প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও পানিতে ডুবে শিশুমৃত্যুর খবর পাওয়া যায়। কখনো কখনো ভাইবোন, দুই ভাই কিংবা দুই বোন একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও ঘটে। বর্ষাকালে এই মৃত্যু আরও বেড়ে যায়। তাদের মধ্যে অনেকের হয়তো সাঁতার শেখার বয়স হয়নি। তবে কারও কারও সাঁতার শেখার বয়স হওয়ার পরও সাঁতার না জানার কারণে বাড়ির পাশের জলাশয়, পুকুর, খাল কিংবা নদীর পানিতে ডুবে মৃত্যু হয়।
গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগবিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’ সংবাদপত্রে প্রকাশিত পানিতে ডুবে মৃত্যুর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে। সংগঠনটির বরাত দিয়ে গত ২৬ মে প্রথম আলো অনলাইনে প্রকাশিত খবর বলা হয়, ২০২০ থেকে ২০২২—এই তিন বছরে পানিতে ডুবে ৩ হাজার ২৮৫ জন মারা গেছেন। এর ৮৭ শতাংশই শিশু।
সুতরাং বোঝাই যাচ্ছে, শিশুরাই এর বড় শিকার। পরিবারের সদস্য ও অভিভাবকেরা আরও বেশি সতর্ক হলে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব। অবশ্য এমন মৃত্যু ঠেকাতে শুধু পরিবারের ওপর ভরসা করলে চলে না। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।
সাঁতার পাঠ্যসূচির তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিকের বিদ্যালয়ে পড়া অবস্থায় সরকারি উদ্যোগে প্রতিটি শিশুর সাঁতার শেখা নিশ্চিত করতে হবে। তৃতীয় শ্রেণিতেই সাঁতার শেখা বাধ্যতামূলক করা উচিত।
একটি শিশুও যেন সাঁতার না শিখে প্রাথমিকের গণ্ডি পেরোতে না পারে, সে জন্য ব্যবহারিক পরীক্ষা আয়োজন করতে হবে। সাঁতারে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া কাউকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া হবে না, এমন শর্তও জুড়ে দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে অভিভাবকেরও ছেলেমেয়েদের সাঁতার শেখাতে আগ্রহ দেখাবেন। তখন ঠেকানো যাবে পানিতে ডুবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু।
শিশুর বয়স চার থেকে পাঁচ বছর হলেই সাঁতার শেখানো যায়। নিয়মিত আধঘণ্টা এক থেকে দুই সপ্তাহ অনুশীলন করলেই সাঁতার শেখা সম্ভব। গ্রামের ছেলেমেয়েদের সাঁতার শেখানো কঠিন কিছু নয়। কিন্তু এরপরেও গ্রামের শিশুদের এখন সাঁতার শেখানোতে অভিভাবকদের এক ধরনের অনীহা বা অবহেলা কাজ করে। ফলে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে গ্রামেই বেশি।
তবে দেশের এক শ্রেণির মানুষের যা চরিত্র, এমন হলে কোনো কোনো প্রতিষ্ঠান সাঁতার শেখানোর নামে টাকার বিনিময়ে ভুয়া সনদ বিক্রি করবে। সেদিকেও সরকারকে কঠোর নজর দিতে হবে। শিশুর বয়স চার থেকে পাঁচ বছর হলেই সাঁতার শেখানো যায়। নিয়মিত আধঘণ্টা এক থেকে দুই সপ্তাহ অনুশীলন করলেই সাঁতার শেখা সম্ভব। গ্রামের ছেলেমেয়েদের সাঁতার শেখানো কঠিন কিছু নয়। কিন্তু এরপরেও গ্রামের শিশুদের এখন সাঁতার শেখানোতে অভিভাবকদের এক ধরনের অনীহা বা অবহেলা কাজ করে। ফলে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে গ্রামেই বেশি।
অন্যদিকে শহরের শিশুদের সাঁতার শেখানো নিয়ে আছে জটিলতাও। কারণ, শহরে জলাশয়, পুকুর ও খাল-বিলের সংকট। তা ছাড়া দরিদ্র, নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের সুইমিং পুলে সাঁতার শেখানোর সামর্থ্য নেই। এ ক্ষেত্রে সরকারকে শিশুদের সাঁতার শেখানোর খরচ বহন করতে হবে। সরকার বহু খাতে বহু টাকা খরচ করে।
এটিকেও একটি ব্যয়ের খাত বিবেচনায় বরাদ্দ রাখতে হবে। এটিও বলতে হয় যে, বিভিন্ন জেলা–উপজেলায় সরকারি প্রকল্পে কিছু সুইমিং পুল নির্মাণ করা হয়েছিল। সেখানে শিশুসহ সবধরনের বয়সীদের সাঁতার শেখার সুযোগ ছিল। কিন্তু প্রথম আলোর প্রতিবেদনেই আমরা দেখেছি, সুইমিং পুলগুলো কী বেহাল হয়ে আছে।
সম্প্রতি বিশ্বব্যাপী সাঁতার শেখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৩’ পালন উপলক্ষে গত ২১ থেকে ২৫ জুলাই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।
প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সাঁতারকে শিক্ষাক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করার গুরুত্ব রয়েছে। বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের মধ্যে বেশির ভাগই শিশু ও তরুণ।
পানিতে ডুবে বাংলাদেশে গড়ে প্রতিদিন ৪০ জন শিশু মারা যায় বলে সিআইপিআরবির তথ্যে বলা হয়। নিঃসন্দেহে এটি ভয়ংকর চিত্র। শুধু শিশু নয়, সব বয়সী মানুষের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া যায়। ১ আগস্ট দুপুরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে লেকপাড় দিয়ে হাঁটার সময় পা পিছলে পানিতে ডুবে মারা যান মোবাশ্বেরা তানজুম।
তিনি সাঁতার জানতেন না। মোবাশ্বেরাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন তাঁর বান্ধবী তাসফিয়া জাহান। পরে দুই বান্ধবী পানিতে ডুবে মারা যান। দুজনই পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁরা দুজন পরস্পর ঘনিষ্ঠ বান্ধবী ও রুমমেট। ওই লেকপাড়ে যদি নিরাপত্তাবেষ্টনী থাকত, তবে সেদিন এমন ঘটনা ঘটত না। তবে এটাও তো বলা যায়, মোবাশ্বেরা যদি সাঁতার জানতেন, তাহলে দুই বান্ধবী সেদিন বেঁচে যেতেন।
দেশের অনেক মানুষ সাঁতার জানেন না। বিপদে পড়েন না, তাই হয়তো তাঁরা সাঁতার জানার প্রয়োজনীয়তাও অনুভব করেন না। জীবনে অনেক মৃত্যুফাঁদ এড়িয়ে মানুষকে বেঁচে থাকতে হয়। সাঁতার জানা থাকলে তো অন্তত একটি ফাঁদ থেকে বাঁচার সম্ভাবনা থাকে। তা না হলে সাঁতার জানা স্বজন-প্রিয়জন ও পরিচিতজনেরা কবি সুকুমার রায়ের কবিতার পঙ্ক্তি স্মরণ করিয়ে দিয়ে বলবেন, ‘তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে!’
তৌহিদুল ইসলাম প্রথম আলোর সহসম্পাদক
ই-মেইল: towhidul.islam@prothomalo.com