সম্পাদকীয়
সম্পাদকীয়

নড়িয়ার বর্জ্য কীর্তিনাশায়

পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগ নিতে কত দেরি

একের পর এক জেলা-উপজেলা শহরকে করা হচ্ছে পৌরসভা। সেই সঙ্গে হচ্ছে অপরিকল্পিত নগরায়ণও। বেশির ভাগ পৌরসভারই নিজস্ব কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই। নদী-খাল-জলাশয় রক্ষায়ও তাদের কার্যকর কোনো ভূমিকা নেই।

যার কারণে প্রথম আলোর প্রতিবেদনে নানা সময়ে আমরা দেখি, শেরপুর পৌরসভার বর্জ্যে দূষিত হচ্ছে করতোয়া নদী, সাভার পৌরসভার বর্জ্যে বংশী নদী, ঝালকাঠি পৌরসভার বর্জ্যে সুগন্ধা নদী, পটুয়াখালী পৌরসভার বর্জ্যে লাউকাঠী নদী, কক্সবাজার পৌরসভার বর্জ্যে বাকখালী নদী।

পৌরসভাগুলোর বর্জ্যের ভাগাড় বানানো হয়েছে একেকটি নদীকে। পরে এসব পৌরসভার কোনোটি নির্দিষ্ট ভাগাড় তৈরির প্রকল্প নিলেও আবার অন্য কোনো পৌরসভার বর্জ্যে নদীদূষণের ঘটনা ঘটছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি শরীয়তপুরের নড়িয়া পৌরসভায়। সেখানকার বর্জ্য ফেলা হচ্ছে কীর্তিনাশা নদীতে।

পদ্মা নদী থেকে প্রবাহিত কীর্তিনাশার পূর্ব তীরে নড়িয়া পৌর শহর অবস্থিত। একই সঙ্গে উপজেলা সদর ও পৌর শহর হওয়ার কারণে সেখানে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন পণ্য তৈরির কারখানা, মাছ-মাংস, সার, কীটনাশক, ওষুধের দোকানসহ দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

সেসব প্রতিষ্ঠানের পচনশীল ও অপচনশীল সব বর্জ্যই ফেলা হচ্ছে কীর্তিনাশায়। ঘরে ঘরে বা দোকান-প্রতিষ্ঠানে গিয়ে বর্জ্য সংগ্রহ করা হয় ঠিকই। কিন্তু সেগুলো ধ্বংস বা ফেলার জন্য পৌরসভার কোনো ডাম্পিং ইয়ার্ড নেই। যার ভার বহন করতে হচ্ছে নদীকে। সেখানকার সাবেক লঞ্চঘাটের কাছে নদীর তীরে ময়লার ভাগাড় বানানো হয়েছে। সেসব ময়লা-আবর্জনা ঢেউয়ের ধাক্কা বা পানির স্রোতে ভেসে যাচ্ছে নদীতে। এখানে একই সঙ্গে নদী ভরাট ও দূষণ দুই-ই ঘটছে।

শরীয়তপুরে বিডিক্লিন ও নদী পরিব্রাজক দল নামে একাধিক পরিবেশবাদী সংগঠন কাজ করছে। সেগুলোর সংগঠকেরা ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ভাগাড় ও ব্যবস্থাপনা না থাকা এবং নদীদূষণের জন্য পৌরসভা কর্তৃপক্ষকেই দায়ী করছেন। পৌর মেয়র আবুল কালাম আজাদ নিজেও স্বীকার করেছেন, পৌরসভায় কোনো ডাম্পিং ইয়ার্ড নেই।

কীর্তিনাশা নদীতে যাতে বর্জ্য ফেলা না হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলেছেন। যদিও অন্যান্য পৌরসভার ক্ষেত্রে এমন ঘটনায় নানা আশ্বাসে আমাদের হতাশ হতে হয়।

পৌর মেয়র আরও জানাচ্ছেন, ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করার জন্য এক একর জমি কেনা হয়েছে। সেটি নির্মিত হলে আর এ সমস্যা থাকবে না। আমরা চাই এই উদ্যোগ জমি কেনা পর্যন্তই আটকে না থাকুক। আশা করছি, দ্রুত ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করে কীর্তিনাশার সর্বনাশ হওয়া থেকে ঠেকাবেন তিনি।