সম্পাদকীয়
সম্পাদকীয়

সেটেলমেন্ট অফিসে হয়রানি

স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নিতে দেরি কেন

সরকারি কোনো অফিসে যাওয়া মানেই ভুক্তভোগী হতে হবে—এটিই যেন প্রতিষ্ঠিত হয়ে গেছে এ দেশে। ফলে নাগরিক সেবা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা নিয়ে প্রতিনিয়তই প্রশ্ন উঠতে দেখি আমরা। এভাবে বললে হয়তো খুবই সাধারণীকরণ হয়ে যাবে।

এতে সৎ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অন্যায় হবে। তবে জন্মনিবন্ধন সনদ, পুলিশের ছাড়পত্র, পাসপোর্ট করা ইত্যাদি কাজে ভোগান্তি না হওয়া মানেই অস্বাভাবিক বিষয়! এর মধ্যে ভূমিসংক্রান্ত সেবা নিতে গিয়ে তো আরও বেশি হয়রানির শিকার হতে হয়।

এসব কাজে জায়গায় জায়গায় দালালচক্রও তৈরি হয়ে গেছে। কেউ সেবার বিনিময়ে সরাসরি ঘুষ নেন, আবার কেউ দালালচক্রের মাধ্যমে নেন। যেমনটি আমরা দেখতে পাচ্ছি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেটেলমেন্ট অফিসে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, উপজেলার ১২টি ইউনিয়নে বাংলাদেশ ডিজিটাল সার্ভের (বিডিএস) কাজ চলছে। মাঠপর্যায়ের কাজও শেষ হয়েছে। এখন সেটেলমেন্ট অফিসে সত্যায়িত করার কাজ চলছে।

কোনো ভুল হলে নিয়ম অনুযায়ী ভুক্তভোগীরা জমির সংশোধন করতে উপজেলা সেটেলমেন্ট অফিসে হাজির হচ্ছেন। কিন্তু সেখানে টাকা না দিলে কোনো কাজই হচ্ছে না। দপ্তরটিকে ঘিরে কর্মকর্তা ও কর্মচারীদের যে দালালচক্র গড়ে উঠেছে, তঁাদের ঘুষ না দিলে হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে। সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা এতটাই বেপরোয়া হয়ে গেছেন যে চেয়ারে বসে প্রকাশ্যে বসেই মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন।

এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের ও দরিদ্র মানুষ বিপাকে পড়েছেন। সেটেলমেন্ট অফিসের বারান্দায় বসে কাঁদতে থাকা একজন নারীর বক্তব্য, ‘পৈতৃক সম্পত্তি থেকে ভাতিজা আমাকে বঞ্চিত করছে। জরিপের কর্মকর্তারা জমি আমার নামে না দিয়ে ভাতিজার নামে দিয়েছেন। এখন সংশোধনের জন্য ঘুরছি। কয়েক দফায় টাকা দিয়েছি। আমি গরিব মানুষ, টাকা পাব কোথায়?’ তার মানে টাকা নিয়েও কাজ করেনি দালালচক্রটি। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘সেটেলমেন্ট অফিসের যাঁরা এ কাজটা করছেন, তাঁদের বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ না পাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেননি তিনি।

জরিপে জটিলতা হতে পারে, এমন আশঙ্কায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করতে চান না।’ আমাদের কথা হচ্ছে, লিখিত অভিযোগ না দিলে সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হবে না?

বিষয়টি মৌখিকভাবে জানার পরও মানুষের হয়রানিকে তিনি মেনে নিচ্ছেন কীভাবে? আমরা সেটেলমেন্ট অফিসকে দ্রুত দালালমুক্ত দেখতে চাই। সেখানে মানুষ হয়রানির শিকার হবে না, এটিই আমাদের প্রত্যাশা।