বিরোধী দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের কর্মসূচি নিয়ে কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। নগরবাসীর ভোগান্তি কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্মদিবসে মহানগরীতে সভা–সমাবেশ না করার যে পরামর্শ দিয়েছে, তা যৌক্তিক বলে মনে করি।
কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে কাণ্ডজ্ঞানের পরিচয় দিতে হবে। যাঁরা জনগণের জন্য রাজনীতি করেন, তাঁরা যদি কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে তাঁদের দুর্ভোগের বিষয়টি আমলে না নেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডিএমপি শুক্রবার বিএনপিকে নয়াপল্টনে ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।
এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোও আগের মতো নির্দিষ্ট দিন সমাবেশ করার জন্য জোর করেনি। তারা ডিএমপির সিদ্ধান্ত মেনে নিয়েছে। তবে ক্ষমতাসীন দলের তিন সহযোগী সংগঠন তারুণ্যের সমাবেশ করার নামে যে তুঘলকি কাণ্ড দেখাল, তাতে তাদের রাজনৈতিক অস্থিরতাই প্রমাণ করেছে। তিন–তিনবার তারা সমাবেশের স্থান বদল করেছে।
রাজনৈতিক দল কিংবা এর সহযোগী সংগঠনগুলোর সমাবেশ ডাকার উদ্দেশ্য জনগণকে তাদের নীতি-পরিকল্পনার কথা জানানো। কিন্তু সাম্প্রতিক কালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি দেখে মনে হয়, তাদের নিজস্ব কোনো নীতি-পরিকল্পনা নেই।
বিরোধী দল বিএনপি কর্মসূচি নিলে তারাও অনুরূপ কর্মসূচি নিয়ে থাকে। একই দিন কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে তারা যেসব যুক্তি দেখায়, তা–ও হাস্যকর। কর্মসূচির নামে বিরোধী দল সংঘাত করতে পারে, সেটা ঠেকাতেই নাকি তাদের মাঠে থাকার প্রয়োজন। এভাবে আইনশৃঙ্খলা রক্ষা ও আইন প্রয়োগের কাজটি সরকারি দল করলে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কেন? এর মাধ্যমে তো তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অনাস্থা প্রকাশ করল। একইভাবে বিরোধী দলও যদি সন্ত্রাস মোকাবিলার দায়িত্ব নেয়, কী পরিস্থিতি দাঁড়াবে?
বৃহস্পতিবার দুপুরে বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে, তাদের সাড়ে তিন শ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিএনপির মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে দুই দিন ধরেই বাইরে থেকে ঢাকায় দলীয় নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। তাঁদের কেউ কেউ আত্মীয়স্বজন ও বন্ধুদের বাসায় উঠলেও বেশির ভাগই আশ্রয় নিয়েছেন হোটেলে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের নামে মামলা আছে। মামলা থাকলেই প্রমাণ হয় না তাঁরা অপরাধ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে, জানমালের ক্ষতি করলে, ভাঙচুর করলে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে, শান্তিশৃঙ্খলা বিনষ্ট করলে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। এর অর্থ এই নয় যে হোটেল, বাস-মাইক্রোবাস ইত্যাদি থেকে বিরোধী দলের নেতা-কর্মীদের পাইকারি গ্রেপ্তার করতে হবে।
সমাবেশকে কেন্দ্র করে একটি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এভাবে গ্রেপ্তার অভিযান চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। আশা করি, আইন প্রয়োগের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।
তবে তারা নিরপেক্ষ থাকলেই যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, তা হলফ করে বলা যায় না। এ ক্ষেত্রে রাজনৈতিক পক্ষগুলোকেও সংযত আচরণ করতে হবে। সমাবেশকে কেন্দ্র করে কোনোভাবে যাতে পরিস্থিতি অশান্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।