
যেকোনো দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য নিরাপদ পণ্য পরিবহনব্যবস্থা থাকা জরুরি। কত দ্রুত পণ্য গন্তব্যে পৌঁছানো যায়, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিরাপদে পৌঁছানো। বাংলাদেশের রপ্তানি আয়ের ৭৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। সে ক্ষেত্রে এই খাতের যেকোনো নেতিবাচক খবর আমাদের উদ্বিগ্ন না করে পারে না। অতীতে হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে মহাসড়কে পণ্য পরিবহন বিঘ্নিত হতো। সেই সমস্যা কেটে গেলেও ব্যবসায়ীরা আরেক বিপদে পড়েছেন। প্রথম আলোর খবর অনুযায়ী, কারখানার গুদাম থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় কাভার্ড ভ্যান থেকে কৌশলে তৈরি পোশাক চুরি হচ্ছে। কিছু ঘটনা তাৎক্ষণিকভাবে বোঝা যায়। বেশির ভাগ ক্ষেত্রে বিদেশে পণ্য পৌঁছার পর ক্রেতা প্রতিষ্ঠানের কর্মীরা যখন কার্টন খোলেন, তখন চুরির বিষয়টি ধরা পড়ে। কার্টন থেকে যারা পণ্য চুরি করে, তারা খালি অংশে বালু, মাটি কিংবা ঝুট কাপড় দিয়ে পূর্ণ করে সিল করে দেয়।
একটি নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘গত তিন বছরে চার-পাঁচবার আমাদের কারখানার পণ্য চুরি হয়েছে। গত মাসে ইতালির ক্রেতা প্রতিষ্ঠান যখন অভিযোগ করল, তখন অবাক হই। ২৫-৩০ লাখ টাকার পণ্য খোয়া গেছে।’ দুই বছর আগে নারায়ণগঞ্জের আইএফএস টেক্সওয়্যারের পণ্যবোঝাই কাভার্ড ভ্যান চট্টগ্রামের কনটেইনার ডিপোতে যাওয়ার পথে চুরির শিকার হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ৬০-৭০ হাজার ডলারের ক্ষতি হয়। পরে নতুন করে পণ্য তৈরি করে উড়োজাহাজে পাঠাতে হয়েছিল।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসানও অভিযোগ করেছেন, প্রায়ই ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে অভিযোগ আসছে, তারা পণ্য কম পাচ্ছে। মহাসড়কে কতগুলো কাভার্ড ভ্যান থেকে রপ্তানিযোগ্য তৈরি পোশাক চুরি হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নেই। তবে বিজিএমইএর একাধিক সূত্র জানায়, ২০১৯ সালে দুটি চুরির ঘটনা ঘটে। পরের বছর সেটি বেড়ে নয়টিতে দাঁড়ায়। গত বছরের প্রথম ৭ মাসেই এমন ২২টি ঘটনা ঘটে। আর চলতি বছর এখন পর্যন্ত ২০-২৫টি ঘটনা ঘটেছে। এর মানে চুরির ঘটনা বাড়ছে।
অধিকাংশ তৈরি পোশাক কারখানা ভাড়া করা কাভার্ড ভ্যানে চট্টগ্রামের বিভিন্ন কনটেইনার ডিপোতে পণ্য পাঠায়। কিছু কাভার্ড ভ্যানের চালকের সঙ্গে যোগসাজশে একটি চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা, ফেনী, মিরসরাই, সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে তৈরি পোশাক হাতিয়ে নেয়।
মহাসড়কে চুরির ঘটনা বেড়ে গেলে গত বছরের জুলাইয়ে বিজিএমইএ নেতাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈঠক করেন। সেই বৈঠকে সড়কে পণ্য পরিবহন নিরাপত্তা জোরদার ও সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছিল। ১৮ মাস পার হলেও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। চুরি বন্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা থাকলেও তা হয়নি। একটা খসড়া এসওপি হলেও চূড়ান্ত হয়নি। রপ্তানিকারকেরা হাইওয়ে পুলিশপ্রধানের সঙ্গেও বসেছিলেন।
কিন্তু চুরি বন্ধের বিষয়টি আশ্বাস ও প্রতিশ্রুতির মধ্যে থাকলে হবে না। ঢাকা-চট্টগ্রাম ব্যস্ত সড়কের সব জায়গায় পাহারা দেওয়ার প্রয়োজন নেই। যেসব স্থানে চোরচক্র তৎপর, সেখানে পাহারা জোরদার করলেই হয়। এ ক্ষেত্রে রপ্তানিকারকদেরও কাভার্ড ভ্যান ভাড়া নেওয়ার ক্ষেত্রে সজাগ থাকতে হবে। এই চক্রের সদস্যদের ধরতে হাইওয়ে পুলিশের পাশাপাশি গোয়েন্দাদের কাজে লাগাতে হবে। পরিবহনে পণ্য চুরির সঙ্গে দেশের ভাবমূর্তির বিষয়টিও জড়িত। এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে ক্রেতারাও মুখ ফিরিয়ে নেবেন। মহাসড়কে পণ্য চুরি বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।