আজ ২৭ জুলাই, বিশ্ব হেড নেক ক্যানসার দিবস। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হেড নেক অনকোলজি সোসাইটিজ ২০১৪ সালে দিবসটি নির্বাচন করে এবং তা প্রতিবছর নিয়মিত পালন করে। এখন থেকে এ দিবসকেন্দ্রিক সপ্তাহ পালন করা হবে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হেড নেক অনকোলজি সোসাইটিজ (আইএফএইচএনওএস) হলো বিশ্বের সব দেশের হেড নেক ক্যানসার সোসাইটিগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম।
এতে রয়েছে ৫৫টি হেড নেক ক্যানসার সোসাইটি, ৫১টি রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী অঙ্গপ্রতিষ্ঠান এবং ইউআইসিসি। ইউআইসিসি হলো প্রায় সব ক্যানসার রোগের একাডেমিক চর্চা এবং ক্যানসার নিয়ন্ত্রণ কার্যক্রমের একটি অনন্য প্ল্যাটফর্ম—থিঙ্কট্যাংক। এতে ১৭৩টি দেশের ১ হাজার ২০১টি প্রতিষ্ঠান নিবন্ধিত।
আমেরিকার নিউইয়র্কে ২০১৪ সালের ২৭ জুলাই বিশ্ব হেড নেক ক্যানসার দিবসের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিখ্যাত হলিউড অভিনেতা মাইকেল ডগলাস।
বিশ্ব হেড নেক ক্যানসার দিবসে ক্যানসার সম্পর্কে সচেতনতা, কী কী কারণে বা অভ্যাসে ক্যানসারের ঝুঁকি বাড়ে, কীভাবে এ অভ্যাস থামানো যায়, ক্যানসারের উন্মত্ততা কীভাবে বন্ধ করা যায়, এই রোগ প্রতিরোধের জন্য কী কী করা যেতে পারে, গণমানুষের ক্যানসার বিষয়ে সাধারণ ধারণার প্রসার, একেবারে শুরুতেই রোগ নির্ণয় করা, এ রোগের যথাযথ চিকিৎসা সম্পর্কে ধারণা, চিকিৎসার ফলাফল ইত্যাদির ব্যাপারে আলোকপাত করা হবে।
এক হিসাবে দেখা গেছে, ২০২০ সালে প্রতি ছয়জনের মৃত্যুর মধ্যে একজনের মৃত্যু ক্যানসারের কারণে হয়েছে এবং বিশ্বে ক্যানসারে কোটি মানুষের মৃত্যু হয়েছে।
প্রতি দুইজনে একজন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং এর প্রধান শিকার পুরুষেরা, নারীদের তুলনায় ক্যানসারে আক্রান্ত পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ।
গত দশক থেকে এ সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী এক দশকে এ সংখ্যা দেড় কোটিতে পৌঁছাবে। আর আক্রান্তের আনুমানিক দুই-তৃতীয়াংশ হবেন উন্নয়নশীল দেশের নাগরিক।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশে ক্যানসারের ব্যাপকতা ঠিক কতটা, তার যথাযথ পরিসংখ্যান আমাদের হাতে নেই। আনুমানিক ২০ লাখ ক্যানসারে আক্রান্ত রোগী বাংলাদেশে রয়েছেন। প্রতিবছর আনুমানিক আরও দুই লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। প্রতিবছর আনুমানিক এক লাখ ক্যানসারে আক্রান্ত রোগী মারা যাচ্ছেন। এ হিসাবে আমাদের দেশে প্রতিদিন এ মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন ২৭৩ জন (দ্য ডেইলি স্টার, ১০ জানুয়ারি ২০২২)।
কোন ক্যানসারে কতজন আক্রান্ত হচ্ছেন, সেদিকে আমরা একটু আলোকপাত করব। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ক্যানসার রেজিস্ট্রি নেই। প্রাতিষ্ঠানিকভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের সর্বশেষ প্রকাশিত (২০১৫-১৭) রিপোর্ট অনুযায়ী, সর্বাধিক আক্রান্ত ক্যানসার হলো পুরুষের জন্য ফুসফুসের ক্যানসার ও নারীদের জন্য স্তন ক্যানসার। এখানে হেড নেক ক্যানসারের বিভিন্ন অংশ আলাদাভাবে হিসাব করা হয়েছে। হেড নেক ক্যানসার বলতে শরীরের যে অংশের ক্যানসার বোঝায়, সেগুলো হলো মুখ ও মুখগহ্বরের ক্যানসার, থাইরয়েডের ক্যানসার, নাকের ক্যানসার, সাইনাসের ক্যানসার, কণ্ঠনালির ক্যানসার, গলনালির ক্যানসার, শ্বাসনালির ক্যানসার, খাদ্যনালির ক্যানসার, নানা রকম লালাগ্রন্থির ক্যানসার, হেড নেকের ত্বকের ক্যানসার, হেড নেকের লসিকাগ্রন্থির ক্যানসার ইত্যাদি।
পুরুষের সারণিতে প্রথম ১০টি ক্যানসারের মধ্যে অন্তত ২টি এই হেড নেক ক্যানসারের মধ্যে পড়ছে সম্পূর্ণভাবে। আংশিকভাবে আরও দুটি ক্যানসারের সঙ্গে হেড নেক ক্যানসারের যোগ রয়েছে। নারীদের সারণিতে দেখা যাচ্ছে, প্রথম ১০টি ক্যানসারের মধ্যে পুরোপুরি একটি এবং অংশত আরও দুটি হেড নেক ক্যানসার; অর্থাৎ হেড নেকে আক্রান্ত সব ক্যানসারের যোগফল ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের সর্বশেষ প্রকাশিত সারণিতে সর্বাধিকের কাছাকাছি।
এর বাইরে থাকছে থাইরয়েড ক্যানসার। আন্তর্জাতিক এক হিসাবে দেখা গেছে, অর্ধেক জনগোষ্ঠীর বিভিন্ন রকম থাইরয়েড রোগ রয়েছে এবং এর ১০ ভাগের ১ ভাগ থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। থাইরয়েড ক্যানসারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা প্রধানত সার্জারি বা অপারেশন এবং আরও গভীরতর (অ্যাডভান্সড) থাইরয়েড ক্যানসারের চিকিৎসায় সার্জারি ছাড়াও নিতে হয় রেডিও-অ্যাকটিভ আয়োডিন থেরাপি। এই থেরাপি দেয় নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। এই বিপুল পরিমাণ রোগী প্রথাগত ক্যানসার হাসপাতালে যান না স্বাভাবিক কারণে। এ জন্য এই রোগীরা ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের সর্বশেষ প্রকাশিত (২০১৫-১৭) রিপোর্টে উল্লিখিত হননি।
নিউক্লিয়ার মেডিসিন বিভাগের থাইরয়েড ডিভিশনের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, দেশের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সব সেন্টারে বছরে ২ হাজার ২০০-২ হাজার ৫০০ রোগী থাইরয়েড ক্যানসারের চিকিৎসা নিতে আসেন। থাইরয়েড ক্যানসারের সব রোগীও কিন্তু এখানে আসেন না । বিশেষত প্রাথমিক পর্যায়ের থাইরয়েড ক্যানসারের রোগীরা। কারণ, তাঁদের এই থেরাপির দরকার হয় না। তা ছাড়া গভীরতর থাইরয়েড ক্যানসারের রোগীদের কেউ কেউ অপারেশনের পর এখানে রিপোর্ট করতে বললেও আসেন না। অবহেলা করেন। সব মিলিয়ে যদি সঠিকভাবে হিসাব করা হয়, সব হেড নেক ক্যানসারের সম্মিলিত সংখ্যা সর্বাধিক হবে বাংলাদেশে।
হেড নেক ক্যানসারে আক্রান্তের ফলে মানুষের কী নিদারুণ কষ্ট এবং তার চিকিৎসা নিতে গিয়ে মানুষের কী পরিমাণ ভোগান্তি, তা আমরা সবাই পুরোপুরি উপলব্ধি করতে পারি না। একমাত্র ভুক্তভোগীরাই তা উপলব্ধি করতে পারেন।
দেশে এ রোগে আক্রান্তদের যথাযথ চিকিৎসার সুযোগ খুবই অপ্রতুল। রোগাক্রান্তদের চিকিৎসাসেবা পাওয়া অনেকটা দুঃসাধ্য।
অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালে এ রোগের চিকিৎসা সুবিধা নেই। সরকারিতে খুবই চাপ এবং অত্যধিক ভিড়। প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোর অভাব। একেকটি বড় হেড নেক সার্জারিতে ৮-১০ ঘণ্টা সময় লাগে। সারা দেশে এ রোগের বিশেষায়িত অপারেশন করেন আনুমানিক ২৫ জন মাত্র। বিভিন্ন কারণে রোগীরা আসেন দেরিতে, রোগ জটিল হওয়ার পর। চিকিৎসার মাধ্যমে তাঁদের সারিয়ে তোলা অনেকটা অসম্ভব হয়ে পড়ে।
বেসরকারি হাসপাতালে একদিকে হাতে গোনা কয়েকটি হাসপাতালে এ ধরনের অপারেশন হয়। খরচ অত্যধিক।
অপারেশন-পরবর্তী রেডিওথেরাপির অবস্থাও খুবই ভয়াবহ। রোগীর তুলনায় সেন্টারের সংখ্যা অনেক কম। রেডিওথেরাপি শুরু করতে অনেক দেরি হয়। এতে হয়তো রোগ আবার ফিরে আসে, নয়তো কেমোথেরাপির যন্ত্রণায় পড়তে হয়। ফলে রোগী আর সুস্থ হতে পারেন না।
হেড নেক ক্যানসারের বিশেষ কষ্ট ও ভোগান্তি হলো, এটি শরীরের এমন এক অংশে হয়, যা দৃশ্যমান। গভীরতর ক্যানসারগুলো দ্রুতই মানুষের চেহারায় বিকৃতি আনে, ব্যাপক যন্ত্রণা দেয় এবং কষ্টদায়ক গন্ধ ছড়ায়। সুমধুর কণ্ঠ বিনষ্ট করে। খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যায়। সমাজ ও পরিবার তাঁকে আর স্বাভাবিক জীবনে গ্রহণ করতে পারে না। অপর পক্ষে একটু সতর্ক থাকলে এ রোগ একেবারে প্রথমেই ধরা পড়ে। প্রাথমিক পর্যায়ের হেড নেক ক্যানসারের চিকিৎসা খুবই সহজ। খরচ কম। ফলাফল অত্যন্ত ভালো। এসব কারণে দ্রুত চিকিৎসা নেওয়া দরকার।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল ৫০ শয্যা থেকে ধাপে ধাপে উন্নীত হতে হতে ৫০০-তে পৌঁছেছে। সরকারি উদ্যোগে দেশের আটটি বিভাগে বড় মাপের ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ চলমান। এসব হাসপাতালে শয্যাসংখ্যা হবে ১ হাজার ৪০০। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেড নেক সার্জারি ডিভিশন ২০১০ সালে চালু হয়েছে। প্রায় বিনা মূল্যে চিকিৎসা হচ্ছে। সম্প্রতি চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য এক বছরের ফেলোশিপ চালু করা হয়েছে। কীভাবে এসব হাসপাতালের মাধ্যমে নিরুপায় রোগীদের আধুনিক সেবা নিশ্চিত করা যায়, তার জন্য আরও বেশি চিন্তা-চেষ্টা করতে হবে। কাজ করতে হবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতকে ধারণ করে।
বেসরকারিতেও উদ্যোক্তারা এগিয়ে আসছেন। নতুন নতুন সেন্টার হচ্ছে। রেডিওথেরাপি মেশিন বসছে। কিন্তু খরচ অনেক বেশি এবং প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এগিয়েছি বটে, কিন্তু যেতে হবে আরও অনেক দূর।
আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে, প্রতিবছর বিশ্বে এক কোটির বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। প্রতি পাঁচজনের মধ্যে তিনজন প্রাথমিক উপসর্গগুলো উপেক্ষা করছেন। অথচ একটু নজর দিলেই সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। যতই চিকিৎসাসুবিধা থাকুক, ক্যানসার একবার হলে এর অনেক কষ্ট। এ জন্য প্রতিরোধই হলো সর্বোত্তম।
সাধারণ খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। চর্বি ও মিষ্টি-জাতীয় খাবার কম খেতে হবে। খাদ্যে ফলমূল ও সবজির পরিমাণ বাড়াতে হবে। ধূমপান সম্পূর্ণ ত্যাগ করতে হবে। মদ্যপান পরিহার করতে হবে। মাত্রাতিরিক্ত পরিবেশদূষণ পরিহার করতে হবে। পান-তামাক বর্জন করতে হবে। পরিশীলিত যৌনজীবন যাপন করতে হবে।
পরিপূর্ণ ক্যানসার রেজিস্ট্রি চালু করা সময়ের দাবি। নিয়মিতভাবে পরিবর্তনশীল চিকিৎসাবিজ্ঞানে চিকিৎসকদের প্রশিক্ষিত করতে হবে।
গলা ফুলে যাওয়া, মুখে ঘা, কণ্ঠস্বরের পরিবর্তন, খেতে কষ্ট, নাকে রক্ত পড়া ইত্যাদির ব্যাপারে সতর্ক থাকুন। সময়মতো ডাক্তারের পরামর্শ নিন। ভালো থাকুন।
ডা. মোহাম্মদ আবদুস সাত্তার অধ্যাপক, হেড নেক সার্জারি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ই-মেইল: drsattar69@gmail.com