সম্পাদকীয়
সম্পাদকীয়

সম্পাদকীয়

সাংবাদিককে মারধর: কণ্ঠরোধে ছাত্রলীগের পুরোনো কৌশল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করেছেন। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি যখন সংবাদ সংগ্রহের জন্য উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলেন, তখন ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন।

পরে তাঁর মুখ, কান ও কপালে কিলঘুষি মারেন। তাঁরা হলের ভেতরে নিয়ে তাঁকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পেটাতে থাকেন। আঘাতে তাঁর কানের পর্দা ছিঁড়ে গেছে।

ছাত্রলীগের নেতা-কর্মীরা মোশাররফ শাহকে ছাত্রলীগ নিয়ে খবর না করার হুমকি দিয়ে বলেন, ‘আর যদি নিউজ করিস, তারপর দেখব তোকে কে বাঁচাতে আসে।’ এর অর্থ, ছাত্রলীগ ক্যাম্পাসে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হবে, বিভিন্ন হলে হামলা করবে ও স্থাপনা জ্বালিয়ে দেবে, কিন্তু সেসব নিয়ে কিছু লেখা যাবে না।

গত তিন দিনে ছাত্রলীগের বিভিন্ন পক্ষ অন্তত আটবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই খবর প্রথম আলোয় প্রকাশিত হওয়ায় মোশাররফ শাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। সাংবাদিকদের প্রতি ক্যাম্পাসে ছাত্রলীগের এটাই প্রথম হামলা নয়; চলতি বছর ৯ ফেব্রুয়ারি সমকাল-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মার্জিয়া আক্তারকে নাজেহাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

প্রাণনাশের কম কোনো নাশে তারা বিশ্বাস করে না। ক্যাম্পাসে বছরের পর বছর ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে চলেছে, তাদের সংঘর্ষে ২০১৫ সালে এক শিক্ষার্থী নিহত হয়েছেন; অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার। তারা বরাবর তদন্ত কমিটি গঠনের মধ্যেই দায়িত্ব শেষ করে। রোববার মোশাররফ শাহকে মারধর ও আরেক দফা সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অছাত্রদের হলত্যাগের নির্দেশ দিয়েছে। তিনটি হলে তল্লাশি চালিয়ে রামদা ও রড উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন জানতই হলে অছাত্ররা অবস্থান করছেন, তখন তারা এত দিন কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? একদিকে প্রকৃত ছাত্ররা হলে থাকতে পারেন না আসনসংকটের কারণে, অন্যদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রত্ব শেষ হওয়ার পরও মাসের পর মাস হলের আসন দখল করে থাকবেন, এটা হতে পারে না।

যেদিন প্রথম আলোর সাংবাদিক মোশাররফ শাহকে মারধরের ঘটনা ঘটল, সেদিনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা দুই ঘণ্টা উপাচার্যকে অবরোধ করে রাখেন তাঁদের পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায়। তাঁরা নিয়োগ বোর্ডের বৈঠক বাতিল করতেও কর্তৃপক্ষকে বাধ্য করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মন্নুজান হলের ছাত্রত্ব শেষ হওয়ায় ছাত্রলীগের এক নেত্রীকে হলত্যাগের নির্দেশ দিলে ছাত্রলীগের কর্মীরা হলের গেটে তালা লাগিয়ে দেন। শুধু এ দুই বিশ্ববিদ্যালয় নয়, সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই ছাত্রলীগ দখলবাজি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগ কেন্দ্রীয় নেতৃত্ব সেখানকার কমিটি বিলুপ্তি ঘোষণা করে দায়িত্ব শেষ করেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের পর একটা কথাই বলতে হয়, এত দিন তাঁরা কোথায় ছিলেন?

বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রসংগঠনের মধ্যে যত অভ্যন্তরীণ কোন্দলই থাক না কেন, সাধারণ শিক্ষার্থীরা কেন আক্রান্ত হবেন, কেন সাংবাদিককে মেরে হাসপাতালে পাঠানো হবে? চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যে দুই প্রভাবশালী নেতা সেখানে ছাত্রলীগের বিরোধ জিইয়ে রেখেছেন, পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছেন, তাঁরাও এর দায় এড়াতে পারেন না।

আমরা সাংবাদিক মোশাররফের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি এবং অপরাধীদের শাস্তি দাবি করছি। তাঁদের আইনের হাতে সোপর্দ করা হোক।