সম্পাদকীয়
সম্পাদকীয়

নিজ গৃহে পরবাসী আঠারো গ্রাম

ভূমিসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করুন

দেশে জনসংখ্যার হিসাবে সংখ্যালঘু খ্রিষ্টধর্মাবলম্বীরা একেবারেই কম। সর্বশেষ জনশুমারির প্রাথমিক প্রতিবেদন অনুসারে, সেটি শূন্য দশমিক
৩০ শতাংশ। খ্রিষ্টান জনগোষ্ঠীর প্রসঙ্গ এলে অনেকে ঢাকার অদূরে নবাবগঞ্জ উপজেলার আঠারো গ্রামের কথা বলে থাকেন। সুশৃঙ্খল ও গোছানো গ্রাম হিসেবে অনেকবারই সংবাদমাধ্যমে প্রশংসিত হয়েছে খ্রিষ্টান-অধ্যুষিত এ এলাকা। তবে জমি নিয়ে আইনি জটিলতায় সেখানকার বাসিন্দারা যেন নিজ গৃহেই পরবাসী হয়ে আছেন। বছরের পর বছর ধরে ভুক্তভোগী হতে হতে তাঁরা হতাশ। 

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, প্রাচীন এই খ্রিষ্টান জনপদে বর্তমান জনসংখ্যা প্রায় ১৫ হাজার। তবে অর্ধেকের মতো বাসিন্দা তাঁদের বাপ-দাদার আমলের বসতবাড়ির জায়গা নিয়ে পড়েছেন আইনি জটিলতায়। তাঁদের মাঠের জমি, এমনকি বসতবাড়ির অংশবিশেষ বা পুরোটাই নানা কারণে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়ে গেছে। দেখা যাচ্ছে সিএস, এসএ, আরএস কোনো খতিয়ানেই তাদের বেশির ভাগ জমি অর্পিত সম্পত্তির তালিকায় নেই। এরপরও অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকাভুক্ত হয়ে পড়েছে সেগুলো। অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত হওয়া জমিগুলো নিয়ে জটিলতার অনেকটা নিষ্পত্তি হয়েছে ঠিকই, তবে সেখানেও অনেক ঝামেলা থেকে গেছে। সেই তালিকার জমি নিয়েও অনেকে ভুক্তভোগী। 

আইনি জটিলতা থাকায় প্রয়োজনের সময় জমি বিক্রি করা সম্ভব হয় না। এমনকি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা নিয়েও আরও বেশি জটিলতা তৈরি হচ্ছে। আঠারো গ্রামের এক প্রবীণ বাসিন্দা ও টানা প্রায় ৪০ বছর ইউপি সদস্য থাকা টমাস রোজারিও জানালেন, এমনও ঘটনা আছে যে কারও ১০০ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ অর্পিত সম্পত্তির খতিয়ানে উঠে গেছে। ফলে পুরো জমিরই খাজনা দিতে পারছেন না। সমস্যা সমাধানের একমাত্র পথ মামলা করা। আর এসব মামলায় কেবল কালক্ষেপণই হতে থাকে। এসব মামলায় সরকারপক্ষের কৌঁসুলি উপস্থিত না থাকায় বারবার তারিখ পড়তে থাকে। আবার মামলায় রায় পেলেও জমি পাওয়া যায় না, আইনি জটিলতা আরও দীর্ঘ হতে থাকে। 

মূলত অর্পিত সম্পত্তির তালিকাভুক্তি হয়ে গোটা দেশেই জমি নিয়ে এমন আইনি জটিলতা তৈরি হয়েছে। এর নিষ্পত্তির জন্য স্থানীয় প্রশাসনে একটি ট্রাইব্যুনাল তৈরি হলেও সেখান থেকে শিগগির কোনো সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। প্রশাসনিকভাবে সদিচ্ছার অভাব ও মামলা পরিচালনায় ধীরগতিই এর কারণ। তবে ইতিমধ্যে ঢাকা জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন, যাঁরা রায় পেয়েছেন, তাঁদের জমি যেন অবিলম্বে তালিকা থেকে মুক্ত করে দেওয়া হয়। আমরা তাঁর কথায় আস্থা রাখতে চাই। নবাবগঞ্জের আঠারো গ্রামের জমি নিয়ে দীর্ঘ সময়ের এই ভোগান্তির দ্রুত নিষ্পত্তি হোক।