প্রতিবছর এইচএসসি পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে যেমন আনন্দ-উচ্ছ্বাস থাকে, তেমনি থাকে হতাশাও। আনন্দের কারণ জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের কৃতিত্বের স্বাক্ষর রাখা, যা তাদের উচ্চশিক্ষা ও উন্নত কর্মজীবন বেছে নেওয়ার পথকে সুগম করবে। এ বছর হতাশার কারণ হলো মোট পরীক্ষার্থীর প্রায় এক–চতুর্থাংশের অকৃতকার্য হওয়া।
পরীক্ষার ফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ১২ হাজার ৩৭২ জন। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ৪৪ হাজার ২৬৯ জন। পাসের হার ৭৫ দশমিক ৯০। আর জিপিএ-৫ পেয়েছেন ৭৮ হাজার ৫২১ জন পরীক্ষার্থী। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার যথাক্রমে ৯১ দশমিক ২৫ ও ৯০ দশমিক ৭৫।
পাসের হার গত বছরের তুলনায় কম কিংবা করোনা–পূর্ববর্তী সময়ের চেয়ে বেশি, সেই হিসাবের চেয়েও উদ্বেগজনক হলো বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া। করোনার পর এবারই প্রথম পূর্ণ সিলেবাসে পরীক্ষা হলো। ২০২২ সালে পরীক্ষা হয়েছিল অর্ধেক নম্বরে। আর ২০২১ সালে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হয়।
বরাবরের মতো এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছেন, এটা খুশির খবর। কিন্তু ছেলেরা কেন প্রতিবার খারাপ ফল করছেন, তার কারণও অনুসন্ধান করা জরুরি। গ্রামাঞ্চলে দরিদ্র পরিবারের ছেলেদের পড়াশোনার পাশাপাশি কৃষিকাজেও যুক্ত থাকতে হয়। কিন্তু তাঁদের সংখ্যা খুব বেশি নয়। ছেলে হোক বা মেয়ে হোক, মা–বাবা একেবারে নিরুপায় না হলে শিক্ষার্থী-সন্তানকে দিয়ে কাজ করান না।
এবার পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, কোনো কোনো বোর্ডে পাস গড়ে ৮৫ শতাংশের বেশি আর কোনো কোনো বোর্ডে ৭০ শতাংশের মতো। এক বোর্ড থেকে আরেক বোর্ডের ফলে এত তারতম্য হওয়ার কারণ কী? এখানে কাদের গাফিলতি ছিল, তা খুঁজে বের করা দরকার। যেসব বোর্ডে গণিত ও ইংরেজি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো করেছেন, সেসব বোর্ডে পাসের হার বেশি। অন্যান্য বোর্ড এই দুটি বিষয়ে কেন নজর দিল না?
যেকোনো বিচারেই হোক না কেন, ১১ লাখ শিক্ষার্থীর এক–চতুর্থাংশের কাছাকাছি অকৃতকার্য হওয়া অত্যন্ত দুঃখজনক। এর দায় কেবল শিক্ষার্থীদের ওপর চাপানো ঠিক হবে না। তাঁরা সবাই এসএসসি পাস করে দুই বছর পড়াশোনা করেছেন। যাঁরা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, তাঁদের অনেকের পড়াশোনাও বন্ধ হয়ে যেতে পারে। এর দায় কে নেবে? শিক্ষার ক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় বিনিয়োগ একেবারে কম নয়।
প্রতিবারই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের পর শিক্ষা বিভাগের কর্তাব্যক্তিরা ভবিষ্যতে সবকিছু ঠিক করে ফেলব বলে ধনুর্ভঙ্গ পণ করেন। কিন্তু কাজের ক্ষেত্রে তার কোনো প্রতিফলন দেখা যায় না। সবকিছু আগের নিয়মেই চলতে থাকে। এমনকি করোনায় শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে শিক্ষাবিদদের সুপরিশ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
কঠিন বাস্তবতা হলো আগে শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করার জন্য পাঠ্যবই ও শিক্ষকদের পাঠদানের ওপরই নির্ভর করতেন। হালে নোটবই, গাইডবই ও কোচিংয়ের ওপর নির্ভরতা বেড়ে গেছে।
এ বিষয়ে দফায় দফায় বৈঠক, সিদ্ধান্ত ও নির্দেশনা জারি হলেও সেসব বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায় না। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকেরও প্রচণ্ড ঘাটতি আছে। এসব ঘাটতি–দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে শিক্ষার এই অধোগতি ঠেকানো যাবে না।