আধুনিক ব্যবস্থাপনা ছাড়া কোনো ক্ষেত্রেই উন্নতি সম্ভব নয়। সরকার সেদিকে মনোযোগ দিয়েছে বলেই নানা খাতকে আধুনিকায়ন করছে। তবে সেদিক দিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রগুলো পিছিয়ে আছে বলা যায়। নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হলেও সেগুলো সমস্যায় জর্জরিত।
মহেশখালীসহ আরও কয়েকটি জায়গায় মৎস্য অবতরণ কেন্দ্র হয়নি এখনো। আবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মহিপুরে একটি মৎস্য অবতরণ কেন্দ্র হলেও সেটি চালু হয়নি। ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাটি এক বছরের বেশি সময় ধরে পড়ে আছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ২০২১ সালের ২০ সেপ্টেম্বর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রটির উদ্বোধন করেন। আধুনিক এ মৎস্য বিক্রয়কেন্দ্রে রয়েছে ট্রলার থেকে মাছ নামানোর জন্য পন্টুন ও গ্যাংওয়ে, এক হাজার বর্গফুটের অকশন শেড এলাকা, প্যাকেজিং সেট, আড়তদার কক্ষ, বরফকল, জেনারেটর কক্ষ, অফিস ভবন, পয়োনিষ্কাশন–সুবিধা, মাছ পরিবহনের জন্য সাত হাজার বর্গফুটের একটি ট্রাকস্ট্যান্ড ও আবাসিক কোয়ার্টার। লোকবলও নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রটি তালাবদ্ধ হয়ে পড়ে আছে।
কেন্দ্রটি চালু না হওয়ার কারণ হচ্ছে, সেটির আয়তন কম এবং সব আড়তদার জায়গা না পাওয়ায় সেখানে যেতে মাছ ব্যবসায়ীরা আগ্রহী হচ্ছেন না। স্থানীয় জেলেরাও সেখানে যাচ্ছেন না।
মৌসুমের সময় শত শত ট্রলার সাগর থেকে মাছ নিয়ে আসে। কিন্তু কেন্দ্রে এতগুলো ট্রলার ভেড়ানোর কোনো সুবিধা নেই। আড়তদারদের বক্তব্য, ‘জায়গা ছোট। মহিপুরে ৮০ জন আড়তদার রয়েছেন। আর অবতরণ কেন্দ্রে জায়গা হয়েছে ৪০ জনের। জেলে, শ্রমিক, পাইকার, আড়তদার মিলে মৌসুমে তিন থেকে চার হাজার লোক থাকেন মহিপুর মাছের বাজারে। মৎস্য অবতরণ কেন্দ্রে এত লোকের অবস্থান অসম্ভব।’
কেন্দ্রটির কর্তৃপক্ষ জানাচ্ছে, ‘মহিপুর মৎস্য বন্দর নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তাঁদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী অবতরণ কেন্দ্রটির আয়তন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।’
বোঝাই যাচ্ছে, মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু করা এখন সময়সাপেক্ষ। ২০১২ সালে উদ্যোগ নিয়ে এ মৎস্য অবতরণ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করতে মৎস্য উন্নয়ন করপোরেশনের ৯ বছর লেগে গেছে।
এত সময় নেওয়ার পরও কেন সম্ভাব্যতা যাচাই করা হয়নি? সেটি যদি করা হয়ে থাকে, এ সমস্যা হওয়ার তো কথা নয়। কোটি কোটি টাকা খরচ করে প্রকল্পটি নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়া সত্যিই দুঃখজনক। আমরা আশা করছি, মৎস্য অবতরণ কেন্দ্রটি বর্ধিত ও সংস্কার করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।