তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান

প্রতিহিংসার বদলে পুনর্গঠনই হবে বিচক্ষণতার পরিচয়

তুরস্কের সেনাবাহিনীর শক্তিশালী ক্ষমতা খর্ব হয় ২০০২ সাল থেকে একেপি দলের দফায় দফায় সরকার পরিচালনার মাধ্যমে। এ সময়ে একের পর এক নির্বাচনে বিজয়ী দলটির জনগণের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা সৃষ্টি করে নিয়েছে। এরই প্রমাণ পাওয়া যায় প্রেসিডেন্টের ডাকে জনগণের রাস্তায় নেমে পড়া ও এভাবে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে। এরদোয়ানের সরকার বিরোধী দল, গণমাধ্যম ও কুর্দি সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন চালালেও সংকটের মুহূর্তে দেখা গেল বিরোধী রাজনৈতিক দলও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষেই দাঁড়িয়েছে। 

পরিহাস এই, যে এরদোয়ান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর বিরূপ ছিলেন, অভ্যুত্থানের চেষ্টা শুরু হওয়ার পর এই দুই মাধ্যমই ছিল জনগণের কাছে তাঁর সাহায্য চাওয়ার একমাত্র উপায়। বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যম যে গণতন্ত্রের বন্ধু, তা সব গণতান্ত্রিক শাসকেরই উপলব্ধি করা উচিত। সিরিয়া ও রাশিয়ার সঙ্গে বিরোধ, আইএস নিয়ে সুবিধাবাদী নীতি গ্রহণ এবং কর্তৃত্ববাদী শাসন এরদোয়ানকে বিতর্কিত করেছে। এ পরিস্থিতিই অভ্যুত্থানকারীদের প্ররোচিত করেছে, এ বাস্তবতাও তুরস্কের শাসকদের মানতে হবে।  

বিজয়ী এরদোয়ান এর মধ্যে প্রায় ৩ হাজার সেনাসদস্যকে আটক এবং ২ হাজার ৭০০ বিচারককে বরখাস্ত করে ক্ষমতা সংহত করতে নেমেছেন। রাজনৈতিক প্রতিপক্ষের ওপরও তিনি আরও কঠোরতার আভাস দিচ্ছেন। তুরস্ক এশিয়া তথা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সেতুবন্ধকারী মুসলিম দেশ। সে দেশে উত্তেজনা ও হিংসা বিরাজ করলে তার কুপ্রভাব মুসলিম দুনিয়াতেও পড়বে। প্রতিহিংসার বশবর্তী না হয়ে তুরস্ককে ঐক্যবদ্ধ ও স্থিতিশীলতার দিকে পরিচালনা করাই এখন এরদোয়ানের কাছে প্রত্যাশিত। নতুন পাওয়া সুযোগকে রাজনৈতিক পুনর্গঠনে ব্যয় করাই হবে রাষ্ট্রনায়কের বিচক্ষণতা।