সম্পাদকীয়
সম্পাদকীয়

অর্থনীতিবিদদের উদ্বেগ

ব্যর্থতার অস্বীকৃতিতে সংকট কাটবে না

দেশে অনেক দিন ধরেই অর্থনৈতিক সংকট চলছে, যদিও এ নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয় না। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার উত্তম স্থান হলো জাতীয় সংসদ। বর্তমান জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য। তারা না চাইলে অর্থনীতি কিংবা অন্য কোনো বিষয়ে সেখানে আলোচনা হবে না, হয়ওনি। অর্থনীতি নিয়ে নেতারা মাঠে-ময়দানে বক্তৃতা দিয়েই দায়িত্ব শেষ করেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলন উপলক্ষে দেশের অর্থনীতি নিয়ে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের নিয়ে যে আলোচনার ব্যবস্থা করেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়।

এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক সংকট চলছে, সে কথা অস্বীকারের উপায় নেই। আবার সরকারের নীতিনির্ধারকেরা যে এর জন্য কেবল বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী বলে মনে করেন, তা–ও ঠিক নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল ও আমদানি পণ্যের দাম বেড়েছে। কিন্তু আমরা যে নিজেদের অমূল্য জ্বালানি সম্পদ নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও আহরণের চেষ্টা করলাম না, সে জন্য তো রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করা যাবে না।

এক দশকের বেশি সময় ধরে ব্যাংকিং খাতে যে অনিয়ম ও বিশৃঙ্খলা চলছে, তার জন্যও বাইরের কেউ দায়ী নয়। দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা; ২০০৯ সালে যার পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা। সরকারি খাতের ব্যাংকগুলো রাজনৈতিক চাপে মোটা অঙ্কের ঋণ দিতে গিয়ে বিপদে পড়েছে। অন্যদিকে বেসরকারি খাতের ব্যাংকের পরিচালনার নীতি বারবার পরিবর্তন করে মালিকদের অন্যায্য সুবিধা করে দেওয়া হয়েছে। কোনো কোনো ব্যাংকের পরিচালক তথা মালিকেরা নিজেরাই বড় ঋণখেলাপি।

বিআইডিএসের সম্মেলনে অর্থনীতিবিদ, ব্যাংকার, ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের নীতিনির্ধারক, তথা মন্ত্রী-প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টাও খোলামেলা বক্তব্য দিয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্মেলনে উপস্থিত ছিলেন না; যদিও অর্থনীতি সম্পর্কে সরকারের অবস্থান ব্যাখ্যা করার তিনিই উত্তম ব্যক্তি। এই সম্মেলনে মন্ত্রী-প্রতিমন্ত্রীর চেয়ে আমলাদের সরব উপস্থিতিও সচেতন নাগরিকের দৃষ্টি এড়ায়নি।

অর্থনীতিতে যে সংকট চলছে, তা সমাধান করতে হলে সরকারকে আগে অতীতের ভুলগুলো স্বীকার করতে হবে। আমরা যা করেছি, সেটাই উত্তম—এই মনোভাব অর্থনৈতিক পরিস্থিতির উত্তরণ ঘটাবে না। সম্মেলনে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা অর্থনীতি পুনরুদ্ধারের জন্য দ্রুত জ্বালানিসংকট, বৈদেশিক মুদ্রার ঘাটতি দূর করার ওপর জোর দিয়েছেন। বিদেশে পাচার হওয়া অর্থ ৭ শতাংশ কর দিয়ে ফেরত আনতে সরকার বাজেটে যে ব্যবস্থা রেখেছে, তারও সমালোচনা করেছেন অর্থনীতিবিদেরা। এই প্রস্তাব অনৈতিক ও অবাস্তব। অর্থবছরের পাঁচ মাস চলে গেলেও একটি টাকাও ফেরত আসেনি।

সম্মেলনে ব্যাংকের সুদের হারে নয়-ছয়ের বৃত্ত ভাঙার তাগিদ দিয়েছিলেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। কিন্তু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এর সঙ্গে দ্বিমত করে বলেছেন, সুদের হার তুলে দিলে দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে। আসলেই এটি পুস্তকি সমাধান কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ভর্তুকির বিরোধিতা করেছেন। কিন্তু নিজস্ব গ্যাসসম্পদ আহরণ না করে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে সরকার শত শত কোটি টাকা ভর্তুকি দিল তার জবাব কী। 

আমাদের প্রত্যাশা থাকবে, সরকার অতীতের ভুল পদক্ষেপগুলো দ্রুত সংশোধন করবে এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় টেকসই ও কার্যকর পদক্ষেপ নেবে। ব্যর্থতার অস্বীকৃতি সংকট কাটাতে সহায়ক হবে না।