একটি সেলাই মেশিন সম্বল করেই একজন নারীর স্বাবলম্বী হওয়ার পথ খুলে যেতে পারে। কিন্তু চাইলেই কি সেই সেলাই মেশিন কেনা সম্ভব, বিশেষ করে দুস্থ ও দরিদ্র নারীদের পক্ষে? এর জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সেলাই মেশিন বিতরণ কর্মসূচি দারুণ ভূমিকা রাখতে পারে।
কিন্তু সেই কর্মসূচিটি যেভাবে দলীয়করণ করা হয়েছে, তাতে প্রকৃত সুফলভোগীরা বঞ্চিত হচ্ছেন। এতে যেমন সরকারি বরাদ্দের নামে জনগণের অর্থ অপচয় হচ্ছে, তেমনি কর্মসূচিটির সাফল্য নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হয় সাড়ে চার হাজার পা-চালিত সেলাই মেশিন। সেই সেলাই মেশিনের বিশেষ বরাদ্দের নির্দেশনায় বলা হয়, কর্মক্ষম অথচ অসহায় ও অসচ্ছল নারীরা সেলাই মেশিন পাবেন।
দেখা যাচ্ছে, ঢাকায় মেশিনের বড় একটি অংশ গেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে। শুধু তাই নয়, একাধিক সেলাই মেশিন থাকা সত্ত্বেও মহিলা আওয়ামী লীগের কর্মী হওয়ার কারণে আবারও মেশিন বরাদ্দ পেয়েছেন কেউ কেউ।
জুলাই ও আগস্টে মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। কিন্তু ঢাকায় বরাদ্দ পাওয়া নারীদের তালিকা ও পরিচয় দেখলে যে কারও মনে হতে পারে সেলাই মেশিন বরাদ্দ করা হয়েছে মহিলা আওয়ামী লীগের মাধ্যমে। আদতে সেটিই ঘটেছে।
সেখানে মুখ্য ভূমিকা পালন করেন ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক পারুল আক্তার এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহেদা খানম (দীপ্তি)। এর ফলে কর্মসূচিটি দলীয়করণ না হয়ে আর সুযোগ থাকে না।
বিষয়টি নিয়ে সাবেরা বেগম বেশ ‘স্পষ্টভাষীও’। তিনি সরাসরিই বলেছেন, দলের লোকজন ও পরিচিতরাই তো এসব সেলাই মেশিন পাবেন। তবে তঁার দাবি, অসচ্ছল নারীদের মেশিন দেওয়া হয়েছে। তবে যেসব নারীর নামে বরাদ্দ হয়েছে, তাঁদের অনেকের পদপদবি দেখলে তাঁর কথার যথার্থতা খুঁজে পাওয়া যায় না। ঢাকা উত্তর সিটিতে বরাদ্দ পাওয়া ৬৫ জনের তালিকায় ৪৯ জনের নাম যাচাই করে দেখা যাচ্ছে, তাঁরা ঢাকায় মহিলা আওয়ামী লীগের থানা কমিটির বিভিন্ন পদে রয়েছেন, কেউ কর্মী।
শুধু কলাবাগান থানা কমিটির একজন সহসভাপতি, তিনজন সাংগঠনিক সম্পাদক, তিনজন যুগ্ম সম্পাদক, একজন প্রচার সম্পাদক এবং দুজন সদস্যের নামে সেলাই মেশিন বরাদ্দ হয়েছে। ধানমন্ডি থানা কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নারীদের নামে মেশিন বরাদ্দ হয়েছে।
দুস্থ নারীদের নামে মন্ত্রণালয়ের একটি মহতী কর্মসূচিতে এমন অনিয়ম খুবই দুঃখজনক। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।