সম্পাদকীয়
সম্পাদকীয়

পবিত্র আশুরা

ন্যায় ও ত্যাগের শিক্ষাই হোক পাথেয় 

আজ পবিত্র আশুরা। হিজরি ১৪৪৫ সনের ১০ মহররম। মুসলমানদের জন্য গভীর শোকের দিন। হিজরি ’৬১ সনের এই দিনে সত্য-মিথ্যার লড়াইয়ে কারবালার প্রান্তর রক্তাক্ত হয়েছিল। যে লড়াইয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) অবস্থান নিয়েছিলেন অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে। আর তার বিপরীতে অবস্থান নিয়েছিলেন চক্রান্তকারী উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ ও তাঁর বাহিনী। সেই লড়াইয়ে ইমাম হোসাইন সপরিবার জীবন উৎসর্গ করে সত্যের জয়গান গেয়ে যান, যা আজও পৃথিবীর তাবৎ মুসলিমকে অনুপ্রাণিত করে।   

মুয়াবিয়ার মৃত্যুর পর তাঁর ছেলে ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য চুক্তির শর্ত ভঙ্গ করেন এবং এ জন্য ষড়যন্ত্র ও বলপ্রয়োগের পথ বেছে নেন। মহানবী (সা.)-এর আরেক দৌহিত্র হজরত ইমাম হাসান (রা.)-কে বিষপানে হত্যা করা হয়। আশুরার দিন ফোরাত নদীর তীরবর্তী কারবালার প্রান্তরে ইমাম হোসাইন, তাঁর পরিবার ও বাহিনীকে অবরুদ্ধ করে রাখে ইয়াজিদ বাহিনী। কারবালার যুদ্ধ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয়েছিল। অবরুদ্ধ হয়ে পরিবার-পরিজন, ৭২ জন সঙ্গীসহ শাহাদাতবরণ করেন হজরত ইমাম হোসাইন (রা.)। এ হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নির্মম। নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী অসহায় নারী ও শিশুদের পানি পর্যন্ত পান করতে দেয়নি। শাহাদাতের পর ইমাম হোসাইনের দেহে বর্শা, তির ও তরবারির অসংখ্য জখমের চিহ্ন পাওয়া যায়।

কারবালা প্রান্তরের সেই শোকাবহ ঘটনার স্মরণে প্রতিবছর ১০ মহররম পবিত্র আশুরা পালিত হয়। শিয়া সম্প্রদায় এদিনে তাজিয়া মিছিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সুন্নি সম্প্রদায়ও নফল রোজা রাখাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যে এ দিবস পালন করে থাকে। বাংলাদেশে যুগ যুগ ধরে শিয়া-সুন্নি নির্বিশেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আশুরা পালিত হয়ে আসছে। কারবালার যুদ্ধ ছাড়াও এ দিনটি ইসলামের ইতিহাসে নানাভাবে তাৎপর্যপূর্ণ। হাদিস শরিফে পূর্ববর্তী নবী-রাসুলদের স্মৃতিসংবলিত ও ঘটনাবহুল দিনটির কথা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। 

অতীতে শিয়া সম্প্রদায়ের ওপর হামলাকে কেন্দ্র করে এদিন বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়ে থাকে পুলিশ প্রশাসন। যারই ধারাবাহিকতায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শোক প্রকাশের উদ্দেশ্যে কোনো ধরনের ধারালো অস্ত্র নিয়ে তাজিয়া মিছিলে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা আশা করব, তাদের এ নির্দেশনা মেনেই সারা দেশে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক থাকবে।

সব ধরনের আনুষ্ঠানিকতায় আশুরার ত্যাগের শিক্ষাই হোক পাথেয়। এ দিনের মূল চেতনা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। নিপীড়িত মানুষ সেই সংগ্রামে নিজেদের বলীয়ান করবে। আশুরার শিক্ষা ও চেতনার আলোকে জাতি এগিয়ে যাবে। এই দিনে সেটিই প্রত্যাশা।