সম্পাদকীয়
সম্পাদকীয়

স্থানীয় সরকারের কথার কামান

শুধু বৈঠক ও নির্দেশনায় মশা মরবে না

মশা মারতে কামান দাগা বলে যে বাগ্‌ধারাটি আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় তার উল্টো প্রয়োগেই অভ্যস্ত। মশা মারতে কামান দাগার অর্থ হলো তুচ্ছ কাজে বেশি শক্তি প্রয়োগ। আর সারা দেশে যখন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় বৈঠক করে, নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করছে। সেই নির্দেশনা পালিত হচ্ছে কি না, সেসব তদারক করার সদিচ্ছা বা সামর্থ্য কোনোটাই তাদের নেই।

গত ১৯ জুলাই স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার শূককীট বা লার্ভা পাওয়া গেলে প্রথমবার ভবনমালিককে সতর্ক করা এবং দ্বিতীয়বার জরিমানা করা হবে। ডেঙ্গুতে যখন সাড়ে আট শর বেশি মানুষ মারা গেলেন, তখন এই ধরনের সিদ্ধান্তের কী যুক্তি থাকতে পারে? তারা আগে এ ধরনের সিদ্ধান্ত নিলে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক কমানো যেত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলো মশা মারতে বাতাসে ওষুধ ছিটানোর যে পদ্ধতি ব্যবহার করে আসছে, তা কার্যকর নয়। বাতাসে ওষুধ ছিটালে মশা তাৎক্ষণিকভাবে অন্য এলাকায় আশ্রয় নিলেও আবার আগের স্থানে ফিরে আসে।

গত জানুয়ারি মাসে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম যুক্তরাষ্ট্রের মিয়ামি শহর পরিদর্শন করে দেখেছেন, সেখানেও মশার উৎসস্থল ধ্বংসের জন্য লার্ভিসাইডিং করে থাকে। কলকাতা সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে ২০১০ সালে সফলতা পেয়েছে। আর আমরা ২০২৩ সালে এসেও অন্ধকারে ঢিল ছুড়ছি।

জনস্বাস্থ্য রক্ষা স্থানীয় সরকার বিভাগের অন্যতম দায়িত্ব হলেও তারা সেটি পালন করছে না। এই খাতে তাদের বরাদ্দও কম। স্থানীয় সরকার বিভাগ বলেছে, ১২টি সিটি করপোরেশনে গত চার অর্থবছরে ১৮৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি টাকা। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সাধারণ সম্পাদক খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, পৌরসভার নিজস্ব টাকা দিয়ে মশা নিধন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হয়, তাতে কিছু হয় না।

ডেঙ্গু রোধে ২০২১ সালে স্থানীয় সরকার বিভাগ থেকে যে নির্দেশিকা তৈরি করা হয়েছিল, তা কাগজপত্রেই সীমিত আছে। স্থানীয় সরকার বিভাগে প্রথম আলোর প্রতিবেদক সরেজমিনে দেখতে পেয়েছেন, বেশির ভাগ কর্মকর্তা ব্যস্ত দৈনন্দিন কাজ ও স্থানীয় সরকার দিবস উদ্‌যাপনের অনুষ্ঠান আয়োজনে।

স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা নির্দেশিকায় জাতীয় পর্যায়ে, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠনের কথা বলা হয়েছে। বাস্তবে অনেক স্থানে কমিটিই হয়নি। আবার যেখানে কমিটি হয়েছে, সেখানেও বৈঠক হয় না, বৈঠক হলেও তাদের একমাত্র কাজ হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিবাচক চিত্র তুলে ধরা।

স্থানীয় সরকার বিভাগ কর্মকর্তাদের বুঝতে হবে, কেবল বৈঠক ও নির্দেশনায় মশা মরবে না। ডেঙ্গুর প্রাদুর্ভাবও কমবে না। ডেঙ্গুর প্রকোপ দূর করতে হলে বাংলাদেশেও কলকাতা ও মিয়ামির মতো এডিস মশার উৎসস্থলগুলো ধ্বংস করতে হবে। জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।