মাদকের আড্ডা যখন পাঠাগার

কালীগঞ্জ প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ

দেশের তরুণসমাজের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এখন মাদক। মাদকের নেশায় পড়ে অনেক তরুণের আশা–আকাঙ্ক্ষা, স্বপ্ন—সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। নানা অপরাধকর্মেও জড়িয়ে পড়ছেন তঁারা। মাদক ব্যবসার সঙ্গে অনেক রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা আমরা দেখি। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও আঙুল ওঠে।

ফলে মাদক নির্মূলে সরকার যতই কঠোর হোক না কেন, তার সুফল খুব একটা পাওয়া যায় না। তবে চাইলেই মাদকের নেশা থেকে তরুণদের ফিরিয়ে আনা সম্ভব, তার অনেক উদাহরণ আছে। যেমনটি আমরা দেখি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। সেখানকার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির আন্তরিক প্রচেষ্টায় একটি মাদকের আখড়ায় গড়ে উঠেছে পাঠাগার। যে জায়গায় একসময় মাদকসেবীদের বদলে বইপ্রেমীদের ভিড় লেগে থাকে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, উপজেলার পৌর শহরের ব্যাংকের মোড় এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় বখাটেদের মাদকের আড্ডা গড়ে ওঠে। সন্ধ্যা হলেই সেখানে মাদকসেবীদের আড্ডা বসত। সেই জায়গায় এখন গড়ে উঠেছে মনোরম পাঠাগার। শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে এখন বই পড়তে আসছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় তিন বিঘা পরিত্যক্ত জায়গার ওপর গড়ে তোলা হয়েছে এ পাঠাগার। নাম দেওয়া হয়েছে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার। মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, গল্পসহ বিভিন্ন বিষয়ে হাজারো বই নিয়ে অনেকগুলো কর্নার করা হয়েছে। পাঠাগারের সামনে খোলা জায়গা, সেখানে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। মানুষকে বইমুখী করে তোলার জন্য দারুণ প্রয়াস সেখানে দেখা যায়। ফলে প্রতিদিন দুই শ মানুষ এখানে বই পড়তে আসেন। শুধু পৌরসভা নয়, উপজেলার বিভিন্ন এলাকার মানুষও বইয়ের সঙ্গে সময় কাটাতে এখানে আসেন।

মাদকসেবীদের আড্ডা ভেঙে দিয়ে পাঠাগার গড়ে ওঠায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মনে। নিজেদের ছেলেমেয়েদের নিয়ে দুশ্চিন্তাও কমেছে। এলাকাটিতে এমন ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার কারিগর সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক। তিনি জানান, রাজধানী ঢাকার খুব নিকটবর্তী হলেও এখানে শিক্ষার হার মাত্র ৫৯ ভাগ, যা উদ্বেগের কারণ।

তা ছাড়া শিশু-কিশোরদের বখে যাওয়া বা বইবিমুখতা ও সমাজের অবক্ষয় ও বিশৃঙ্খলার বিষয়গুলো সামনে আসে তাঁর। আর এসব কিছুর সমাধান হিসেবেই বই পড়া বা জ্ঞানচর্চার বিষয়টি অনুধাবন করেন তিনি। তাঁর প্রতি আমাদের সাধুবাদ রইল। অন্যান্য উপজেলার প্রশাসনও চাইলে এমন উদ্যোগ নিতে পারে।