সম্পাদকীয়
সম্পাদকীয়

পবিত্র ঈদুল ফিতর

যুদ্ধ থামুক, শান্তি নামুক

মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর সমাগত হয়েছে। এটি মুসলিম সম্প্রদায়ের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। যার মাধ্যমে কেবল ধর্মীয় কর্তব্য পালনের পরিসমাপ্তিই ঘটে না; বরং মানবসমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের সুদৃঢ় ভিত্তি নির্মাণের এক মহিমান্বিত সুযোগ তৈরি হয়। ঈদের এই অনুপম উৎসব ধনী-দরিদ্রনির্বিশেষে সবাইকে এক অভিন্ন আনন্দবোধে আবদ্ধ করে, যেন পার্থিব বৈষম্যের গণ্ডি অতিক্রম করে মানুষ এক সামষ্টিক চেতনায় যুক্ত হয়ে ওঠে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদুল ফিতর যথোচিত মর্যাদা ও আনন্দ–উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপিত হয়। সকালের নির্মল আবহে মুসলমানরা ঈদগাহে সমবেত হয়ে সম্মিলিতভাবে নামাজ আদায় করেন এবং পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এর মধ্য দিয়ে মানবিক বন্ধনের নবায়ন ঘটে। ঘরে ঘরে ফিরনি, পায়েস প্রভৃতি মিষ্টান্ন প্রস্তুতের মাধ্যমে যে আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, তা সমাজজীবনে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।

ঈদ উপলক্ষে নগরজীবনের যান্ত্রিকতা থেকে বেরিয়ে বিপুলসংখ্যক মানুষ গ্রামের বাড়িতে যান প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। যাতায়াতের এই ব্যাপকতা প্রতিবছরই নানাবিধ ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে চলতি বছর দীর্ঘ ছুটির সুবাদে যাত্রাপ্রবাহ তুলনামূলকভাবে সুসংগঠিত হয়েছে বলে প্রতীয়মান হয়। ফলে পরিবহনব্যবস্থায় আগের তুলনায় শৃঙ্খলা লক্ষ করা গেছে।

কিন্তু এই আনন্দঘন মুহূর্তেও বৈশ্বিক প্রেক্ষাপট এক গভীর বিষাদের ছায়া বিস্তার করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও প্রতিশোধপরায়ণতার ভয়াবহ দৃশ্য মানবসভ্যতার নৈতিক পরাজয়ের এক করুণ প্রতিচ্ছবি হয়ে উঠেছে। নিরীহ নারী ও শিশুদের রক্তে রঞ্জিত হচ্ছে জনপদ; ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সভ্যতার নির্মাণ। বিশ্বশক্তিগুলোর নীরবতা কিংবা পরোক্ষ সম্পৃক্ততা এই সংকটকে আরও জটিল করে তুলছে। এটি কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়; বরং বৈশ্বিক স্থিতিশীলতা, অর্থনীতি ও মানবিক নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলছে, যার অভিঘাত আমাদের মতো দূরবর্তী দেশগুলোতেও পৌঁছে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে ঈদের আনন্দ একধরনের দার্শনিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়—মানবজীবনের প্রকৃত পরিতৃপ্তি কি কেবল ব্যক্তিগত উল্লাসে সীমাবদ্ধ, নাকি সামষ্টিক শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার মধ্যেই তার প্রকৃত তাৎপর্য নিহিত? ঈদ আমাদের শেখায় সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা; অথচ বাস্তব বিশ্বে আমরা দেখি অসংযম, প্রতিহিংসা ও ক্ষমতার নির্মম প্রতিযোগিতা। এই বৈপরীত্য মানবসভ্যতার গভীর সংকটকে স্পষ্ট করে তোলে।

অন্যদিকে ঈদকে কেন্দ্র করে অর্থনৈতিক কার্যক্রমেরও ব্যাপক বিস্তার ঘটে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়, যেখানে উৎসব মানেই সহমর্মিতা ও মূল্যহ্রাসের সংস্কৃতি, সেখানে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যায়—পণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এটি নৈতিকতার পরিপন্থী এবং উৎসবের প্রকৃত চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে।

অতএব পবিত্র ঈদুল ফিতর যেন কেবল আনুষ্ঠানিক উৎসবে সীমাবদ্ধ না থেকে মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে—এটাই আমাদের প্রত্যাশা। সমাজজীবনে সাম্য, ন্যায় ও সৌহার্দ্যের চর্চা আরও সুদৃঢ় হোক; বৈষম্য ও বিভেদের প্রাচীর ভেঙে মানবিক সংহতির নতুন অধ্যায় সূচিত হোক।

সবশেষে এই পবিত্র দিনে আমাদের আন্তরিক প্রার্থনা—বিশ্বজুড়ে সব সংঘাতের অবসান ঘটুক, যুদ্ধের উন্মত্ততা থেমে যাক এবং শান্তির শাশ্বত বার্তা মানবসমাজে প্রতিষ্ঠিত হোক। মানবজাতি যেন আত্মবিনাশের পথ ত্যাগ করে সহাবস্থান ও সহমর্মিতার পথে অগ্রসর হয়।

সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।