দেওয়া প্রয়োজন। এ জন্য কয়েকটি প্রস্তাব তারা ভেবে দেখতে পারে। জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ পান। তাহলে আমাদের ক্ষেত্রে নয় কেন?
প্রথমত, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই এক সুতায় আসতে হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ জিপিএ–৫ এবং আবেদনের সর্বনিম্ন যোগ্যতার জিপিএ (ধরা যাক ৩.৫ বা ৪) ধরে একটি খসড়া জিপিএ নির্ধারণ করে তাঁদের আবেদনপত্র গ্রহণ করা যেতে পারে। কারণ, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিশ্চয়ই জিপিএ ধরে তৈরি হয় না। একজন শিক্ষার্থী পাঠ্যবইয়ে যা শিখেছেন এবং সাধারণ জ্ঞান হিসেবে যা অর্জন করেছেন, তার ভিত্তিতেই যদি পরীক্ষা হয়, তাহলে এক-দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি এখানে মুখ্য হওয়ার কথা নয়।
দ্বিতীয়ত, সম্পূরক পরীক্ষার আগে কোনোভাবেই ভর্তি পরীক্ষার আয়োজন করা যাবে না। সম্পূরক পরীক্ষা যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়, তাহলে ভর্তি পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
তৃতীয়ত, সম্পূরক পরীক্ষার ফলাফল ডিসেম্বরের শেষে প্রকাশ করতে হবে। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী যদি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে পরে সম্পূরক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তিনি ভর্তির সুযোগ পাবেন। এতে সম্পূরক পরীক্ষার্থীদের কিছুটা কষ্ট হলেও অন্তত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগটি তাঁরা পেলেন।
চতুর্থত, এ ব্যবস্থাকে কেবল এ বছরের জন্য একটি ব্যতিক্রম হিসেবে না দেখে স্থায়ী নীতিতে রূপ দিতে হবে। প্রতি বছর পাবলিক পরীক্ষার ফল প্রকাশ, সম্পূরক পরীক্ষা, সেই পরীক্ষার ফল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম—এই পুরো চক্রের জন্য একটি নির্ধারিত শিক্ষাপঞ্জি থাকা দরকার, যা শিক্ষা মন্ত্রণালয়, আন্তশিক্ষা বোর্ড ও ইউজিসি মিলে আগেভাগেই ঘোষণা করবে। তাহলে কোনো বিশ্ববিদ্যালয় আর ‘আমাদের সময়সূচি আগেই ঠিক হয়ে গেছে’ বলে দায় এড়াতে পারবে না, আর শিক্ষার্থীরাও প্রতিবছর অনিশ্চয়তার মধ্যে পড়বেন না।
আমরা চাই দেশের উচ্চশিক্ষার সামগ্রিক উন্নয়ন হোক। কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে ফেলে, উচ্চশিক্ষার কোনো অর্জন হয় না, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে মানতে হবে। যেখানে দেশের উচ্চশিক্ষালয়ে ৮ লাখ আসনই ফাঁকা থাকছে, যেখানে দেশের বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় এই অকৃতকার্য শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার বিষয়ে সহমত পোষণ করছে, সেখানে হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজেদের ওপরের শ্রেণির বিশ্ববিদ্যালয় মনে করা শিক্ষার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বটে।
মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় কেবল একটি পরীক্ষা নেওয়ার প্রতিষ্ঠান নয়, সুযোগ তৈরি করার প্রতিষ্ঠান। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। কারণ, শেষ বিচারে, শিক্ষার্থীদের জন্যই এ প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব।
ড. নাদিম মাহমুদ, গবেষক, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া
মতামত লেখকের নিজস্ব