ইসরায়েলের নির্বাচনের ফলাফলকে প্রধানত দুটি দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। প্রথমটি হলো, একে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরাজয় হিসেবে বিবেচনা করা। ১২০ আসন বিশিষ্ট নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) যেখানে তাঁর জোটের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেখানে এখন তাঁর সমর্থন মাত্র ৫৩ আসনে নেমে এসেছে। বিপরীতে, নেতানিয়াহুবিরোধী আইনপ্রণেতাদের হাতে রয়েছে ৬৭টি আসন।
ইসরায়েল যদি একটি প্রকৃত গণতান্ত্রিক হতো, তবে হাঙ্গেরি, ব্রাজিল কিংবা সার্বিয়ায় যেভাবে অগণতান্ত্রিক শক্তির পরাজয়ে উল্লাস দেখা গিয়েছিল, এখানেও আমরা তেমন দৃশ্য দেখতে পেতাম। কিন্তু ইসরায়েল তো প্রকৃত গণতান্ত্রিক নয়, আর নেতানিয়াহুকেও এখানে পুরোপুরি পরাজিত বলা চলে না।
নির্বাচনের ফলাফলকে দেখার দ্বিতীয় এবং অপেক্ষাকৃত প্রাসঙ্গিক উপায়টি হলো, ইসরায়েলের বর্ণবাদ (আপার্থেইড) বাস্তবতাকে স্বীকার করে নিয়ে সেই আলোকে এই সমীকরণটি বোঝা। এই হিসেবে নেতানিয়াহুই জয়ী হয়েছেন। কারণ, তিনি নেসেটে ৫৩টি আসন নিশ্চিত করেছেন, যা নেতানিয়াহুবিরোধী ইহুদি জোটের চেয়ে পাঁচটি আসন বেশি।
সরকার গঠন করতে হলে যেকোনো জোটের অন্তত ৬১ জন নেসেট সদস্যের সমর্থন প্রয়োজন হয়। নেতানিয়াহুর সামনে পথ একটাই: নেতানিয়াহুবিরোধী জোটের কোনো দল বা আইনপ্রণেতাকে ভাগিয়ে আনা, যা তিনি অতীতেও বহুবার সাফল্যের সঙ্গে করেছেন। অন্যদিকে ফিলিস্তিনি দলগুলোর জয় করা ১৯টি আসন তাঁর সঙ্গে যুক্ত হওয়ার কোনো সুযোগই নেই।
নেতানিয়াহুবিরোধী জোটের জন্য সরকার গঠনের স্বাভাবিক উপায়টি হতো—দুটি ফিলিস্তিনি দলকে সঙ্গে নিয়ে একটি ঐক্যজোট গড়ে তোলা। কিন্তু তা করতে গেলে ইসরায়েলি বর্ণবাদকে সরাসরি চ্যালেঞ্জ করতে হতো, যা না করার জন্য ইহুদি নেতানিয়াহুবিরোধী জোটের প্রধান নেতারা (যেমন গাদি আইজেনকট) আগে থেকেই কঠোর অঙ্গীকার করে রেখেছেন।
আরেকটি বিকল্প উপায় হলো অর্থোডক্স ধর্মীয় দলগুলোর সমর্থন লাভ করা, যারা এতকাল নেতানিয়াহুর জোটে ছিল। তাদের সমর্থন পেতে হলে বিরোধী জোটকে প্রতিশ্রুতি দিতে হবে যে অর্থোডক্স যুবকদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়া হবে এবং তাদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি তহবিল অব্যাহত রাখা হবে। তবে আইজেনকটের নির্বাচনী প্রচারণার মূল প্রতিশ্রুতিই ছিল তরুণ হারেদি (অর্থোডক্স) ইহুদিদের সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করা। তাই এই সমীকরণ খুব একটা বাস্তবসম্মত নয়, তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই।
এ ছাড়া নেতানিয়াহু এবং বিরোধী জোটের শীর্ষ নেতাদের মধ্যে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের (রোটেশনাল গভর্নমেন্ট) মাধ্যমে একটি ‘ঐক্য সরকার’ গঠনের সম্ভাবনাও রয়েছে। তবে সমস্যা হলো, কয়েক বছর আগে পাস হওয়া এক আইনের কারণে বিচারাধীন মামলায় আসামি থাকায় নেতানিয়াহু কোনো মন্ত্রী পদে বসতে পারবেন না—যদিও তাঁর জোট কৌশল করে আইনটিতে এই অদ্ভুত বিধান রেখেছিল যে তা প্রধানমন্ত্রীর পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
যেহেতু নেতানিয়াহুর দুর্নীতির বিচার দীর্ঘায়িত হতে বাধ্য, তাই আইজেনকট প্রধানমন্ত্রী থাকলে নেতানিয়াহু সে মন্ত্রিসভায় কোনো পদের দায়িত্ব নিতে পারবেন না। এর মানে দাঁড়ায়, তিনি নিজেকেই আগে মেয়াদের প্রথম ভাগে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন এবং নিজের মেয়াদ শেষ হলেই সরকার ভেঙে দেওয়ার সুযোগ তৈরি রাখবেন। ২০২০ সালেও নেতানিয়াহু ঠিক একইভাবে বেনি গান্তজের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি ভেঙে নতুন নির্বাচনের মুখোমুখি হয়েছিলেন এবং তাতে বিজয়ী হয়েছিলেন।
সর্বশেষ খুব বাস্তবসম্মত আরেকটি পরিস্থিতি হতে পারে, দুই জোটের কেউই সরকার গঠনে সফল হলো না, ফলে ছয় মাসের মধ্যে ফের নতুন নির্বাচন অনুষ্ঠিত হলো। তখনো কিছুটা সীমিত ক্ষমতার মধ্য দিয়েই নেতানিয়াহু ও তাঁর সরকার ক্ষমতায় বহাল থাকবেন।
এটি নেতানিয়াহুকে সুযোগ দেবে ইরান ও হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘাত উসকে দেওয়ার এবং গাজা ও পশ্চিম তীরে সহিংস নীতি জোরদার করার। এটা আরও জনসমর্থন আদায় করে পরবর্তী নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা বাড়াতে পারে। এটিই নেতানিয়াহুর পছন্দের পথ। কারণ, গত ২৭ অক্টোবরের নির্বাচনে ফিলিস্তিনি নাগরিকেরা অভূতপূর্বভাবে ভোটকেন্দ্রে আসায় এবং প্রবাসী লিবারেল ইহুদিরা বিপুল সংখ্যায় দেশে ফিরে এসে ভোট দেওয়ায় তাঁর দল প্রত্যাশিত আসন পায়নি।
এসব রূপরেখা ঘটনাপ্রবাহের সামান্য অংশই ব্যাখ্যা করে। ইসরায়েল, ফিলিস্তিন ও এই অঞ্চলের ভবিষ্যতের জন্য এই ফলাফলের মূল শিক্ষাগুলো বুঝতে হলে কয়েকটা দিক অনুধাবন করা জরুরি।
প্রথমত, ইসরায়েলি ফিলিস্তিনিদের ভবিষ্যৎ। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা আবার ভোটে অংশ নিতে পারে যদি খুব দ্রুত নির্বাচন হয়। তবে এবারও যদি তাদের একইভাবে উপেক্ষা করা হয়, তবে তারা হয়তো আর কখনোই ভোটমুখী হবে না। সে ক্ষেত্রে এই জনগোষ্ঠীর নেতৃত্বের জন্য বড় একটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে যাবে: তারা রাজনৈতিকভাবে কোন পরিমণ্ডলের অংশ হতে চায়—ইসরায়েলি নাকি ফিলিস্তিনি?
আজ পর্যন্ত তারা বর্ণবাদ ও বর্ণবৈষম্য সত্ত্বেও ইসরায়েলি রাজনৈতিক ব্যবস্থাকে সুযোগ দিয়ে এসেছে। ফিলিস্তিনি দলগুলো এমনকি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকটকে প্রধানমন্ত্রী করার সুপারিশ পর্যন্ত করেছিল। আমি যদি একটি পূর্বাভাস দিতে পারি—এটি স্রেফ একটি পূর্বাভাসই—সেটা হচ্ছে, নেতানিয়াহুবিরোধী জোটও ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যকর কোনো আলোচনায় যাবে না। ফলে তাদের এই অবস্থানের বার্তাটি হবে স্পষ্ট: ইসরায়েলের ফিলিস্তিন নাগরিকেরা ইসরায়েলি রাজনীতিতে কোনো বৈধ অংশীদার নয়।
আমি যদি ভুল প্রমাণিত হই, তবে তা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের ইতিহাসেই এক অবিশ্বাস্য ও পরিবর্তনশীল মুহূর্ত হয়ে থাকবে; কিন্তু এমন কোনো সম্ভাবনা বা আশার আলো খুব কমই দেখা যাচ্ছে। ইসরায়েলের ইতিহাসের এই অত্যন্ত অস্থিতিশীল মুহূর্তে দাঁড়িয়ে, আমরা যেখানে রয়েছি সেখান থেকে অন্যান্য কিছু পাঠও নিতে পারি।
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো, ইসরায়েলের পরবর্তী সরকার যিনিই গঠন করুন না কেন, তিনি গাজায় ধাপে ধাপে চলা গণহত্যা, পশ্চিম তীরে তীব্র হতে থাকা জাতিগত নিধন এবং এই অঞ্চলে আগ্রাসী নীতি বজায় রাখবেন। এই নীতিগুলো কেবল তখনই বন্ধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব, যখন অঞ্চলটির অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দেবে যে এ ধরনের নীতি অনুসরণের জন্য তাদের মূল্য দিতে হবে।
দ্বিতীয় পাঠটি হলো, ইসরায়েলি ইহুদি সমাজ আগের মতোই গভীরভাবে বিভক্ত। বিভক্তিটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তাদের পক্ষে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা, সমৃদ্ধ অর্থনীতি এবং বিশ্ব ও এই অঞ্চলের জন্য একটি ইতিবাচক কৌশল বজায় রাখা প্রায় অসম্ভব।
তৃতীয় পাঠটি হলো, এই গতিপথের ফলে ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের তরুণ ইহুদিদের মধ্যে জায়নবাদের সঙ্গে সম্পর্কচ্ছেদের যে ধারা শুরু হয়েছে, তা–ও অব্যাহত থাকবে।
সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি জায়নবাদ নিয়ে বৈশ্বিক আলোচনায় প্রভাব ফেলতে পারে। ব্রিটেনে গ্রিন পার্টি কর্তৃক জায়নবাদকে ‘বর্ণবাদ’ হিসেবে সংজ্ঞায়িত করার পদক্ষেপটি—বর্তমানে একটি ব্যতিক্রমী এবং ব্যাপক নিন্দার মুখোমুখি হওয়া সত্ত্বেও—সময়ের সঙ্গে সঙ্গে গ্রহণযোগ্যতা পাবে।
এই নির্বাচন এবং ভবিষ্যতের ঘটনাপ্রবাহ স্পষ্ট করে দিচ্ছে যে বর্তমান ইসরায়েলি রাজনীতিতে জায়নবাদ বলতে বোঝায় ইসরায়েলি ফিলিস্তিনি নাগরিকদের রাজনীতি থেকে বাদ দেওয়া। প্রথমে তাদের উপেক্ষা করার মাধ্যমে এবং ভবিষ্যতে বেশ জোরালোভাবেই তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে।
তা ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এখন জায়নবাদ শব্দটিকে গণহত্যা, জাতিগত নিধন এবং বর্ণবাদের মতো সর্বসম্মত ইসরায়েলি নীতির সঙ্গে সম্পর্কিত করে দেখবে।
স্বল্প মেয়াদে সামগ্রিক পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ইসরায়েলি নির্বাচনের মূল বার্তাটি হলো, দেশটির ভবিষ্যৎ নীতিগুলো অধিকৃত অঞ্চলের মানুষের জীবনের জন্য হুমকি হিসেবেই থেকে যাবে। ফলে এই অঞ্চলে আরও বেশি অস্থিতিশীলতা দেখা দেবে।
তবে দীর্ঘ মেয়াদে, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, জায়নবাদী প্রকল্পের ভেতরের মৌলিক ফাটলগুলো আরও চওড়া হবে, যা অবশেষে এর পতনের কারণ হতে পারে। কেবল একটাই আশা করা যায়, এর মাধ্যমে এমন এক রাজনৈতিক বাস্তবতার সূচনা হবে, যা ঐতিহাসিক ফিলিস্তিন ও এই অঞ্চলে বসবাসকারী প্রত্যেকের জন্যই কল্যাণ বয়ে আনবে।
ইলান পাপে ইক্সটার বিশ্ববিদ্যালয়ের ‘ইউরোপিয়ান সেন্টার অব প্যালেস্টাইন স্টাডিজ’-এর পরিচালক। আল–জাজিরা থেকে সংক্ষেপে অনূদিত।