
একটা অস্বস্তিকর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। সমাজ কি নৈতিক প্রত্যাশা সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করে? নাকি পেশা, লিঙ্গ ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে অসমভাবে বণ্টিত হয়?
সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালের ঘটনা ঘিরে যে ব্যাপক ক্রিয়া-প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা শুধু সামাজিক সংহতির প্রকাশ নয়, এটি আবেগ, মর্যাদা এবং সামাজিক স্বীকৃতির রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
নারীবাদী দার্শনিক সারা আহমেদ বলেছিলেন, আবেগ কখনোই শুধু ব্যক্তিগত অনুভূতি নয়, বরং ক্ষমতার সম্পর্ক গঠন ও পুনর্গঠনের একটি কার্যকর রাজনৈতিক শক্তিও বটে। ক্ষোভ, লজ্জা, ঘৃণা কিংবা অপমানের মতো আবেগ নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর শরীরের সঙ্গে যুক্ত হয়ে তাদের সম্পর্কে একটি স্থায়ী সামাজিক ধারণা তৈরি করে। ফলে কোনো ব্যক্তির একটি কাজকে ঘিরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তা প্রায়ই সেই কাজের চেয়ে বড় হয়ে ওঠে। কারণ, সেই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সমাজ নির্ধারণ করে—কোন ধরনের মানুষ গ্রহণযোগ্য, আর কাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
বিউটি পালের কয়েক সেকেন্ডের একটি সাংস্কৃতিক রিলকে ঘিরে যে নৈতিক উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা তৈরি হয়েছে, তা শুধু ভিডিওর আলাপ নয়, বরং একজন নারী শিক্ষক কেমন হবেন, কীভাবে নিজেকে উপস্থাপন করবেন এবং তাঁর ব্যক্তিগত পরিসরের সীমা কোথায় শেষ হবে, এই সামাজিক কল্পনাকে রক্ষা করার প্রচেষ্টার অংশও। অন্যদিকে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের অবস্থানও ছিল সমানভাবে নৈতিক। তাঁরা মনে করিয়ে দিয়েছেন, শিক্ষক সবার আগে একজন মানুষ, তাঁরও ব্যক্তিগত অনুভূতি, সাংস্কৃতিক প্রকাশ এবং নাগরিক স্বাধীনতার অধিকার রয়েছে।
ইতিহাসবিদ এভলিন ব্রুকস হিগিনবোথাম ‘সম্মানযোগ্যতার রাজনীতি’ ধারণা ব্যবহার করে বলেছিলেন, সমাজ কিছু নির্দিষ্ট আচরণ, পোশাক, ভাষা ও জীবনযাপনকে সম্মানযোগ্যতার মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই মানদণ্ড এতটাই স্বাভাবিক হয়ে ওঠে যে সামাজিক গ্রহণযোগ্যতা অনেকাংশেই তার ওপর নির্ভরশীল বলে মনে হয়।
বাংলাদেশের বাস্তবতায় নারী শিক্ষকদের ক্ষেত্রেও একই প্রত্যাশা কাজ করে। তাঁদের পেশাগত দক্ষতা, গবেষণা, শিক্ষাদান কিংবা শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, জনপরিসরে তাঁদের গ্রহণযোগ্যতা প্রায়ই নির্ধারিত হয় তাঁরা কতটা সামাজিকভাবে নির্মিত ‘ভদ্রতা’, ‘সংযম’ ও ‘শালীনতা-এর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ—তার ওপর। ফলে একজন শিক্ষকের পেশাগত পরিচয় অনেক সময় তাঁর জ্ঞানচর্চার চেয়ে তাঁর ব্যক্তিগত উপস্থাপনার দ্বারা বেশি মূল্যায়িত হতে শুরু করে।
নারী শিক্ষক, নৈতিকতা ও দ্বৈত মানদণ্ড
বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতাও একই বাস্তবতার দিকেই ইঙ্গিত করে। নারীদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনকে পেশাগত পরিচয়ের সঙ্গে যেভাবে যুক্ত করে দেখা হয়, পুরুষদের ক্ষেত্রে তুলনামূলকভাবে সেটা অনেক কম। একজন নারী কী পরলেন, কীভাবে কথা বললেন, কোথায় দাঁড়ালেন, কীভাবে হাসলেন কিংবা একটি গানের সঙ্গে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ধারণ করলেন—এসব বিষয় মুহূর্তের মধ্যেই তাঁর পেশাগত যোগ্যতা, নৈতিকতা কিংবা চরিত্রের আলোচনায় পরিণত হতে পারে।
এ বাস্তবতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বাংলাদেশে এর আগেও আমরা দেখেছি, একজন কলেজশিক্ষক টিপ পরাকে কেন্দ্র করে প্রকাশ্যে কটূক্তির শিকার হন। এসব ক্ষেত্রে দেখা যায়, একজন নারী শিক্ষকের পেশাগত বৈধতা প্রায়ই তাঁর একাডেমিক যোগ্যতার পাশাপাশি সামাজিকভাবে নির্মিত নৈতিক গ্রহণযোগ্যতার ওপরও নির্ভরশীল হয়ে পড়ে।
এই পটভূমিতে আরেকটি প্রশ্নও গুরুত্বপূর্ণ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যক্তিগত একটি ভিডিও ধারণ করলে সেটি কি নিজেই কোনো সুস্পষ্ট আইনি বা প্রশাসনিক বিধি লঙ্ঘন? বর্তমানে সরকারি কর্মচারীদের আচরণবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকায় দায়িত্বশীল আচরণ, শালীনতা, মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়গুলো উল্লেখ রয়েছে।
কিন্তু বিদ্যালয় প্রাঙ্গণে ব্যক্তিগত একটি সাংস্কৃতিক ভিডিও ধারণকে নিষিদ্ধ করার মতো সুস্পষ্ট বিধান নেই। ফলে বিউটি পালের ঘটনাকে কেবল আইনের প্রশ্ন হিসেবে ব্যাখ্যা করা যথেষ্ট নয়, এটি সামাজিক নৈতিকতা, প্রশাসনিক ব্যাখ্যা এবং পেশাগত প্রত্যাশার জটিল আন্তসম্পর্কের প্রশ্নও।
তবে এখানেও সতর্ক থাকা জরুরি। এ আলোচনার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠীকে দায়ী করা নয়। অনলাইন বিদ্বেষের ভাষা নানা রাজনৈতিক অবস্থান, সামাজিক পরিচয় এবং মতাদর্শিক অবস্থান থেকে আসতে দেখা যায়। মতাদর্শ ভিন্ন হলেও নারীকে নিয়ন্ত্রণ করার ভাষা অনেক ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে একই রকম হয়ে ওঠে।
ডিজিটাল যুগে কীভাবে একটি সাধারণ সাংস্কৃতিক প্রকাশ মুহূর্তের মধ্যেই বৃহত্তর নৈতিক বিতর্কে পরিণত হতে পারে, বিউটি পালের ঘটনা তারও নজির। সমাজবিজ্ঞানী স্ট্যানলি কোহেনের নৈতিক আতঙ্ক নামক ধারণা দিয়ে পরিস্থিতিকে ব্যাখ্যা করা যেতে পারে। তাঁর মতে, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ঘটনাকে কখনো কখনো এমনভাবে উপস্থাপন করা হয় যেন সেটিই সমাজের নৈতিক ভিত্তির জন্য এক বড় হুমকি।
বাস্তব ঘটনার তুলনায় সামাজিক প্রতিক্রিয়া তখন অসামঞ্জস্যপূর্ণভাবে তীব্র হয়ে ওঠে। সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং জনমত মিলিতভাবে এমন একটি বয়ান নির্মাণ করে, যেখানে যুক্তির চেয়ে আবেগ, প্রমাণের চেয়ে প্রতীক এবং বাস্তবতার চেয়ে নৈতিক উদ্বেগ বেশি প্রভাব বিস্তার করে।
বিউটি পালের ঘটনায়ও এই প্রবণতার কিছু বৈশিষ্ট্য লক্ষ করা যায়। ফলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আর ভিডিওটা থাকল না, বরং একজন শিক্ষক কেমন হওয়া উচিত, এই সামাজিক কল্পনাই আলাপের মূল ইস্যু হয়ে উঠল। একটি নির্দিষ্ট ঘটনাকে ঘিরে যখন সমগ্র পেশার নৈতিক মানদণ্ড নিয়ে উদ্বেগ তৈরি হয়, তখন সেটি নৈতিক আতঙ্কের বৈশিষ্ট্য বহন করতে শুরু করে।
উল্লেখ্য, একটি গণতান্ত্রিক সমাজে নৈতিক প্রশ্ন নিয়ে মতবিনিময়, সমালোচনা এবং ভিন্নমত প্রকাশ নাগরিক অধিকারেরই অংশ। কিন্তু যখন কোনো ব্যক্তিকে বাস্তব ঘটনার তুলনায় অতিরঞ্জিতভাবে সমাজের নৈতিক সংকটের প্রতীক বানিয়ে ফেলা হয়, অথবা যুক্তিসংগত সমালোচনা ব্যক্তিগত অপমান, চরিত্র হনন এবং সংঘবদ্ধ অনলাইন বিদ্বেষে রূপ নেয়, তখন সেই আলোচনা নৈতিক সংলাপের সীমা অতিক্রম করে নৈতিক আতঙ্কের রূপ নিতে পারে।
ক্ষমতার সবচেয়ে কার্যকর রূপ হলো সেই ক্ষমতা, যা বাহ্যিক বলপ্রয়োগ ছাড়াই মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আধুনিক ক্ষমতা সব সময় দৃশ্যমান শাস্তির মাধ্যমে কাজ করে না, বরং নজরদারি, আত্মনিয়ন্ত্রণ এবং সামাজিক প্রত্যাশার মাধ্যমে মানুষকে এমনভাবে পরিচালিত করে যে মানুষ নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে।
ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম সেই নজরদারির পরিসরকে
অভূতপূর্বভাবে বিস্তৃত করেছে। এখন কেবল রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান নয়, সাধারণ নাগরিকও অন্যের আচরণ পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রকাশ্যে বিচার করার ক্ষমতা অর্জন করেছেন। একটি ছবি, একটি মন্তব্য কিংবা কয়েক সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের নৈতিক বিচারের বিষয় হয়ে উঠতে পারে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম সামাজিক নজরদারি, নৈতিক শাসন এবং প্রতীকী শাস্তি প্রদানেরও একটি শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠেছে।
একটি গণতান্ত্রিক সমাজে শিক্ষক অবশ্যই দায়িত্বশীল হবেন। কিন্তু দায়িত্বশীলতা এবং সার্বক্ষণিক নৈতিক নজরদারি এক বিষয় নয়। যদি আমরা প্রতিটি সাংস্কৃতিক প্রকাশ, ব্যক্তিগত আনন্দ কিংবা মানবিক অনুভূতিকেই পেশাগত বৈধতার মানদণ্ডে পরিণত করি, তবে আমরা ধীরে ধীরে এমন একটি সমাজ নির্মাণ করার দিকেই এগিয়ে যাব, যেখানে মানুষ নয়, শুধু সামাজিকভাবে অনুমোদিত চরিত্রগুলোকেই টিকে থাকার সুযোগ দেওয়া হয়।
এই বাস্তবতায় শিক্ষকেরা একটি বিশেষ অবস্থানে রয়েছেন। কারণ, তাঁদের কাছ থেকে সমাজ শুধু পেশাগত দক্ষতাই প্রত্যাশা করে না, একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত জীবনকেও একটি আদর্শ নৈতিক মানদণ্ডের প্রতিফলন হিসেবে দেখতে চায়। ফলে শ্রেণিকক্ষের বাইরের আচরণও অনেক সময় পেশাগত মূল্যায়নের অংশে পরিণত হয়। প্রশ্ন হলো, এই প্রত্যাশার সীমা কোথায়? একজন শিক্ষক কি তাঁর প্রতিটি ব্যক্তিগত প্রকাশের জন্য সার্বক্ষণিক জনবিচারের মুখোমুখি হবেন, নাকি একজন নাগরিক হিসেবে তাঁরও ব্যক্তিগত স্বাধীনতা ও সাংস্কৃতিক আত্মপ্রকাশের একটি স্বীকৃত পরিসর থাকবে?
একটি গণতান্ত্রিক সমাজে শিক্ষক অবশ্যই দায়িত্বশীল হবেন। কিন্তু দায়িত্বশীলতা এবং সার্বক্ষণিক নৈতিক নজরদারি এক বিষয় নয়। যদি আমরা প্রতিটি সাংস্কৃতিক প্রকাশ, ব্যক্তিগত আনন্দ কিংবা মানবিক অনুভূতিকেই পেশাগত বৈধতার মানদণ্ডে পরিণত করি, তবে আমরা ধীরে ধীরে এমন একটি সমাজ নির্মাণ করার দিকেই এগিয়ে যাব, যেখানে মানুষ নয়, শুধু সামাজিকভাবে অনুমোদিত চরিত্রগুলোকেই টিকে থাকার সুযোগ দেওয়া হয়।
নিঃসন্দেহে শিক্ষক একটি বিশেষ পেশা। ভবিষ্যৎ প্রজন্ম গঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁদের সামাজিক দায়িত্বও অন্য অনেক পেশার তুলনায় বেশি। কিন্তু সেই দায়িত্ব কি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে একজন শিক্ষক তাঁর মানবিক সত্তা, ব্যক্তিগত অনুভূতি কিংবা সাংস্কৃতিক আত্মপ্রকাশের অধিকার প্রায় হারিয়ে ফেলবেন? নাকি একজন শিক্ষকও সবার আগে একজন নাগরিক, যাঁরও ব্যক্তিগত পরিসর, সাংবিধানিক অধিকার এবং মর্যাদা রয়েছে?
এই প্রশ্নের সহজ উত্তর নেই। কারণ, একটি গণতান্ত্রিক সমাজে ব্যক্তিস্বাধীনতা ও পেশাগত দায়িত্ব—দুটিই সমান গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক অবশ্যই এমন আচরণ করবেন, যা তাঁর পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখে। একই সঙ্গে সমাজকেও স্বীকার করতে হবে যে পেশাগত মর্যাদা রক্ষা মানে ব্যক্তিসত্তাকে অস্বীকার করা নয়। একজন শিক্ষকও গান শুনতে পারেন, ভ্রমণ করতে পারেন, হাসতে পারেন, ছবি তুলতে পারেন কিংবা সাংস্কৃতিক প্রকাশে অংশ নিতে পারেন। এসব কর্মকাণ্ড স্বয়ংক্রিয়ভাবে তাঁর পেশাগত যোগ্যতা বা নৈতিকতার পরিমাপক হতে পারে না।
এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে যেমন অভূতপূর্বভাবে দৃশ্যমান করেছে, তেমনি তৈরি করেছে সার্বক্ষণিক নজরদারি ও তাৎক্ষণিক বিচারের সংস্কৃতি। সমালোচনা গণতন্ত্রের স্বাভাবিক অংশ, কিন্তু সমালোচনা যখন ব্যক্তিগত অপমান, চরিত্র হনন এবং সংঘবদ্ধ অনলাইন ট্রলিংয়ে রূপ নেয়, তখন তা কেবল একজন ব্যক্তিকেই আঘাত করে না, বরং শিক্ষা-পরিবেশে ভয়, আত্মসংযম ও নীরবতার সংস্কৃতিও তৈরি করে।
একটি সুস্থ, মানবিক ও গণতান্ত্রিক সমাজে নৈতিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু নৈতিকতার উদ্দেশ্য মানুষকে নীরব করা নয়, বরং তাকে দায়িত্বশীল স্বাধীনতার সঙ্গে বাঁচতে সহায়তা করা। শিক্ষক সেই সমাজের নির্মাতা, কিন্তু তিনি কোনো দেবত্বপ্রাপ্ত নৈতিক প্রতিমূর্তি নন। তিনি ভুল করতে পারেন, শিখতে পারেন, আনন্দ করতে পারেন, কষ্ট পেতে পারেন—কারণ তিনিও একজন মানুষ।
সম্ভবত এ কারণেই আজ সবচেয়ে জরুরি প্রশ্নটি বিউটি পালকে নিয়ে নয়, বরং নিজেদের নিয়ে, আমরা কি শিক্ষককে একজন মানুষ হিসেবে গ্রহণ করতে প্রস্তুত, নাকি তাঁকে এমন এক নৈতিক প্রতিমূর্তি বানাতে চাই, যার মানবিক হওয়ার কোনো অধিকার নেই?
ড. স্নিগ্ধা রেজওয়ানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক
* মতামত লেখকের নিজস্ব