সরকারের নীতিনির্ধারকেরা যখন দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা বলছেন, তখন প্রথম আলোর অনুসন্ধানী খবর বের হলো, চাকরির বাজার মন্দা: নতুন বিনিয়োগে স্থবিরতা।
বলা বাহুল্য, করোনা মহামারির কারণে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যে এক দফা ধস নামে। ২০২২ সালে সেই পরিস্থিতি কাটিয়ে না উঠতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে আরও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়; যার মারাত্মক অভিঘাত পড়ে বাংলাদেশের ওপরও।
সবল অর্থনীতির দেশগুলোকে যেখানে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে দুর্বল ও আমদানিনির্ভর দেশগুলোর জন্য পরিস্থিতি কতটা নাজুক হতে পারে, তা অনুমান করা কঠিন নয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে।
প্রথম আলোর খবর থেকে জানা যায়, গত এক বছরে দেশে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ৬৭ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ঋণপত্র খোলা হয়েছিল ৪২৬ কোটি ডলারের। ২০২২-২৩ অর্থবছরে সেটি নেমে এসেছে ১৪১ কোটি ডলারে (জুলাই-জানুয়ারি পর্যন্ত)। জ্বালানি-সংকটের কারণে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে ডলার-সংকটের কারণে মূলধনি যন্ত্রপাতি আমদানি করা যাচ্ছে না। এ অবস্থায় শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার আশা করা যায় না। শিল্পোদ্যোক্তারা নতুন বিনিয়োগ দূরের কথা, শিল্প টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন।
নতুন কোম্পানি, ফার্ম, অংশীদারি প্রতিষ্ঠান—এসবের নিবন্ধন আগের চেয়ে কমেছে। তিন বছর ধরেই এই প্রবণতা চলছে। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধন পরিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ১৪ হাজার ৮২৬টি কোম্পানি, ফার্ম, অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে। ওই বছরের তুলনায় পরের বছর নিবন্ধনসংখ্যা দেড় হাজার কমেছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মাত্র ৬ হাজার ৫৭৬টি প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে। এর মানে হলো, উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ কমেছে, যা কর্মসংস্থানে প্রভাব ফেলেছে।
বিভিন্ন কারখানায় নানা কারণে কর্মীদের ছেড়ে যাওয়া পদগুলো পূরণ করছেন না শিল্পমালিকেরা। নিট পোশাকমালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, খরচ বেড়ে যাওয়ায় পোশাক খাতে কয়েক মাস ধরে নতুন নিয়োগ বন্ধ আছে। এমনকি কেউ চাকরি ছেড়ে চলে গেলেও সেই পদে নতুন কাউকে নেওয়া হচ্ছে না। প্রতি মাসে ৫ থেকে ১০ শতাংশ শ্রমিক না জানিয়েই বাড়ি চলে যান।
এ অবস্থা কেবল তৈরি পোশাকশিল্পে নয়। আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক বেশির ভাগ খাতেই নতুন করে বিনিয়োগ হচ্ছে না। বাংলাদেশের অর্থনীতি পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যায়নি বলে সরকারের নীতিনির্ধারকেরা আত্মসন্তুষ্টি প্রকাশ করছেন। কিন্তু দেশে বিনিয়োগ না বাড়লে, নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠিত না হলে পরিস্থিতি কোথায় দাঁড়াবে, তা কি তাঁরা ভেবে দেখেছেন? আইএমএফের সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ নিয়ে সরকার আপাতত পরিস্থিতি সামাল দিয়েছে। যদি মূলধনি যন্ত্রপাতি আমদানি কমতেই থাকে, তাহলে শিল্প খাতে মারাত্মক বিরূপ প্রভাব পড়বে।
অতএব, অর্থনীতিকে সচল ও সজীব রাখতে বিনিয়োগের বাধাগুলো দূর করার বিকল্প নেই। সরকার যদি মনে করে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো, শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন? ডলার–সংকটের ক্ষেত্রেও একই প্রশ্ন। মূলধনি যন্ত্রপাতি আমদানি বাড়াতে পারলে শিল্পোদ্যোক্তাও নতুন বিনিয়োগ আকৃষ্ট হবেন। আর বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।