গমের আবাদ

ঠাকুরগাঁওয়ে বীজসংকট দ্রুত দূর করুন

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে ভুগতে হচ্ছে মানুষকে। যার মধ্যে অনেক খাদ্যদ্রব্য আছে গমনির্ভর। যুদ্ধের কারণে গম আমদানি বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেই সংকট অনেকটা কাটিয়ে ওঠা গেছে। তবে এর মধ্য দিয়ে প্রতিফলিত হয় যে গম উৎপাদনে আমাদের আরও মনোযোগী হওয়া উচিত। দেশের গমের চাহিদার বড় অংশ আমদানি করা হয়। নিজস্ব উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর কথা বারবার বলে আসছেন অর্থনীতিবিদ ও কৃষিবিদেরা। কিন্তু বীজের সংকট হলে সেটি কী করে সম্ভব হবে?

ঠাকুরগাঁও হচ্ছে আবাদ ও উৎপাদনের দিক থেকে দেশের সর্বোচ্চ গম উৎপাদনকারী জেলা। অথচ এ জেলার চাষিরাই চাহিদামতো গমবীজ পাচ্ছেন না। সেই বীজ সরবরাহ করে থাকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। বীজ পেলেও বেশি দামে তা কিনতে হচ্ছে। বিষয়টি দুঃখজনক। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, চলতি মৌসুমে জেলাটিতে ৪৪ হাজার ৬৯৯ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সে অনুযায়ী দরকার ৫ হাজার ৩৬৪ মেট্রিক টন গমবীজ। অথচ বিএডিসি থেকে প্রায় ৬০০ মেট্রিক টন গমবীজ বরাদ্দ দেওয়া হয়েছে, যা চাহিদার মাত্র ১১ ভাগ। তা–ও ডিলারদের অনিয়মের কারণে বাড়তি দাম দিয়ে কিন্তু হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গমচাষিরা অভিযোগ করছেন, বিএডিসির ডিলাররা বরাদ্দের গমবীজ তুলে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দিয়েছেন। তাঁরা এখন চাষিদের জিম্মি করে বেশি দাম আদায় করছেন। এক বস্তা গমবীজের দাম ১ হাজার ১৬০ টাকা হওয়ার কথা। কিন্তু কিনতে হচ্ছে দেড় হাজার টাকায়। এর বিপরীতে কোনো রসিদও দেওয়া হচ্ছে না। এর মধ্যে সংকটের কারণে অনেক চাষি বীজ কিনতে না পেরেই ফিরে যাচ্ছেন। আবার অনেকে বিএডিসির বীজ না পেয়ে বেশি দামে অন্য কোম্পানির বীজ কিনে নিচ্ছেন। কৃষকেরাই বলছেন, তাঁদের দুর্ভাগ্য হলো তাঁরা ফসলের ন্যায্য দাম পান না। আবার বীজ কিনতে গেলেও সস্তায় পান না।

এখন বীজ সরবরাহ বাড়াতেই হবে। সেটি করার কথাও বলছে বিএডিসি। আমরা তাদের কথায় আশ্বস্ত হতে চাই। কিন্তু কৃষক কেন নির্ধারিত মূল্যে বীজ পাবে না? স্থানীয় প্রশাসন ও কৃষি অধিদপ্তরকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কৃষকেরা যাতে সরাসরি ডিলারদের কাছে বীজ কিনতে পারেন, তা নিশ্চিত করা হোক।