সম্পাদকীয়
সম্পাদকীয়

গাছ কাটায় উৎসাহী পাউবো

পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধ হোক

বর্ষাকালকে বলা হয় গাছ লাগানোর উৎকৃষ্ট সময়। এ সময় সরকারি-বেসরকারিভাবে বৃক্ষরোপণ কর্মসূচিই বেশি দেখা যায়। যদিও আগের তুলনায় সেই কর্মসূচিতে ভাটা পড়েছে। এখন গাছ কাটার কর্মসূচিই দেখা যায় সর্বত্র! এ ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষগুলো উদ্যোগী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।

নাগরিক সমাজের কোনো প্রতিবাদ-বিক্ষোভই তারা শুনছে না। সর্বশেষ রাজধানীতে উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষের এমন ভূমিকা আমরা দেখেছি। এখন বরিশাল নগরেও একই ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ঘটতে চলেছে।

সেখানে শতাধিক পুরোনো গাছ কাটার উদ্যোগ গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। যৌক্তিক কোনো কারণ ছাড়াই এতগুলো গাছ কেটে ফেলা হচ্ছে। তার মানে এখানে পাউবো কর্তৃপক্ষের কোনো দুরভিসন্ধি আছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বরিশাল নগরের বান্দরোডে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কলোনির বিভিন্ন প্রজাতির ১২৯টি গাছ নিলামে বিক্রি করে কেটে ফেলার উদ্যোগ নিয়েছে পাউবো।

গাছগুলোর বয়স ৫০ থেকে ৮০ বছর। এরই মধ্যে নিলামও সম্পন্ন হয়ে গেছে এবং গাছগুলো কাটার জন্য লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। কেন এতগুলো গাছ একসঙ্গে কেটে ফেলা হচ্ছে, তার কোনো যৌক্তিক ব্যাখ্যাও নেই পাউবোর কাছে। তার মানে শখ হয়েছে বলে কি এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে পাউবো, নাকি এ মুহূর্তে আর কোনো কাজ নেই বলে গাছ উজাড় করেই নিজেদের কর্মব্যস্ত রাখছেন পাউবোর কর্মকর্তারা?

ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে গাছগুলো কেটে ফেলার অজুহাত দেখানো হয়েছে নিলাম দরপত্রে। যদিও বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। কেটে ফেলার জন্য এমন গাছও চিহ্নিত করা হয়েছে, যেগুলো সম্পূর্ণ অক্ষত। স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, এসব গাছ এখনো সতেজ এবং পুরোপুরি জীবন্ত থাকায় আরও অনেক বছর বাঁচবে।

কলোনির বাসিন্দারাও বলছেন, পাউবোর এমন সিদ্ধান্ত অযৌক্তিক। অন্যদিকে পাউবোর বক্তব্য, বন বিভাগের অনুমতি নিয়েই এসব গাছ কাটা হচ্ছে। বন বিভাগ শর্ত দিয়েছে, একটি গাছ কাটলে দুটি লাগাতে হবে।

সেই শর্ত মেনেই গাছ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। যে গাছগুলোর বয়স ৫০-৮০ বছর, সেগুলো কেটে নতুন করে দ্বিগুণ গাছ লাগিয়ে পরিবেশের ক্ষতিপূরণ আদৌ কি সম্ভব? আর আমাদের বুঝে আসে না, কোনো ধরনের যাচাই-বাছাই না করে বন বিভাগ কীভাবে এতগুলো সতেজ ও জীবন্ত গাছ কেটে ফেলার অনুমতি দেয়।

চলতি বছর তীব্র দাবদাহের শিকার হয়েছে গোটা দেশের মানুষ। বর্ষা মৌসুম চললেও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। পরিবেশের এমন বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে যেখানে বেশি বেশি গাছ লাগানো দরকার, সেখানে এভাবে অহেতুক গাছ কাটার কোনো সুযোগ নেই। পাউবোর এমন কর্মকাণ্ড বন্ধ হোক।