অব্যবহৃত গ্যাস

ভোলার বাইরে সরবরাহ নিশ্চিত করুন

সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করছে। অথচ ভোলায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সক্ষমতা অনুযায়ী গ্যাস উত্তোলন করা হচ্ছে না।

বিদেশ থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে জ্বালানিবিশেষজ্ঞরা অনেক আগে থেকেই সতর্ক করে দিয়েছিলেন। সে সময় সরকার তা আমলে নেয়নি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এবং বৈদেশিক মুদ্রার মজুত কমে যাওয়ায় সংশ্লিষ্টদের হুঁশ ফিরেছে। ২২ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘অবহেলায় অব্যবহৃত ভোলার গ্যাস’ শিরোনামে প্রকাশিত খবরে দেশীয় গ্যাস–সম্পদ নিয়ে সংশ্লিষ্টদের অদক্ষতা, অবহেলা ও অদূরদর্শিতার চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, দ্বীপজেলা ভোলার গ্যাস নিয়ে আড়াই দশক পরও কার্যকর পরিকল্পনা নিতে পারেনি সরকার। এ গ্যাস যেমন জেলার বাইরে আনার কোনো ব্যবস্থা নেই, তেমনি জেলার ভেতরেও উত্তোলনের সক্ষমতা অনুসারে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা যায়নি। দেশীয় গ্যাস–সম্পদ ফেলে রেখে বিদেশ থেকে বেশি দামে জ্বালানি তেল কেনা আত্মঘাতী সিদ্ধান্তই বটে।

পেট্রোবাংলার ভাষ্য অনুযায়ী, ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে দিনে ১৫ কোটি ঘনফুট উত্তোলনের সক্ষমতা আছে। ব্যবহৃত হচ্ছে সর্বোচ্চ সাড়ে ৬ কোটি ঘনফুট গ্যাস। চাহিদা না থাকায় গ্যাস উত্তোলন করা হচ্ছে না এ গ্যাসক্ষেত্র থেকে। আবিষ্কারের পরও প্রায় চার বছর ধরে ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়নি। শুরু থেকেই সাত কোটি ঘনফুট গ্যাস প্রক্রিয়াকরণের একটি ইউনিট কাজ করছে শাহবাজপুর গ্যাসক্ষেত্রে। এরপর দুই কোটি ঘনফুটের একটি ইউনিট এনে অস্থায়ীভাবে বসানো হয়।

১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। একই সংস্থা ২০১৮ সালে আবিষ্কার করে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্র ভোলা নর্থ। শাহবাজপুর থেকে গ্যাস উত্তোলন শুরু হয় ২০০৯ সালে। আর ভোলা নর্থ থেকে এখনো উত্তোলন শুরু হয়নি। যখন দেশে জ্বালানিসংকট চলছে, শিল্পকারখানায় ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না, তখন ভোলায় মাটির নিচের গ্যাস পড়ে থাকার কী কারণ থাকতে পারে? কারণ একটাই, জ্বালানি খাতকে পুরোপুরি আমদানি করে গোষ্ঠীবিশেষকে বাড়তি সুবিধা করে দেওয়া।

বিশেষজ্ঞরা অনেক আগেই ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যম দেশের অন্যত্র, বিশেষ করে বরিশাল ও খুলনা অঞ্চলে সরবরাহের পরামর্শ দিয়েছিলেন। সে সময় সরকারের নীতিনির্ধারকেরা এর সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। যেখানে ভোলায় প্রচুর গ্যাস আছে, সেখানে পাইপলাইনে গ্যাস সরবরাহের চেষ্টা না করার কী যুক্তি থাকতে পারে? দেরিতে হলেও কর্তৃপক্ষের বোধোদয় হয়েছে। পত্রিকার খবর অনুযায়ী, পেট্রোবাংলা এ বিষয়ে আমেরিকান কোম্পানি ভ্যাকসিলারেটের সঙ্গে আলোচনাও শুরু করেছে।

ভোলায় গ্যাসক্ষেত্রের যে সক্ষমতা, তা পুরোটা কাজে লাগাতে হলে সেখানে আরও বেশি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে বিদ্যুৎ জেলার বাইরে নেওয়ার বিকল্প নেই। সেই সঙ্গে দেশের স্থলভাগ ও সমুদ্রোপকূলে নতুন গ্যাসক্ষেত্রে অনুসন্ধান, আবিষ্কারের চেষ্টা অব্যাহত রাখতে হবে। বরিশাল ও খুলনায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারলে সেখানকার অর্থনীতিতেও গতিসঞ্চার হবে, গড়ে উঠবে নতুন শিল্পকারখানাও।

সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জ্বালানি খাতে ক্ষতি যা হওয়ার হয়েছে। এ ক্ষতি যাতে আর না বাড়ে, সে জন্য এখনই ভোলার গ্যাসের সদ্ব্যবহার করুন।