
এ বছর পশ্চিম এশিয়ার যুদ্ধগুলো সংবাদপত্রের শিরোনামজুড়ে ছিল। কিন্তু এখন প্রায় সব কটি সংঘাতই এক অদ্ভুত পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। না যুদ্ধ চলছে, না শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ইরানকে ঘিরে সংঘাত এর সবচেয়ে বড় উদাহরণ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে। ইরানের ড্রোন কুয়েত ও বাহরাইনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। তারপরও মনে হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত বড় ধরনের যুদ্ধ শুরু করতে চাইছেন না। যদিও ইসরায়েলের কর্মকর্তারা নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য জোর তদবির চালাচ্ছেন।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে কিছু জাহাজ চলাচল করছে। তেলের সরবরাহও পুরোপুরি বন্ধ হয়নি। অপরিশোধিত তেলের দামও আকাশচুম্বী হয়নি। সম্প্রতি উপসাগরীয় অঞ্চল সফর করে দেখেছি, সেখানকার মানুষ একধরনের উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যেই জীবন যাপন করতে শিখে গেছে। স্বাভাবিক জীবন বলতে মানুষ এখন যা বোঝে, তার সংজ্ঞা বদলে গেছে। তবু সর্বব্যাপী আতঙ্কের মধ্যে না থেকেও জীবন চলছে।
অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘাত এখন একধরনের সামরিক উত্তেজনাপূর্ণ অচলাবস্থায় পৌঁছেছে। ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে এই টানাপোড়েন সামলাচ্ছে, তখন গাজা ও লেবাননের যুদ্ধের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির ওপর।
ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এরপর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। সরকার গঠনের প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে। তবে আইজেনকট যদি মধ্যপন্থীদের নিয়ে একটি জোট গঠন করতে পারেন, যেখানে আরব দলগুলোর বাইরের সমর্থনও থাকবে, তাহলে কূটনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে।
ফিলিস্তিনের ক্ষেত্রে আমরা আশা করতে পারি, নতুন ইসরায়েলি সরকার গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দেবে। দখলদারত্বের কারণে সেখানে মানবিক সহায়তার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী তৎপরতাও বন্ধ হবে।
এদিকে ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধও থেমে থেমে আবার জ্বলে উঠছে। হুতিরা সৌদি আরবের আরামকোর সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মক্কা ও মদিনায় আঘাত হানার আগেই কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, সৌদি আরবের সঙ্গে হুতিদের একধরনের দর-কষাকষি চলছে। বড় অঙ্কের অর্থের বিনিময়ে তারা সৌদি আরবে হামলা বন্ধ রাখতে পারে। সৌদি স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার যে ক্ষতি তারা করেছে, তাতে এমন প্রস্তাব বিবেচনা করা যেতে পারে। সৌদি আরবের অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে আগ্রহী নয় বলে মনে হচ্ছে।
এই যুদ্ধগুলোকে আলাদা করে দেখার সুযোগ নেই। এগুলোর মধ্যে রয়েছে পরোক্ষ যুদ্ধ, অস্ত্র সরবরাহের অভিন্ন পথ এবং অভিন্ন ভূরাজনৈতিক স্বার্থ। এর কেন্দ্রে রয়েছে রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান অংশীদারত্ব।
ইউক্রেনে আক্রমণ চালিয়ে যেতে রাশিয়া ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে। বিনিময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের সময় রাশিয়াও তেহরানকে সহায়তা দিচ্ছে।
তারা ইরানকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উন্নত ড্রোন প্রযুক্তি, কাস্পিয়ান সাগর ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়ানোর পথ এবং স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করার গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এসব তথ্য হুতিদেরও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধক্ষেত্রের মধ্যে সংযোগ তৈরি করছে। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুতিদের কাছে অস্ত্র, অর্থ ও কৌশলগত নির্দেশনা পৌঁছে দিচ্ছে তেহরান। এই জোট ‘প্রতিরোধের অক্ষ’ নামে পরিচিত। তাদের লক্ষ্য, বিভিন্ন দিক থেকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে দেশটিকে ঘিরে ফেলা এবং ক্লান্ত করে দেওয়া। একই সঙ্গে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত করাও তাদের কৌশলের অংশ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এই অস্থিরতা বড় ধরনের কৌশলগত সুবিধা তৈরি করছে। মধ্যপ্রাচ্যে সংঘাত চললে বিশ্ববাজারে তেলের দাম বাড়ে। তাতে রাশিয়ার যুদ্ধের খরচ মেটানোর অর্থ জোগাড় সহজ হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন—দুটি বড় যুদ্ধক্ষেত্রে অস্ত্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং কূটনৈতিক মনোযোগ ভাগ করে নিতে হচ্ছে।
এসব সংঘাতের পেছনে আরেকটি ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষাও কাজ করছে। সেটি ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সুপরিচিত ইচ্ছা। তিনি নিজেকে এমন একজন চুক্তিকারী হিসেবে তুলে ধরেছেন, যিনি দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করতে পারেন। তাঁর কাছে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে একটি বড় সমঝোতা নোবেল পুরস্কার পাওয়ার ঐতিহাসিক সুযোগ বলে মনে হতে পারে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব সংঘাতের কোনোটিতে কি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বাস্তব সুযোগ তৈরি হয়েছে? নাকি সংশ্লিষ্ট পক্ষগুলো কেবল সময়ক্ষেপণ করছে?
সফল মধ্যস্থতার জন্য সাধারণত এমন একটি পরিস্থিতি প্রয়োজন, যখন সংঘাতে জড়িত সব পক্ষ বুঝতে পারে, একতরফাভাবে যুদ্ধ বাড়িয়ে কোনো লাভ হবে না। যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষতি তখন সমঝোতার তিক্ততা ও ছাড় দেওয়ার কষ্টের চেয়েও বেশি হয়ে ওঠে। একে বলা হয় পারস্পরিক ক্ষতিকর অচলাবস্থা। এই বিবেচনায় এখন পর্যন্ত কোনো সংঘাতই পূর্ণাঙ্গ শান্তিচুক্তির জন্য যথেষ্ট উপযুক্ত হয়ে ওঠেনি।
শশী থারুর ভারতের লোকসভায় কংগ্রেসের সংসদ সদস্য ও সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত