সম্পাদকীয়
সম্পাদকীয়

বেড়ার ঝুঁকিপূর্ণ মার্কেট

ব্যবসায়ীদের সরে যেতে রাজি করান

দেশে ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে বিপজ্জনক হচ্ছে বহুতল মার্কেটগুলো। যেহেতু বেচাকেনার জন্য মার্কেটে বিপুল মানুষের সমাগম থাকে, ফলে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেখানে হতাহতের আশঙ্কা বেশি থাকে।

এ ছাড়া পণ্যের ক্ষয়ক্ষতির বিষয়টি তো আছেই। কিন্তু ঝুঁকিপূর্ণ মার্কেট ভবন থেকে ব্যবসায়ীরা সহজে সরে যেতে চান না। রাজধানী ঢাকার কারওয়ান বাজার থেকে পাবনার বেড়া উপজেলার পৌর মার্কেট পর্যন্ত সারা দেশেই এমন চিত্র আমরা দেখি।

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ১৯৯২ সালে বেড়ার তৎকালীন পৌর কর্তৃপক্ষ শহরের প্রাণকেন্দ্রে তিনতলা ভবনের একটি মার্কেট গড়ে তোলে। স্থানীয় অনেকের অভিযোগ, ওই সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দুর্বল অবকাঠামোর ওপর ভবনটি নির্মাণ করা হয়েছিল।

এর ফলে ১০-১২ বছরের মধ্যে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০১৩ সালে পৌর মার্কেটটিকে প্রথম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর একাধিকবার মার্কেটের অর্ধশতাধিক ব্যবসায়ীকে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে মালামালসহ সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। এখন মার্কেটের প্রধান ফটকে একটি ব্যানার ঝুলে আছে। সেখানে ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। জানমালের ক্ষতি হলে পৌর কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এমনটিও বলা হয়েছে।

বিকল্প কোনো জায়গার ব্যবস্থা না করলে বা না থাকলে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে সরে যেতে চান না। এটিই এ দেশে অনেকটা ‘রীতি’ হয়ে পড়েছে। এখন সেই ‘রীতি’ মেনে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বেড়ার ব্যবসায়ীরা। ভবনটি যেকোনো সময়ে ধসে পড়তে পারে, আবার সেই আতঙ্কেও থাকেন তাঁরা। ভূমিকম্প হলে তো কথা নেই।

আতঙ্ক এমন চরমে ওঠে যে তখন অনেকে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। ২ ডিসেম্বর ভূমিকম্পের সময় এমন দৃশ্য দেখা যায়। দোকান ছাড়লে পেটে তালা পড়বে, আবার দোকান আঁকড়ে থাকলে যেতে পারে প্রাণ—এমন পরিস্থিতির মুখোমুখি হন ব্যবসায়ীরা।

তবে আগে প্রাণ বাঁচানোকে গুরুত্ব দিলে ব্যবসায়ীদের জন্য মঙ্গলজনক। এর মধ্যে কেউ কেউ সেটি বুঝতেও পারছেন। সপ্তাহখানেক আগে একজন ব্যবসায়ী অন্যত্র তাঁর দোকানটি সরিয়ে নিয়েছেন। তিনি বলেন, ‘দোকানের সামনের অংশ ও ভেতরের ছাদ থেকে প্রায়ই ইটের টুকরা ও প্লাস্টার খুলে পড়ে।

মাস তিনেক আগে দোকানের ভেতরে ছাদ থেকে বড় একটি অংশ আমার সামনে খুলে পড়েছিল। সেদিন অল্পের জন্য বেঁচে গেছি।’ অন্য ব্যবসায়ীরাও চাইলে তাঁকে অনুসরণ করতে পারেন। এখানে পৌর কর্তৃপক্ষেরও বড় দায়িত্ব আছে। শুধু নোটিশ বা ব্যানার ঝুলিয়ে না দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আন্তরিকভাবে বসুন। বিকল্প জায়গার ব্যবস্থাসহ কীভাবে অন্য কোনো সহযোগিতা করা যায়, সে ব্যাপারে ব্যবসায়ীদের আশ্বস্ত করুন।