সম্পাদকীয়
সম্পাদকীয়

বরাদ্দের চাল আত্মসাৎ

জেলেরা আর কত অবহেলার শিকার হবেন

ইলিশ মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় জেলেদের পুনর্বাসন কর্মসূচি চালু রয়েছে। এ কর্মসূচিতে প্রত্যেক জেলের জন্য যে ২৫ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়, তা তাঁদের জীবনধারণের প্রয়োজনের তুলনায় যৎসামান্য। কিন্তু সরকারি বরাদ্দের সেই চালও যদি তাঁরা ঠিকমতো না পান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি তা আত্মসাৎ করেন—এর চেয়ে বেদনাদায়ক ঘটনা আর কী হতে পারে।

প্রথম আলোর খবর জানাচ্ছে, প্রজনন মৌসুমে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের যে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা ভোলায়, অনেক দুস্থ জেলেই সেই চাল পাননি। এমনকি কার্ডধারী কিছু জেলেও সেই চাল পাননি। আবার যাঁরা চাল পেয়েছেন, তাঁদের অনেককে কম চাল দেওয়া হয়েছে। সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো, এ ঘটনা শুধু একটি বা দুটি ইউনিয়নেই ঘটেনি।

ভোলায় মোট নিবন্ধিত জেলে আছেন ১ লাখ ৬৫ হাজার। এর মধ্যে কার্ডধারী জেলে ১ লাখ ৩৫ হাজার। অথচ চাল বরাদ্দ পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৯৯ জন জেলে। এ হিসাবই বলে দেয়, প্রায় ৩২ হাজার জেলে সরকারি সাহায্যের বাইরে থেকে গেছেন।

নদী, মোহনা ও সমুদ্রে মাছ ধরা প্রান্তিক জেলেরা একুশ শতকে এসেও অনেকটা ‘জলদাসের’ জীবন কাটাতে বাধ্য হন। বছরে তিন দফায় মোট ১৪৮ দিন তাঁদের বেকার থাকতে হয়। এ সময়টাতে সরকারি বরাদ্দের চালটুকু তাঁদের জন্য অনেক কিছু।

দৌলতখান ইউনিয়নের ভবানীপুর ইউনিয়নের কার্ডধারী হয়েও চাল না পাওয়া জেলে আবদুল মান্নানের বক্তব্য থেকে আমাদের বুঝতে অসুবিধা হয় না, সরকারি বরাদ্দের ২৫ কেজি চাল তাঁদের কতটা উপকারে আসে। তিনি জানান, চাল পেলে তাঁদের চারজনের অভাবের সংসার একটু ভালো চলত।

মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রায় ৪ হাজার ৭২২ জন জেলের মধ্যে ৩ হাজার ৪৫৪ জন জেলের নামে চাল এসেছে। আর স্লিপ দেওয়া হয়েছে ২ হাজার ১৭০ জন জেলেকে। প্রত্যেককে আবার তাঁর বরাদ্দের পাঁচ–সাত কেজি চাল কম দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারদলীয় লোকদের দেওয়া হয়েছে ২৫০টি স্লিপ। বাকি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

আমাদের কর্তাব্যক্তিরা প্রায়ই বলে থাকেন, আমাদের কৃষক, জেলে, শ্রমিকেরাই দেশের সেরা মানুষ। অথচ সেই মানুষগুলো যে পদে পদে কতটা অন্যায্যতা, অবহেলা ও বৈষম্যমূলক আচরণের শিকার হন, ভোলার জেলেরা তার চাক্ষুষ দৃষ্টান্ত। শুধু মুখেই সেরা না বলে অন্তত তাঁদের পাশে দাঁড়ান।