সংযোগ সড়কহীন সেতু

উন্নয়ন কর্মকাণ্ডে পরিকল্পনার ঘাটতি কেন

প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে ছয় মাস আগে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনো ব্যবহার উপযোগী হয়নি। জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্ধরৌহা গ্রামের কাটাখালী নদীর ওপর নির্মিত সেতুটি এলাকাবাসীর কোনো উপকারে আসছে না। মানুষের কাজে না এলে এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড কেন?

দেশের বহু জায়গায় অপ্রয়োজনীয়ভাবে সেতু নির্মাণের উদাহরণ থাকলেও কাটাখালী সেতুর ক্ষেত্রে সেই অভিযোগ নেই। সেতুটি চালু হলে নাংলা ইউনিয়নের পুঠিয়ারপাড়া, খাসিমারা, ললছিয়া ও মাহমুদপুর গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত সহজ হবে। এই চার গ্রামের মানুষ এখন পুঠিয়ারপাড়া-শাহীন বাজার কাঁচা সড়ক ব্যবহার করে যাতায়াত করে। বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে চলাচল করতে বেশ ভোগান্তি পোহাতে হয়। সেতুটি চালু হলে শিক্ষার্থীরা দুই পারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহজে যেতে পারবে। তা ছাড়া উপজেলা সদরের সঙ্গে কমে আসবে সড়কপথের দূরত্ব।

প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, নদীর ওপর সেতু থাকলেও এর এক পাশে ধানখেত আর আরেক পাশে একটি গ্রাম। সেতুর দুই প্রান্তই উঁচু, তাই তাতে ওঠার কোনো উপায় নেই। স্থানীয় বাসিন্দারা বলেছেন, তাঁরা কর্তৃপক্ষের কাছে বহুবার গিয়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণের অনুরোধ করেছেন। কিন্তু কোনো অগ্রগতি হয়নি। এর ফলে তাঁরা এই সেতু ব্যবহারের আশা ছেড়ে দিয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অবশ্য দাবি করেছেন, সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়ার সময় গ্রামবাসী বলেছিলেন, সড়ক নির্মাণের জন্য জায়গা দেবেন। কিন্তু যখন সেতু নির্মাণের কাজ শেষ হয়, তখন গ্রামবাসী জমি দিতে রাজি হননি। পরে ভূমি অধিগ্রহণ করে জমি নেওয়া হয়েছে। এ জন্য দুই পাশের সড়ক নির্মাণে একটু দেরি হচ্ছে।

সংযাগ সড়কের জন্য কীভাবে জমি নেওয়া হবে, সেটা সেতু নির্মাণের সময়ই নির্ধারণ করা উচিত ছিল। এ ক্ষেত্রে সেই পরিকল্পনার ঘাটতি স্পষ্ট। এ জন্য যাঁরা দায়ী, তাঁদের জবাবদিহির আওতায় আনা উচিত। জনগণের টাকায় জনগণের জন্য নির্মিত সেতুটি দ্রুত ব্যবহার উপযোগী করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।