সম্পাদকীয়
সম্পাদকীয়

দুই বছরে ২০টি পুকুর ভরাট

সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ কী করছে

দেশের বড় শহরগুলোতে এখন আর পুকুর দেখা যায় না বললেই চলে। অপরিকল্পিত নগরায়ণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অবহেলার কারণে সেগুলো হারিয়ে গেছে। পরিবেশ ও জনজীবনের জন্য পুকুরের অপরিহার্যতাও ভুলতে বসেছে মানুষ।

নগরায়ণ বাড়তে থাকায় জেলা ও উপজেলা শহরগুলোতেও এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। যেমন সাতক্ষীরা পৌর এলাকায় গত দুই বছরে অন্তত ২০টি পুকুর ভরাট হয়ে গেছে, যার অধিকাংশ জমিতে তৈরি করা হয়েছে ভবন।

এখানে পরিবেশ অধিদপ্তর ও পৌরসভা কর্তৃপক্ষের যে ভূমিকা রাখার কথা ছিল, তা যথাযথ নয় বলেই এ পুকুরগুলো হারিয়ে গেল। এর ফলে সেখানে বাকি পুকুরগুলোও অস্তিত্বহীনতার ঝুঁকির মুখে পড়ে গেল।

প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। কোনো ব্যক্তি আইন অমান্য করলে একই সঙ্গে অর্থ ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

পরিবেশ সংরক্ষক আইন অনুযায়ীও যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ। কিন্তু আইনের কোনো প্রয়োগ সাতক্ষীরায় দেখা যাচ্ছে না। সেখানে জমির মালিকেরা কখনো গোপনে, কখনো প্রকাশ্যে এসব পুকুর ভরাট করছেন।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নগরায়ণের কারণে পৌর এলাকায় জমির দাম বাড়ায় পুকুর ভরাট করে ফেলছেন মালিকেরা। রাতারাতি সেগুলো ভরাট করে চড়া দামে জমি বিক্রি করে দিয়েছেন মালিকেরা। পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, তাঁদের জনবল কম।

সব জেলায় তিনিসহ তিনজন রয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে তাঁরা পুকুর ভরাটের কথা জানতে পারেন না। জানতে পারলে তাঁরা ব্যবস্থা নিয়ে থাকেন। গত দেড় বছরে তাঁরা তিনটি পুকুর ভরাট বন্ধ করেছেন। এ বিষয়ে কারও বিরুদ্ধে কোনো মামলা বা জরিমানা করেননি।

আইন ভঙ্গ করে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে অথচ পরিবেশ অধিদপ্তর আইন প্রয়োগ করছে না, এটি হতাশাজনক। এ ছাড়া পৌর এলাকার পুকুরগুলো রক্ষায় পৌরসভা কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতা কোনোভাবেই মানা যায় না। পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলররা চাইলে পুকুর ভরাট ঠেকাতে ভূমিকা রাখতে পারেন।

কিন্তু তাঁরা সেটি করছেন না। পুকুর ও জলাধার রক্ষায় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা আছে। এরপরও সাতক্ষীরা পৌরসভা থেকে এভাবে পুকুর হারিয়ে যাবে, তা মানা যায় না। পুকুর রক্ষায় পরিবেশ অধিদপ্তর, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর ভূমিকায় আমরা দেখতে চাই।