সম্পাদকীয়
সম্পাদকীয়

বিইআরসি আইন সংশোধন

ভোক্তার স্বার্থ আরও ক্ষুণ্ন হবে

গ্যাস ও বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে সরকার বাংলাদেশ রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠন করেছিল, সেটিকে এত দিন ঠুঁটো জগন্নাথ করে রেখেছিল। এখন সেটি পুরোপুরি অকার্যকর করে ফেলা হলো আইন সংশোধনের মাধ্যমে। গত সোমবার মন্ত্রিপরিষদের সভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি (সংশোধন) আইন, ২০২২ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া মন্ত্রিপরিষদ বেসরকারিভাবে জ্বালানি তেল, এলপিজি ও এলএনজি আমদানি করারও সিদ্ধান্ত নিয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সংশোধিত আইন অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে সরকার গ্যাস-বিদ্যুতের দাম সরকার বাড়াতে বা সমন্বয় করতে পারবে। তবে আগের মতো শুনানিসহ মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতেও থাকবে। বিদ্যমান আইনে বিদ্যুৎ ও জ্বালানির দাম বিইআরসি ৯০ দিন সময় নিয়ে নির্ধারণ করে। বিশেষ পরিস্থিতিতে সরকারও যেন তা নির্ধারণ করতে পারে, এ জন্যই প্রস্তাবিত এ সংশোধনী মন্ত্রিপরিষদ অনুমোদন করে। 

সরকারের যুক্তি হলো বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট বর্তমান বাস্তবতার নিরিখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্য সমন্বয় করা প্রয়োজন। অর্থনীতির গতি চলমান রাখার সঙ্গে নিয়মিত ও দ্রুততম সময়ে মূল্য সমন্বয়ের লক্ষ্যে বিইআরসির পাশাপাশি সরকারেরও ক্ষমতা সংরক্ষণের জন্য আইনটি সংশোধন জরুরি হয়ে পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হলেও সরকার এ কথা বলেনি যে যুদ্ধ শেষ হলে এই ক্ষমতা রহিত করা হবে। পুরো বিষয়টিতে গোঁজামিল আছে। 

উল্লেখ্য, প্রাকৃতিক গ্যাস সঞ্চালন ও বিতরণ মূল্যহার এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ (খুচরা) মূল্যহার-সংক্রান্ত প্রবিধানমালা জারি হলেও পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্যহার-সংক্রান্ত কোনো প্রবিধানমালা জারি করা হয়নি। সাম্প্রতিক বছরগুলোয় বিদ্যুৎ ও গ্যাসের দাম বিইআরসি নির্ধারণ করলেও জ্বালানি তেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের দাম সরকার নির্ধারণ করে আসছিল। 

সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য বিইআরসি প্রতিষ্ঠা করা হয়েছিল। তারা গণশুনানির মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করে আসছে। এ ক্ষেত্রে বিক্রেতা, ভোক্তাসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হয়। আইন সংশোধন হলে তার আর প্রয়োজন হবে না। তদুপরি এক মাস পরই যে জাতীয় সংসদের অধিবেশন বসছে, সেই অধিবেশনকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদের সভায় আইন সংশোধনের প্রস্তাব নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দাম বাড়ানো ঠেকাতে না পারলেও এই গণশুনানির মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি আদায় করা যেত। কার্যত এখন আর সেটি থাকল না। সরকার ইচ্ছেমতো দাম বাড়াতে পারবে। 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সংশোধনীর প্রতিবাদ করে বলেছে, এতে সুশাসন ও ন্যায়বিচার ব্যাহত হবে। জ্বালানিবিশেষজ্ঞ এম শামসুল আলম এ সংশোধনীকে ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন। সে ক্ষেত্রে আইনটি সংশোধন করার সিদ্ধান্ত প্রত্যাহার করাই সমীচীন বলে মনে করি। 

বেসরকারি খাতে জ্বালানি আমদানির সুযোগ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা–ও কতটা ভোক্তার স্বার্থে আর কতটা ব্যবসায়ীদের স্বার্থে, সেই প্রশ্নও আছে। এত দিন এককভাবে সরকারি পর্যায়ে তেল আমদানি হতো। এর ফলে সরকার কিছুটা হলেও ভোক্তার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকত। বেসরকারি পর্যায়ে আমদানি হলে সেই জবাবদিহি আর থাকবে না। দামের ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।