আরসিবিসির অবস্থান গ্রহণযোগ্য নয়

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছিল, তারা যথাসময়ে রিপোর্ট জমা দিলেও সেই রিপোর্টের ভিত্তিতে সরকার কী ব্যবস্থা নিয়েছে, জানা নেই। প্রথম আলোর খবর থেকে জানা যায়, ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) বলেছে, তারা বাংলাদেশকে আর কোনো অর্থ দেবে না। তাদের এই অবস্থান গ্রহণযোগ্য নয়।
রিজাল ব্যাংক অর্থ ফেরত দেবে নাআরসিবিসি অস্বীকার করতে পারবে না যে ওই ব্যাংকের মাধ্যমেই ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হাতবদল হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ আরসিবিসিতে জমা হওয়ার পর তা সরিয়ে ফেলা হয়েছে। সে ক্ষেত্রে ব্যাংকটি দায় এড়াবে কীভাবে? আরসিবিসি যেই দায় থেকে আংশিক অর্থ ফেরত দিয়েছে, সেই দায় থেকে বাকি অর্থও ফেরত দিতে হবে। আইনমন্ত্রীর নেতৃত্বে যে প্রতিনিধিদল ফিলিপাইনে গিয়েছিল, তারা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেই কথাই বলে এসেছে। চুরির মাল যেই প্রতিষ্ঠানে পাওয়া যায়, সেই প্রতিষ্ঠান চুরির দায় এড়াতে পারে না।
চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেলেও ফিলিপাইনে পাচার হওয়া অর্থের সিংহভাগই উদ্ধার করা সম্ভব হয়নি।
এ অবস্থায় ফিলিপাইনের কাছে আমাদের দাবি জারি রাখতে হবে। একই সঙ্গে তদন্ত রিপোর্টের আলোকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংক যে ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাও গ্রহণযোগ্য নয়। তদন্ত কমিটির দায়িত্ব ছিল কী প্রক্রিয়ায় রিজার্ভের অর্থ চুরি হয়েছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সহযোগিতা বা দায়িত্বে অবহেলা ছিল কি না, সেটি বের করা।
মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি বাংলাদেশ ব্যাংক তথা দেশের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত উন্নয়নসহ বেশ কিছু সুপারিশ করেছিল বলে গণমাধ্যমে খবর এসেছিল। কিন্তু সেই সুপারিশগুলো বাস্তবায়নেই বা সংশ্লিষ্ট ব্যক্তিরা কী করেছেন, সেটি জানার অধিকার দেশবাসীর আছে। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে চুরি যাওয়া অর্থ উদ্ধারের প্রয়াসও অব্যাহত রাখতে হবে।