সম্পাদকীয়
সম্পাদকীয়

ডাকসু নির্বাচন

প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল বড় বিজয় পেয়েছে। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদকসহ (জিএস) ২৩টি পদে তারা জয়ী হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ছাত্র সংসদ নির্বাচনের দাবি বাস্তব রূপ পেল। আমরা আশা করি, এখন থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের নিয়মিত অংশ হবে।

ভোটের সামগ্রিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক। ডান-বাম ও মধ্যপন্থী রাজনৈতিক ছাত্রসংগঠন ও স্বতন্ত্র মিলিয়ে ১০টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আটটি ভোটকেন্দ্রে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। কিছু অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি ছাড়া বড় কোনো অনিয়ম দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষণেও উঠে এসেছে, ডাকসু নির্বাচনে ছোটখাটো অব্যবস্থাপনা ছিল, কিন্তু বড় ধরনের কোনো অসংগতি ছিল না।

নির্বাচনে প্রায় ৭৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন, যেটা আশাব্যঞ্জক। যদিও নারী শিক্ষার্থীদের ভোট দেওয়ার হার ছিল ৬৬ দশমিক ৭ শতাংশ। বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা প্রথম আলোকে দেওয়া এক অভিমতে শিক্ষার্থীদের অংশগ্রহণকে অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন।

নির্বাচনে কেউ বিজয়ী হবেন, কেউ পরাজিত হবেন—সেটাই গণতন্ত্রের স্বাভাবিক বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচিত করেছেন। তফসিল ঘোষণার পর থেকে ডাকসু নির্বাচন ঘিরে যে উদ্দীপনা ও সৌহার্দ্যের পরিবেশ দেখা গেছে, সেটা সবার জন্যই শিক্ষণীয়। আমরা আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মতের শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অটুট থাকবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব বিজয়ী পক্ষেরই বেশি। তাদের অবশ্যই সংযত আচরণ করতে হবে।

নব্বইয়ের পর যে দলই ক্ষমতায় এসেছে, তারাই বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের লেজুড়বৃত্তির রাজনীতিচর্চার কেন্দ্রে পরিণত করেছিল। ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের সাধারণ শিক্ষার্থীদের ওপর কর্তৃত্ব ও নিপীড়ন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছিল। ছাত্রলীগের সময় সেটি সর্বোচ্চ চূড়ায় ওঠে। শিক্ষার্থীরা চান না সেই একই ধরনের কর্তৃত্ববাদী ও নিপীড়নমূলক ছাত্ররাজনীতি ফিরে আসুক।

আমরা আশা করি, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী থাকবেন। বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে গেস্টরুম, গণরুমের মতো চরম অবমাননাকর ও নিপীড়নমূলক ব্যবস্থার অবসান হতে হবে। শিক্ষার্থীদের জোর করে ও নিজেদের ইচ্ছার বিরুদ্ধে সংগঠন করতে, মিছিলে যেতে বাধ্য করার পুনরাবৃত্তি যেন আর না হয়।

নির্বাচনে ফলাফল নিয়ে কোনো প্রার্থীর মধ্যে অভিযোগ ও অসন্তোষ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। নিয়মতান্ত্রিক পথেই তার সমাধান হতে হবে। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সময় যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা অবস্থান নেন, সেটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। রাজনৈতিক দলগুলোকে মনে রাখা প্রয়োজন যে চব্বিশের গণ-অভ্যুত্থান নতুন জন–আকাঙ্ক্ষা তৈরি করেছে। শিক্ষাঙ্গন কোনোভাবেই দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির অনুশীলন মঞ্চ হতে পারে না।

ডাকসু নির্বাচন যে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের নজির স্থাপন করল, আমরা আশা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ে ছাত্র সংসদ নির্বাচনে একই ধারাবাহিকতা বজায় থাকবে। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই গণতান্ত্রিক ও বহুত্ববাদী মতচর্চার কেন্দ্র হতে হবে। শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি হিসেবে ডাকসুর নতুন নেতৃত্ব চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে শিক্ষার্থীদের দাবিদাওয়া আদায়ে সচেষ্ট হবে বলেই আমরা আশা করি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ডাকসু নেতৃত্ব, ছাত্রনেতৃত্ব—সবাইকে আন্তরিক ও মনোযোগী হতে হবে।