শিল্প পুলিশ: মালিক-শ্রমিক উভয়ের স্বার্থেপত্রিকায় দেখলাম, শিল্পপ্রতিষ্ঠানে বিশেষ করে পোশাকশিল্পে চালু হচ্ছে শিল্প পুলিশ। রাজধানীর বাইরের শিল্প এলাকাকে প্রাথমিকভাবে চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার—এই চারটি ইউনিটে ভাগ করে একজন পুলিশ সুপারের নেতৃত্বে ৫০০ পুলিশ সদস্য কর্মরত থাকবেন প্রতি ইউনিটে। এই চারটি ইউনিটের জন্য দুই হাজার ২৬২ জন লোকবলের প্রস্তাব করা হলেও তা এক হাজার ৫৮০ জন লোকবল নিয়ে যাত্রা শুরু করবে। শিল্প পুলিশ ইউনিটের সদর দপ্তর হবে ঢাকায়। মালিক-শ্রমিকের শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক থাকলে এই বিশেষ ধরনের পুলিশ গঠনের প্রয়োজন হতো না। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলে তা বিদ্যমান পুলিশি ব্যবস্থায়ই সমাধান করা সম্ভব। শিল্পমালিকেরা বিশেষ পুলিশ চান। তাঁরা টাকা দিয়ে এই পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইতে পারেন। শিল্প পুলিশ যদি সেভাবে ব্যবহূত হয়, তাহলে শ্রমিকেরা আবারও নির্যাতিত হবেন। কোনো কোনো শ্রমিক সংগঠন এমনটিই আশঙ্কা প্রকাশ করেছে।আমরা দেখেছি, ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে শ্রমিকদের দমন-পীড়ন আর গ্রেপ্তার-নির্যাতনের শিকার হতে হয়েছে। মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। কিন্তু শ্রম শোষণকারী মালিকদের কখনো গ্রেপ্তার-হয়রানি হতে হয়নি। যাঁরা শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে গড়িমসি করেন, শ্রমিকদের আন্দোলনে যেতে বাধ্য করেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। শ্রমিকদের দিন-রাত খাটিয়ে অমানুষিক পরিশ্রমের বিনিময়ে মালিকপক্ষ কোটি কোটি টাকা মুনাফা করে কিন্তু শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটে না। তাঁদের বেতন বাড়ে না। নিজেরা নতুন পোশাক তৈরি করেন, অথচ ঈদের সময় পরিবারের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্য তাঁদের হয় না। বর্তমান সরকার তিন হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে একটি মজুরি কাঠামো প্রণয়ন করেছে, যেটা আগামী নভেম্বর মাস থেকে বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। শ্রমিকদের দাবি ছিল ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা এবং ঈদের আগেই তা কার্যকর করা। মজুরি কাঠামো ঘোষণার সঙ্গে সঙ্গে তা বাস্তবায়নের পদক্ষেপ নিলে পোশাক কারখানাগুলোতে যে সহিংসতা ঘটে গেল, তা হয়তো ঘটত না। পোশাকশিল্পের অসন্তোষ ও ধ্বংসযজ্ঞ নিয়ে আমরা যত ষড়যন্ত্রের কথাই বলি, এর মূল কারণ অল্প মজুরি ও সুযোগ- সুবিধার অপ্রতুলতা। শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্য না দেওয়া। এসব কারণই আন্দোলন বা হঠকারিতার জন্ম দেয়।তার পরও শিল্পকারখানায় বিশেষ করে পোশাকশিল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ গঠনের সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। প্রত্যক্ষভাবে ২০ লাখ এবং পরোক্ষভাবে এক কোটিরও বেশি শ্রমিকের কর্মক্ষেত্র, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, অত্যন্ত সম্ভাবনাময় এবং রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত এই পোশাকশিল্প রক্ষায় শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থে, সর্বোপরি পোশাকশিল্পের পূর্ণ বিকাশের স্বার্থে এই শিল্প পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। শ্রমিক সংগঠনগুলো যে পক্ষপাতমূলক আচরণের আশঙ্কা করেছে, সেটা ভুল প্রমাণ করতে হবে। এ লক্ষ্যে বিশেষ এই পুলিশ ইউনিটের বিশেষ প্রশিক্ষণ ও অর্থনৈতিক প্রণোদনার প্রয়োজন রয়েছে। সরকারকে এ জন্য বিশেষ আর্থিক সুবিধার কথা বিবেচনা করতে হবে, যা শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ, মালিক-শ্রমিক দ্বন্দ্ব, কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াওসহ নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধ তথা শিল্প বিকাশে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে উৎসাহ জোগাবে। মুহাম্মদ নাজমুল হকসহকারী অধ্যাপক, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট স্কুল অ্যান্ড কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।nazmulhaquemd@yahoo.comনতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দিনস্বাধীনতার ৩৯ বছর পার হতে চলল। ১৯৯৪ সালে আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি, তখনই জেনেছিলাম মুক্তিযুদ্ধবিষয়ক অনেক তথ্য। কিন্ডারগার্টেন স্কুলে বাধ্যতামূলকভাবে পড়ানো হয়েছিল। আজ এত বছর পর আমার অর্জিত শিক্ষা, বুদ্ধি-বিবেচনা হোঁচট খাচ্ছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর কাছে। আমরা ব্যর্থ হয়েছি নতুন প্রজন্মকে গড়ে তুলতে। এ কথা বলছি, কারণ আমি একটি পরিবারের সঙ্গে ইফতার করতে বসেছিলাম। তখন বিটিভিতে নিয়মিত ইসলামিক অনুষ্ঠান সম্প্রচার হচ্ছিল। ওই অনুষ্ঠান শেষ হওয়ার পর বঙ্গবন্ধুকে নিয়ে একটি অনুষ্ঠানের নাম টিভিতে উঠতেই গৃহকর্ত্রী বলে উঠলেন, ‘ওই যে...অনুষ্ঠান, টিভি বন্ধ কর।’ তখন সেই চতুর্থ শ্রেণীর মেয়েটি ব্যঙ্গাত্মক সুরে বলল, ‘হ্যারে বঙ্গবন্ধু কয় ক্যা? আবার কিয়ের জানি পিতাও কয়?’ওদের দোষ দেওয়া যায় না। কারণ, মেয়েটির বাবা-মা অল্পশিক্ষিত ও অসচেতন। ইতিহাস জানেন না, বোঝেন না। সন্তানকে শিক্ষিত করার জন্য স্কুলে দিয়েছেন। ধর্মভীরু পরিবার, ইবাদত-বন্দেগি করে। ছোট মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। একটা ইসলামি মানসিকতার স্কুলে পড়ে, মাঝেমধ্যে দেখি গজল গায়। বাংলা, অঙ্ক, ইংরেজিসহ সব বিষয়েই ভালো। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে, এরা দেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচিত নয়।ইতিহাসকে অসম্মান করতে শিখেছে এরা। আমি আমার জীবনে এ রকম বহু পরিবার দেখেছি, অবিকল এই রকম। এরা ধর্মীয় শিক্ষাকে লালন করে আর নিজস্ব ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। অনেকাংশেই ভুলভাবে জানে। আমার প্রশ্ন হচ্ছে, কেন জানে না বা কেন ভুলভাবে জানে? আমরাই দায়ী, আমাদের শিক্ষাব্যবস্থা দায়ী। সরকার কি কখনো খোঁজ রেখেছে—০ দেশের মাদ্রাসাগুলোতে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস পড়ানো হচ্ছে কি না?০ তাদের পাঠ্যপুস্তকে কী কী বিষয় পড়ানো হচ্ছে? ০ প্রচলিত কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলের নামের আড়ালে কোনো জঙ্গি প্রতিষ্ঠান চলছে কি না? ০ স্কুলগুলোতে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে কি না? আমরা নিজেরাই তো সচেতন নই। আমরা তো কখনো খোঁজ নিইনি, আমাদের ঘরের পাশের স্কুলটিতে কী পড়ানো হচ্ছে। হায়রে দেশ! হায়রে দেশের অভাগা মানুষ! যাদের হাতে গড়ে উঠবে দেশের ভবিষ্যৎ, পৃথিবীর বুকে যারা দেশকে পরিচিত করবে, প্রতিনিধিত্ব করবে, তারাই কিনা দেশের গৌরবগাথা ইতিহাসকে ব্যঙ্গ করে। এভাবে চলতে থাকলে ইতিহাসসুদ্ধ আমরা তলিয়ে যাব। টিকে থাকবে ভ্রান্ত ধারণা, কুশিক্ষা আর দেশের প্রতি বিদ্বেষ।সরকারের কাছে তাই জোরালো দাবি জানাচ্ছি— ০ প্রতিটি বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়ানো বাধ্যতামূলক করে আইন পাস করা হোক।০ আইনটি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হোক। ০ দেশের ছদ্মনামী মাদ্রাসাগুলোকে চিহ্নিত করে এই ব্যবস্থা কঠোরভাবে প্রয়োগ করা হোক।০ প্রাথমিকভাবে শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি সরকারিভাবে ছাপিয়ে তা বিদ্যালয়গুলোতে সরবরাহ করা যেতে পারে।সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন, যারা দেশের প্রাণ, নতুন সেই প্রজন্মকে বাঁচান, সঠিক ইতিহাস জানা থেকে ওদের বঞ্চিত করবেন না। অনেক আগেই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাহলে আর আজ এভাবে দেশের সন্তানের কাছে চরমভাবে অপমানিত হতো না দেশের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের মহান আদর্শ। রেশমা খাতুন প্রভাষক, আইন বিভাগ, গণবিশ্ববিদ্যালয় সাভার, ঢাকা।অপরিচ্ছন্ন মিরপুরমিরপুর একটি আদর্শ সরকারি আবাসিক এলাকা। এখানে প্রতিটি প্লট প্রাথমিকভাবে সরকার কর্তৃক বরাদ্দকৃত, যদিও পরবর্তী সময়ে বহু হাতবদল হয়েছে। এলাকাটি মিরপুর ও পল্লবী থানার অন্তর্গত। মূল পরিকল্পনায় প্রধান সড়ক, লেন, বাইলেন, স্কুল-কলেজ, বিনোদনের মাঠ ইত্যাদি অত্যন্ত সুষম ও পরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু যত্রতত্র অস্থায়ী স্থাপনা, ফুটপাতে দোকানপাট ও নোংরা পরিবেশ এখন মিরপুরের মূল চিত্র। অথচ গুলশান, বনানী ও ধানমন্ডির মতোই মিরপুরও একটি পরিকল্পিত আবাসিক এলাকা! যথেষ্টসংখ্যক প্রশস্ত সড়ক রয়েছে এই এলাকায়, কিন্তু সেগুলোর রক্ষণাবেক্ষণ আর ব্যবহার দারুণ অগোছালো। রিকশার দৌরাত্ম্য এখানে সর্বোচ্চ, আইনকানুনের কোনো বালাই নেই। দেশের একমাত্র আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম ও সুইমিংপুল এখানেই অবস্থিত। এ ছাড়া জাতীয় ক্রিকেট স্টেডিয়ামটিও এখানে। বলা বাহুল্য, আগামী বছরের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনীসহ বেশ কয়েকটি ম্যাচ এই সেটডিয়ামেই অনুষ্ঠিত হবে। জাতীয় চিড়িয়াখানা, গ্রামীণ ব্যাংক, প্রশিকার প্রধান কার্যালয়সহ দেশ-বিদেশের সামরিক কর্মকর্তাদের জন্য দেশের একমাত্র ডিফেন্স স্টাফ কলেজটিও এখানে। দেশের প্রখ্যাত শপিংমলগুলোর সব কয়টির শাখাই এখন মিরপুরে উপস্থিত। তৈরি পোশাকশিল্পের একটি বড় অংশও এ এলাকায়। মিরপুর ডিফেন্স কলেজের পাশে অত্যাধুনিক ডিওএইচএস আবাসিক প্রকল্প। মিরপুরে আছে বিশাল বেনারসিপল্লি। বেনারসির বিপণি এলাকাটি খানাখন্দে ভরা।মিরপুরের ট্রাফিক-ব্যবস্থা বেহাল, পরিবেশ নোংরা। অথচ রাজধানীর অন্যান্য এলাকার চেয়ে এ এলাকার রাস্তার সংখ্যা বেশি ও প্রশস্ত। এ এলাকার প্রতিটি বাড়িই একাধিক রাস্তা দ্বারা পরিবেষ্টিত। মিরপুরকে আদর্শ এলাকায় রূপান্তরিত করতে এসব পদক্ষেপ নেওয়া যেতে পারে: প্রশস্ত প্রধান সড়কগুলোতে দুই ফুট উঁচু প্রাচীরঘেরা স্থায়ী আলাদা রিকশা লেন তৈরি করা। এর বাইরে রিকশার অবস্থান তাৎক্ষণিক জরিমানাযোগ্য্য অপরাধ বলে গণ্য হবে। ফুটপাতগুলো হকারমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত পরিচ্ছন্ন অভিযান নিশ্চিত করতে হবে। অনতিবিলম্বে ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর ব্যবস্থা করতে হবে। মিরপুর মাজারসংলগ্ন সড়কটির ওপর থেকে পাইকারি ও খুচরা কাঁচাবাজারটি সরাতে হবে। সড়কদ্বীপগুলোতে আরও শক্ত ও মজবুত স্থায়ী বেড়া বসিয়ে সড়ক পারাপারে ওভারব্রিজ ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি, এলাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে হবে।উপরিউক্ত সমস্যাগুলো সরকার বা জনপ্রতিনিধিদের দিয়ে হয়তো বাস্তবায়ন সম্ভব, তবে জনগণের স্বতঃস্ফূর্ততা এবং সহযোগিতাও প্রয়োজন। আমরা নাগরিকেরা এলাকার নোংরা ও বিশৃঙ্খল অবস্থার জন্য কম দায়ী নই। প্রত্যেক নাগরিককে দায়িত্ব-কর্তব্য সম্বন্ধে সচেতন হতে হবে। যখনই কোনো অনিয়ম দেখা যাবে, সঙ্গে সঙ্গে তার প্রতিকারের উদ্যোগ নিতে হবে।নজরুল খান, মিরপুর, ঢাকা। nikhan5594@yahoo.comরংপুর বিভাগের উন্নয়ন ও সম্ভাবনাগত ২৫ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে রংপুর বিভাগ গঠনের সিদ্ধান্ত হয়। ১০ মার্চ রাজশাহী বিভাগের ১৬টি জেলার মোট আটটি জেলা নিয়ে গঠিত হয় রংপুর বিভাগ। দেশের সাতটি বিভাগের মধ্যে সপ্তম বিভাগ রংপুরের লোকসংখ্যা দেড় কোটি। এর ৬৪ শতাংশের অবস্থান দারিদ্র্যসীমার নিচে। অথচ বৃহত্তর রংপুর-দিনাজপুরকে শস্যভান্ডার বলা হয়। দেড় কোটি লোকের বার্ষিক খাদ্যশস্য প্রয়োজন পাঁচ লাখ মেট্রিক টন আর উৎপাদিত হচ্ছে ১০ লাখ মেট্রিক টন। তবু এই বিভাগের অর্ধেকের বেশি মানুষ কেন দারিদ্র্যসীমার নিচে রয়েছে বা থাকবে, এটি একটি বড় জিজ্ঞাসা। রংপুর বিভাগের সার্বিক উন্নয়নের পথ সুগম করতে প্রথমেই প্রয়োজন কুড়িগ্রাম জেলার নদ-নদীর ভাঙন রোধে টেকসই পরিকল্পনা এবং তা বাস্তবায়ন; যোগাযোগের ক্ষেত্রে গাইবান্ধা জেলার বালসীঘাট ও জামালপুর জেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর ওপর রেল ও সড়ক সেতু নির্মাণ করা; পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর-ঢাকা আন্তনগর ট্রেন চালু করা এবং বাংলাবান্ধা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করে তা সার্বক্ষণিক চালু রাখা এবং উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণে জেলায় জেলায় হিমাগার স্থাপন। একটি জাতির শক্তিশালী ভিত স্থাপনে যে দুটি খাত সরাসরি কাজ করে, তার একটি হলো শিক্ষা, অন্যটি সংস্কৃতি। শিক্ষা আর সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠে জাতির মজবুত ভিত্তি। এ ক্ষেত্রে দেশের শত্রুরা উত্তরাঞ্চলের অভাব-অনটনকে পুঁজি করে বিভিন্ন এলাকায় শিক্ষার নামে ব্যাঙের ছাতার মতো গড়ে তুলেছে গোপন ঘাঁটি, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা তৈরি করছে জঙ্গিবাহিনী। ফলে পত্রিকা খুললেই চোখে পড়ে বিভাগের বিভিন্ন জেলার লোমহর্ষক কাহিনি, যা গোটা রংপুর অঞ্চল তথা সারা দেশের জন্য দুঃখজনক। এ ক্ষেত্রে এই বিভাগের সব জেলায় শিক্ষা উন্নয়নে সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ, মাদ্রাসা-মক্তব, পাঠাগারকে ‘ক্রীড়া ও সাংস্কৃতিক’ অঙ্গন হিসেবে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে প্রাতিষ্ঠানিক রূপদানে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এটা সময়ের দাবি। এ দাবি বাস্তবায়নে দেশপ্রেমিক সব মানুষকে থাকতে হবে ঐক্যবদ্ধ, এগিয়ে যেতে হবে হাতে হাত ধরে। উন্নয়নের স্বার্থে, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে দলমত-নির্বিশেষে সব রাজনৈতিক সংকীর্ণতা পরিহার করাই হোক গোটা দেশের শান্তিকামী জনমানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও সংস্কৃতি।আমরা চাই সপ্তম বিভাগের সার্বিক উন্নয়ন, চাই পরিকল্পিত ও টেকসই বঙ্গবন্ধুর সোনার দেশ, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। রহিম আব্দুর রহিমmd.rahim31@yahoo.comপলিটেকনিকে ভর্তিএবারই প্রথম অনলাইনে আবেদনের মাধ্যমে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি করা হচ্ছে। অনলাইনে আবেদন করে টেলিটক সংযোগের মাধ্যমে ২০০ টাকা ফি পাঠিয়ে পরীক্ষার্থীরা আবেদন করেছেন। গত ২৩ জুলাই প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ২৯ জুলাই অনলাইনে ফল প্রকাশিত হয়েছে। ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত মেধাতালিকা থেকে ভর্তি করা হয়েছে এবং ১১ আগস্ট শুরু হয়েছিল অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির প্রক্রিয়া।দ্বিতীয় শিফটের জন্য আবার ২০০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হয়েছে এবং এই শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর অনলাইনে দ্বিতীয় শিফটের ফলাফল প্রকাশিত হয়েছে এবং ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মেধাতালিকা থেকে ভর্তি করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুরু হবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা।কিন্তু পলিটেকনিকের দুই শিফটের কোনো শিফটেরই অপেক্ষমাণ তালিকার সিরিয়াল নম্বর দেওয়া হয়নি। ট্র্যাক নম্বর দিয়ে অনলাইনে ফলাফল জানতে চাইলে লেখা আসে—আপনি অপেক্ষমাণ তালিকায় আছেন। অপেক্ষমাণ তালিকায় কত নম্বরে, সেটা জানা যাচ্ছে না। প্রথম শিফটের অপেক্ষমাণ তালিকার চার-পাঁচবার ফলাফল প্রকাশিত হলেও প্রতিবারই ফলাফল জানতে চাইলে লেখা আসে—আপনি এখনো অপেক্ষমাণ তালিকায় আছেন। অপেক্ষমাণ তালিকার ক্রমিক নম্বর কেন দেওয়া হচ্ছে না, সেটা বোধগম্য নয়। অপেক্ষমাণ তালিকায় প্রথম দিকে থাকলে ভর্তির সুযোগ পাওয়া যায়, কিন্তু শেষের দিকে থাকলে ভর্তির সুযোগ নেই বললেই চলে। একজন শিক্ষার্থী আর কত দিন অপেক্ষা করবেন? তিনি যদি জানতে পারেন তাঁর ক্রমিক নম্বর কত এবং সেটা যদি সবার শেষে হয়, তাহলে আর অপেক্ষা না করে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন। এদিকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ। এমনও শোনা যাচ্ছে, ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিগগিরই অপেক্ষমাণ তালিকার ক্রমিক নম্বর প্রকাশ করে তাঁদের এই অনিশ্চিত অবস্থার অবসান ঘটাতে।মো. আমিনুর রহমানশাবিপ্রবি, সিলেট।বিশ্ববিদ্যালয়ে ভর্তির ডিজিটাল উদ্যোগভোগান্তি কমাতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবার অনলাইনে বা মুঠোফোনে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করছে। এতে ফরম পূরণে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ভোগান্তিতে পড়বেন না শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনলাইনে ফরম ছেড়েছে। কিন্তু ফরমের সঙ্গে প্রয়োজন হবে একটি omr ফরম, যা ঢাকায় জনতা ব্যাংকের চারটি শাখা ও বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এতে ফরম পেলেও মূল্য জমা দিয়ে omr সংগ্রহের জন্য শিক্ষার্থীকে অবশ্যই ঢাকায় যেতে হবে। কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, সহজীকরণের এ কেমন উদ্যোগ একটু ভেবে দেখবেন। অনতিবিলম্বে omr ফরম সারা দেশের ব্যাংকগুলোতে পৌঁছানো দরকার। অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো নিজ স্থানে থেকে আবেদনের ব্যবস্থা না করলে ডিজিটাল উদ্যোগের সুফল এক থাবায় গ্রাস করবে অ্যানালগ।নেওয়াজ অহমেদফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ একেসিসি, খুলনা।‘অসহায় জাতি মরিছে ডুবিয়া...’মুস্তাফা জামান আব্বাসী ‘গোধূলির ছায়াপথে’ কলামে ১৭ সেপ্টেম্বর প্রথম আলোয় বাঙালি জাতির বিভাজনের ওপর উপরিউক্ত শিরোনামে একটি কলাম লিখেছেন।তিনি লেখা শুরু করেছেন রাজনৈতিক হত্যাকাণ্ডের উল্লেখ করে। এর মধ্যে আছে হানাদার পাকিস্তানিদের বাঙালি নিধনপর্ব, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যাকাণ্ড এবং এর পরেই তিনি এক লাফে জাতির ইতিহাসে কলঙ্কময় নির্মম আরও হত্যাযজ্ঞ যেমন: জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, জিয়া কর্তৃক কর্নেল তাহেরের নির্মম হত্যাকাণ্ড, খালেদ মোশাররফ হত্যাকাণ্ড টপকে জিয়াউর রহমানের বর্বরোচিত হত্যাকাণ্ডের পর্বে চলে এসেছেন। যেন এ দুটি হত্যাকাণ্ডের (বঙ্গবন্ধু ও জিয়া) মূল্যায়নের পরিমাপ এক ও অভিন্ন। এরপর টপকেছেন জিয়ার আমলে সেনাবাহিনীর ভেতরে ঘটে যাওয়া অসংখ্য মুক্তিযোদ্ধার হত্যাকাণ্ড, পরবর্তী সময়ে মঞ্জুর হত্যাকাণ্ড, এরশাদ কর্তৃক আরও অসংখ্য মুক্তিযোদ্ধার নামমাত্র বিচারে বর্বরোচিত হত্যাকাণ্ড। সব শেষে তিনি চলে গেছেন শেখ হাসিনার ওপর উপর্যুপরি আক্রমণ এবং পরে উল্লেখ করেছেন রমনার বটমূলে আক্রমণ, উদীচীর গানের আসরে আক্রমণ। তিনি শেষ করেছেন সাম্প্রতিক কালের বিডিআর বিদ্রোহে নিহত তাঁর ভাষায় শ্রেষ্ঠ সেনা কর্মকর্তাদের ‘আহূতি’ দিয়ে।লেখক উল্লেখ করেছেন, ‘শহীদ জিয়া রক্তের আখরে লিখে গেছেন তাঁর নাম।’ তাঁর কাছে জানতে ইচ্ছে করে, তিনি যে রাজনৈতিক বিভক্তির কথা উল্লেখ করেছেন; ১৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর জিয়ার উত্থান এবং তাঁর সঙ্গে স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ যুদ্ধাপরাধীদের, রাজাকার, মৌলবাদী বুদ্ধিজীবীদের রাজনীতিতে এবং বাংলার সংস্কৃতিতে প্রত্যাবর্তনের যে বাইপাস তৈরি করে জিয়া ‘রক্তের আখরে’ তাঁর নাম লিখে গেছেন, তাঁর সৃষ্ট সেই সাংস্কৃতিক বিভাজনের সমাধান কোন পথে সম্ভব? স্বাধীনতার মৌলিক আদর্শবিচ্যুত সাম্প্রদায়িক রাজনীতির চোরাগলি থেকে অসাম্প্রদায়িক রাজনীতিতে ফেরার উপায় কী?লেখক লিখেছেন, ‘এ দেশ তো সবার। মুক্তিযুদ্ধ করেছেন সবাই। অর্জনের বিভক্তি বিভাজনে। কলকাতায় থেকে যাঁরা গান গেয়ে এসেছিলেন, তাঁরাই যেন হিরো।’ জনাব আব্বাসী অবরুদ্ধ ঢাকা শহরে থেকেছেন, কলকাতা বা ঢাকা ছেড়ে মুক্তাঙ্গনে তিনি যেতে পারেননি। কলকাতা থেকে গান গেয়ে এসেছিলেন বলে তিনি যাঁদের প্রতি ইঙ্গিত করেছেন, তাঁদের প্রতি তাঁর উষ্মা বা ক্ষোভ থাকতেই পারে, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন গণজাগরণীর গান ও তার পরিবেশক, আর স্বাধীনতা-উত্তর গণজাগরণীর গান ও তার পরিবেশকের মূল্য কি এক? অবরুদ্ধ ঢাকা শহরেই বসে কবি শামসুর রাহমান স্বাধীনতার এক অমর কবিতা লিখেছেন। অবরুদ্ধ শহরের অনেক বুদ্ধিজীবী বিজয়ের উষালগ্নে নিহত হয়েছেন—তাঁদের দান আর দখলমুক্তির পর ‘অবদানকারীদের’ দানের তারতম্য হওয়াটা কি অস্বাভাবিক? জনাব আব্বাসী যে গানের বইটির কথা উল্লেখ করেছেন এবং যে বইটি তাঁরা বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছেন ১৭ মার্চ, ১৯৭২-এ, তার কয়টি গান স্বাধীনতাযুদ্ধে গাওয়া হয়েছে? জনগণের মোট কত ভাগ এ সম্পর্কে অবহিত? তিনি রাজনৈতিক বিভাজনের কথা বলেছেন। আসলে এটা রাজনৈতিক বিভাজন নয়, এটা বাঙালি সংস্কৃতি এবং অবলুপ্তপ্রায় ধর্মান্ধ পাকিস্তানি সংস্কৃতির দ্বন্দ্বের বিভাজন মাত্র। ১৯৬৫ সালের তথাকথিত পাক-ভারত যুদ্ধের পরের বছর (১৯৬৬) শেখ মুজিবুর রহমান (তখনো তিনি বঙ্গবন্ধু হননি) ভঙ্গুর ও উদ্ভট রাষ্ট্র পাকিস্তানের পূর্বাংশের সুরক্ষা, রাষ্ট্রীয় পরিচয়, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির সনদ ছয় দফা পেশ করে শুধু আইয়ুব শাহি ও তাঁর তাঁবেদারের চক্ষুশূলে পরিণত হননি, তৎকালীন আওয়ামী লীগেরও অনেক জ্যেষ্ঠ নেতাসহ অনেক পাকিস্তানবাদী সাংস্কৃতিক বশংবদদেরও বিরাগভাজন হয়েছিলেন।কী করে তিনি ধর্মীয় ব্যানারে স্বাধীন বাংলায় রাজনৈতিক দলের পক্ষে অবস্থান গ্রহণ করে লিখতে পারেন, ‘ধর্মের ব্যানারে দল ও ধর্ম অভিন্ন নয়। এদের মধ্যে নির্বাচিত সদস্য কম নয়। ধর্ম যদি টার্গেট হয়, যার আলামত নিশ্চয়ই দৃশ্যযোগ্য, তা হবে বুমেরাং।’?আজকের রাজনীতিতে ধর্মকে টার্গেট করা হচ্ছে—এই ধারণা তাঁর কীভাবে হলো? ধর্মের নামে, জাতের নামে বজ্জাতি করে একাত্তরে যারা গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ করেছে; তাদের বিচার আসন্ন বলে কি? নাকি এর সঙ্গে বর্তমান প্রজন্মের সামনে সূক্ষ্ম সাংস্কৃতিক সাম্প্রদায়িকতার হোতাদের স্বরূপ উদ্ঘাটন হয়ে যাবে বলে?ইশতিয়াক আহমদ, ঢাকা।