এসব মৃত্যুর জবাব কী

পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজুন 

শিক্ষার্থীদের যে আন্দোলনটি মাসখানেক ধরে চলছে, তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিনটি ছিল গতকাল রোববার—৪ আগস্ট। সারা দেশে সহিংসতায় এই সম্পাদকীয় লেখার সময় ১৪ পুলিশ সদস্যসহ ৯৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অগুনতি মানুষ। এ সময় অসংখ্য স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে—যার মধ্যে হাসপাতাল, পুলিশের থানা, সরকারি স্থাপনা, তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন কারখানা, দলীয় অফিস ও রাজনৈতিক নেতাদের বাসভবন রয়েছে। 

আমরা আগেই সরকারকে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতিতে সরকারি দলের রাজপথে থাকার যেকোনো কর্মসূচি হবে ভয়াবহ। বাস্তবেও ঘটল তা-ই। শনিবার রাত থেকেই সহিংসতার আলামত ছড়িয়ে পড়ে। তখনই জানা গিয়েছিল যে সরকার পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করবে এবং তা করতে গিয়ে গতকাল দলের লোকজনকে মাঠে নামিয়ে কার্যত এত যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার কর্মসূচি ঘোষণাকালে বলেছিলেন, তাঁরা সংঘাত চান না। তাহলে প্রশ্ন আসে, শিক্ষার্থীদের অসহযোগ কর্মসূচি ও আওয়ামী লীগের পাড়ায় পাড়ায় সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাত ও হানাহানি হলো কেন? শিক্ষার্থীদের কর্মসূচি পালনকে কেন্দ্র করে কেউ নাশকতা করলে, সম্পদ ধ্বংস করলে, সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনের নয়। কিন্তু গতকাল ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন দমনে সক্রিয় দেখা গেছে সশস্ত্র সরকারদলীয় সমর্থকদের। অধিকাংশ স্থানে তঁাদের সহযোগী ছিল পুলিশ বাহিনী। 

সরকারের মনে রাখা উচিত যে শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কোটা আন্দোলনের মধ্যে সীমিত নেই। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে যুক্ত হয়েছেন। আন্দোলনকারীরা তাঁদের দাবিকে এখন এক দফায় নিয়ে এসে সরকারের পদত্যাগ দাবি করছেন। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে সরকার যদি আরও সংঘাত, আরও মৃত্যু, আরও ধ্বংস না চায়, তাহলে বলপ্রয়োগের পথ পরিহার করতে হবে। কিন্তু সরকার বলপ্রয়োগের নীতি অব্যাহত রেখেছে এবং দেখা গেছে বলপ্রয়োগ যত বেড়েছে, আন্দোলনও তত ব্যাপকতা পেয়েছে। গতকালের আগপর্যন্ত এই আন্দোলনে প্রাণ গিয়েছিল ২১৩ জনের, এর সঙ্গে যুক্ত হলো আরও ৯৮টি প্রাণ।

সরকার গতকাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। মোবাইল ফোনে আবার ইন্টারনেট এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ থেকে আবার তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ডাকা অসহযোগেও অফিস–আদালত বন্ধ রাখার কথা বলা হয়েছে। আজ শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’র ডাক দিয়েছেন। আমরা মনে করি, সরকার এখনো আন্দোলনের চরিত্র, ধরন ও এর ব্যাপকতা উপলব্ধি করতে পারছে না। সরকার মুখে নমনীয় হওয়ার কথা বললেও বাস্তবে বলপ্রয়োগে আন্দোলন স্তব্ধ করতে চাইছে। 

একই সঙ্গে গতকাল সিরাজগঞ্জে এক থানাতেই ১৩ পুলিশ সদস্য এবং নরসিংদীতে আওয়ামী লীগের ৬ নেতা–কর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা ভয়াবহ। এমন নৃশংসতা কোনোভাবেই কাম্য হতে পারে না। 

এই পরিবেশে দেশের অবস্থা দ্রুত স্বাভাবিক হবে, আশা করা যায় না। আবার দেশ অনির্দিষ্টকাল এভাবে চলতেও পারে না। সব দল ও মতের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান খুঁজে বের করতে হবে। সবার একটাই প্রত্যাশা—সংঘাত বন্ধ হোক, দেশে শান্তি আসুক। 

আমরা মনে করি, সরকার যতই বলপ্রয়োগের পথ ধরবে, ততই দেশের ক্ষতি বাড়বে। একটানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সামনে এটা এক কঠিন পরীক্ষা। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ তাদেরই বের করতে হবে। এ ক্ষেত্রে অতীতের শিক্ষা তারা বিবেচনায় নিতে পারে।