রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জেনোসাইড চালানো হয়েছে
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জেনোসাইড চালানো হয়েছে

মতামত

রোহিঙ্গা জেনোসাইডের রায় কেন ঐতিহাসিক

আন্তর্জাতিক বিচার আদালত ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জেনোসাইড সংঘটনের জন্য দায়ী সাব্যস্ত করেছে। এর আগে বসনিয়া ও হার্জেগোভিনা এবং ক্রোয়েশিয়া সার্বিয়ার বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের অভিযোগ আনলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে আদালত সেই অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি বলে সিদ্ধান্ত দেন। এই রায় আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ইতিহাসে অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

মামলাটি কার্যবিধিগত দিক দিয়েও গুরুত্বপূর্ণ। বাদীরাষ্ট্র গাম্বিয়া সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও জেনোসাইড প্রতিরোধের সমষ্টিগত দায়ের ভিত্তিতে মামলাটি করে।

এর মাধ্যমে আন্তর্জাতিক আইনে আরও সুপ্রতিষ্ঠিত হয়েছে যে জেনোসাইড প্রতিরোধ শুধু সংশ্লিষ্ট রাষ্ট্রের দায় নয়, বরং সব রাষ্ট্রের সমষ্টিগত দায়িত্ব; অর্থাৎ কোনো রাষ্ট্র সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও অন্য রাষ্ট্রের বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করতে পারে।

পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গাজা জেনোসাইড মামলা করে। বলা বাহুল্য, গাম্বিয়ার মামলায় প্রতিষ্ঠিত আইনগত অবস্থান দক্ষিণ আফ্রিকার পথকে বেশ মসৃণ করেছে।

এই মামলার বিচারিক কার্যক্রমও বেশ দীর্ঘ। ২০১৯ সালে করা মামলাটির রায় পেতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তবে এই সময় বসনিয়া ও ক্রোয়েশিয়া জেনোসাইড মামলার প্রায় অর্ধেক। অবশ্য আইসিজে ২০২০ সালে অন্তর্বর্তীকালীন সুরক্ষামূলক আদেশ দিয়ে রোহিঙ্গাদের আশা জিইয়ে রেখেছিল।

কিন্তু আইসিজের পূর্ণাঙ্গ রায়ে অন্তর্বর্তীকালীন আদেশ থেকে ভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়ার নজিরও রয়েছে। এ জন্যই ১৯ নভেম্বরের রায় নিয়ে এত উৎকণ্ঠা ছিল।

অবশ্য ২০২২ সালে মিয়ানমার আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি না জানালে মামলাটি আরও দুই বছর আগে শেষ হতে পারত। তবে এই রায়ের মাধ্যমেই মামলার কার্যক্রম শেষ হচ্ছে না। ভবিষ্যতে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিয়ে আরেক দফা শুনানি হতে পারে। সে ক্ষেত্রে মামলাটি আরও কয়েক বছর চলতে পারে।

আইসিজে এই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত জেনোসাইডের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। আদালত প্রথমত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর মাধ্যমে মিয়ানমার সরকারের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যাত হয়েছে।

আদালত সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিয়ানমার রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং তাদের মধ্যে জন্ম রোধের উদ্দেশ্যে ব্যবস্থা আরোপের মাধ্যমে জেনোসাইড সংঘটন করেছে। তবে রোহিঙ্গাদের সম্পূর্ণ বা আংশিকভাবে শারীরিক ধ্বংসের উদ্দেশ্যে তাদের ওপর ধ্বংসাত্মক জীবনযাপনের পরিস্থিতি আরোপের অভিযোগের সপক্ষে আদালত পর্যাপ্ত প্রমাণ পাননি।

এই রায়ে আইসিজে যৌনসহিংসতা ও জেনোসাইডের সম্পর্ক বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে। আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কর্তৃক রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে ব্যাপকভাবে সংঘটিত দলবদ্ধ ধর্ষণ, গণধর্ষণ ও অন্যান্য যৌনসহিংসতার প্রমাণ পেয়েছেন।

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির

বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে জন্ম রোধের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থার আলোচনায় আদালত উল্লেখযোগ্যসংখ্যক ধর্ষণের ঘটনার উল্লেখ করেছেন। একই সঙ্গে এসব যৌনসহিংসতাকে রোহিঙ্গাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং মিয়ানমারের জেনোসাইড সংঘটনের অভিপ্রায় নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিবেচনা করেছে।

জেনোসাইড মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জেনোসাইড সংঘটনের বিশেষ অভিপ্রায়। লাতিনে একে ডোলাস স্পেশিয়ালিস বলা হয়। এই অভিপ্রায় প্রতিষ্ঠার জন্য উচ্চমানের প্রমাণ প্রয়োজন।

এর আগে বসনিয়া ও ক্রোয়েশিয়া মামলায় পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আইসিজে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি বলে সিদ্ধান্ত দেয়। তবে এই মামলায় আদালত মিয়ানমারের বিশেষ অভিপ্রায়ের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ পেয়েছেন। এ ক্ষেত্রে আদালত ‘একমাত্র যুক্তিসংগত অনুমান’ (ওনলি রিজনেবল ইনফারেন্স) মানদণ্ডটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।

আদালত বিবেচনা করেছেন যে মিয়ানমারের কর্মকাণ্ডকে বিদ্রোহ দমন, রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা কিংবা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত অভিযান হিসেবে ব্যাখ্যা করা যায় কি না। তবে দীর্ঘদিনের বৈষম্য, বেছে বেছে আক্রমণ, যৌনসহিংসতা, শিশুদের ওপর হামলা এবং সামরিক অভিযানের পরিকল্পিত ধরন, ব্যাপকতাসহ সামগ্রিক প্রমাণ পর্যালোচনা করে, আদালত এসব বিকল্প ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়। এই ব্যাখ্যা আইসিজেতে বিচারাধীন গাজা জেনোসাইড মামলাসহ অন্যান্য মামলার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বাইরেও বেশ কিছু ব্যক্তি ও গোষ্ঠী জড়িত ছিল। আদালতের মতে, এসব অপরাধ প্রতিরোধের সুযোগ থাকা সত্ত্বেও মিয়ানমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে আদালত মিয়ানমারকে সরাসরি জেনোসাইড সংঘটন এবং অরাষ্ট্রীয় ব্যক্তিদের দ্বারা জেনোসাইড প্রতিরোধে ব্যর্থতা—উভয় ক্ষেত্রেই দায়ী করেছেন।

প্রমাণগত দিক থেকেও মামলাটি গুরুত্বপূর্ণ। বসনিয়া ও ক্রোয়েশিয়া মামলায় আইসিজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর নির্ভর করার সুযোগ পেয়েছিল। কিন্তু এই মামলায় অনুরূপ সিদ্ধান্ত না থাকায় আদালতকে স্বাধীনভাবে ঘটনার সত্যতা নির্ধারণ করতে হয়েছে।

এ ক্ষেত্রে আদালত জাতিসংঘের ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অন মিয়ানমার (এফএফএম) এবং ইনডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের (আইআইএমএম) প্রতিবেদন, অন্যান্য জাতিসংঘ সংস্থার প্রতিবেদন, স্যাটেলাইট থেকে সংগৃহীত প্রমাণ এবং সাক্ষীদের মৌখিক ও লিখিত সাক্ষ্য বিবেচনা করেছেন।

আদালত গাম্বিয়ার মৌখিক সাক্ষীদের বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করেছেন এবং আইআইএমএমের প্রমাণাদিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এনজিওর প্রতিবেদনও বিবেচনা করেছে, যদিও তুলনামূলকভাবে কম প্রমাণগত গুরুত্ব দিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালত এসব প্রমাণের নির্ভরযোগ্যতা ও অন্যান্য প্রমাণের মাধ্যমে সত্যতা যাচাই করে নিজস্ব সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

জাতিসংঘ সনদ অনুযায়ী মামলার পক্ষভুক্ত রাষ্ট্র আইসিজের রায় মানতে বাধ্য। কোনো রাষ্ট্র রায় না মানলে বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপনের সুযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত এই বিধানের আওতায় নিরাপত্তা পরিষদ কার্যকর পদক্ষেপ নেয়নি।

এই রায়ে আদালত মিয়ানমারকে তিন ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এগুলো হলো চলমান লঙ্ঘন বন্ধ করা, ভবিষ্যতে পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা প্রদান এবং ক্ষতিপূরণ দেওয়া। একই সঙ্গে অপরাধের কার্যকর তদন্ত এবং প্রযোজ্য ক্ষেত্রে দায়ী ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ফলে রায়টি শুধু মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণেই সীমাবদ্ধ থাকেনি, বরং জেনোসাইডের পরিণতি মোকাবিলা ও পুনরাবৃত্তি প্রতিরোধে বাধ্যবাধকতাও আরোপ করেছে।

বিশেষ করে রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণসংক্রান্ত নির্দেশনা গুরুত্বপূর্ণ। আদালত মিয়ানমারকে আগের অবস্থা ফিরিয়ে আনার (রেস্টিটিউশন) নির্দেশ দিয়েছেন। এর মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ নিজ বসবাসের স্থানে নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলন, হারানো সম্পত্তি ফেরত দেওয়া, নিখোঁজদের সন্ধান ও নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে সহায়তা, শারীরিক ও মানসিক পুনর্বাসন এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। আগের অবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে ক্ষতি পুরোপুরি পূরণ সম্ভব না হলে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

তবে ক্ষতিপূরণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আদালত মিয়ানমারকে দুই বছরের মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রতিবেদন জমা দিতে বলেছেন। যেসব ক্ষেত্রে আগের অবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি জানাতে হবে। এরপর উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ক্ষতিপূরণ বা অন্যান্য প্রতিকার সম্পর্কে আরও নির্দেশ দিতে পারেন। ফলে ১৯ নভেম্বরের রায়েই মামলার কার্যক্রম শেষ হচ্ছে না।

বাড়িঘর থেকে উচ্ছেদের পর একটি ট্রাকে বসে থাকা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যাচ্ছে পুলিশ। ২৭ জুলাই ২০২৬, কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের সামনে

এই রায়ের বাস্তবায়ন সম্পর্কে একটি পর্যবেক্ষণ দিয়ে শেষ করি। আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘের নিজস্ব কোনো আইন প্রয়োগকারী বাহিনী নেই। এ জন্য আইসিজে রায় বাস্তবায়নে মূলত সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ওপর নির্ভর করে।

জাতিসংঘ সনদ অনুযায়ী মামলার পক্ষভুক্ত রাষ্ট্র আইসিজের রায় মানতে বাধ্য। কোনো রাষ্ট্র রায় না মানলে বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপনের সুযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত এই বিধানের আওতায় নিরাপত্তা পরিষদ কার্যকর পদক্ষেপ নেয়নি।

মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে দেশটি দ্রুত রায় মেনে নেবে, এমন আশা করা কঠিন। অবশ্য বিচারিক প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত মিয়ানমারের অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখার সুযোগ রয়েছে।

এই রায়ের আরেকটি অনন্য দিক রয়েছে। আন্তর্জাতিক আইনে জেনোসাইডের নিষেধাজ্ঞাকে একটি সর্বোচ্চ বাধ্যতামূলক বিধান বা ইউস কোজেন্স নর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আন্তর্জাতিক আইনের এমন কোনো বিধান গুরুতরভাবে লঙ্ঘিত হলে সেই লঙ্ঘন বন্ধ করতে সব রাষ্ট্রকে আইনসম্মত উপায়ে সহযোগিতা করতে হবে।

একই সঙ্গে এই লঙ্ঘনের ফলে সৃষ্ট পরিস্থিতিকে কোনো রাষ্ট্র বৈধ হিসেবে স্বীকৃতি দিতে পারবে না এবং সেই পরিস্থিতি বজায় রাখতে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতাও করতে পারবে না; অর্থাৎ রোহিঙ্গা জেনোসাইডের এই রায় বাস্তবায়নে আইনগত দায়িত্ব শুধু মিয়ানমার, গাম্বিয়া বা বাংলাদেশের নয়; বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সব রাষ্ট্রের।

  • কাজী ওমর ফয়সাল, পিএইচডি গবেষক ও আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞ, লা ট্রোব বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া এবং অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ই-মেইল: foysal.quazi@gmail.com

    *মতামত লেখকের নিজস্ব