সম্পাদকীয়
সম্পাদকীয়

সারসংকট ও কৃষকের আহাজারি

মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

সারের দাবিতে আন্দোলন করার দায়ে জামালপুরের তৃণমূলের এক নেতাকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এ বার্তাই দিতে চাইছে যে সার নিয়ে টুঁ শব্দ করা যাবে না। কিন্তু দলের সেই বহিষ্কারাদেশ সাধারণ কৃষকদের মোটেই খামোশ করতে পারেনি। তাঁরা কোনো দলের খানও না, পরেনও না।

কৃষকেরা সরকারের কাছে বাড়তি কোনো সুবিধা চাইছেন না; সরকার নির্ধারিত দাম দিয়ে সার কিনতে চাইছেন, যা এই সময়ে আমন ধান, আলু ও সবজি চাষের জন্য খুবই প্রয়োজন।

একদিকে কৃষক ডিলারদের কাছে ধরনা দিয়ে সার পাচ্ছেন না; অন্যদিকে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সার মজুত করে পরে তা বেশি দামে তাদের কাছে বিক্রি করেছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর লাহিড়ী এলাকার এক কৃষক আক্ষেপ করে বলেছেন, ডিলারদের কাছে সার নেই। অথচ খুচরা ব্যবসায়ীদের দোকানে সার আছে। কৃষক পর্যায়ে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা এমওপি সারের সরকার নির্ধারিত দাম ৭৫০ টাকা হলেও নেওয়া হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা।

নওগাঁর কৃষকদের অভিযোগ, পাঁচ থেকে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না তাঁরা। অনেক কৃষক ডিলারের দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, অনেকে সার না পেয়ে ফিরে যাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সারের কোনো সংকট নেই।

সংকটই যদি না থাকবে, কৃষক সার পাচ্ছেন না কেন? কেন কালোবাজারে বেশি দামে তাঁদের সার কিনতে হচ্ছে? আবার এ-ও দেখা যাচ্ছে, কোথাও বিক্ষোভ বা প্রতিবাদ হলে সেখানে সার পাঠানো হয়। তাহলে গলদটা কোথায়? চারা রোপণের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে মিউরেট অব পটাশ (এমওপি) সার জমিতে দিতে হয়। পরে এ সার দিলে কোনো কাজে লাগবে না।

প্রথম আলোর খবর থেকে জানা যায়, গাইবান্ধা ও নওগাঁয় যথাক্রমে ৮০০ বস্তা টিএসপি ও ২৬০ বস্তা এমওপি সার জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু যাঁরা সারের সংকটকে পুঁজি করে লাখ লাখ টাকা কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন, তাঁরা এটাকে শাস্তিই মনে করেন না।

সরকারের নীতিনির্ধারকদের স্মরণ থাকা দরকার যে বিএনপি সরকারের আমলে সারের দাবিতে কৃষক আন্দোলন করে গুলি খেয়ে মরেছিলেন। এখন সার নিয়ে সে ধরনের পরিস্থিতি তৈরি হোক, তা কেউ চায় না। প্রয়োজন ‘যেমন কুকুর তেমন মুগুর’। দেশে মজুতদারি প্রতিরোধে যে কঠোর আইন আছে, এ ক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মজুতদারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ ক্ষেত্রে সরকারকে দুটি কাজ করতে হবে। প্রথমত, অবিলম্বে কৃষকদের কাছে প্রয়োজনীয় সার সরবরাহ করতে হবে। এটাই কৃষকদের আন্দোলন বন্ধ করা এবং কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর উপায়।

হুমকি দিয়ে কিংবা শক্তি প্রয়োগ করে কিছু সময়ের জন্য কিছু মানুষের মুখ বন্ধ করা গেলেও কৃষকের হাহাকার থামবে না। দ্বিতীয়ত, কৃষকের চাষাবাদ যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে এবং তদারকি বাড়াতে হবে।

যদি তাদের যথেষ্ট লোকবল না থাকে, তারা স্থানীয় ইউএনও তথা প্রশাসনের সহায়তা নিতে পারে। সময়মতো সারসহ অন্যান্য উপকরণ না পেলে কৃষকই কেবল ক্ষতিগ্রস্ত হবেন না, আমাদের খাদ্যনিরাপত্তাও মারাত্মক হুমকিতে পড়বে।