সম্পাদকীয়
সম্পাদকীয়

পাল্টাপাল্টি সমাবেশ

যেকোনো মূল্যে সংঘাত এড়াতে হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কমবেশি দুই মাস আগে আজ শনিবার (২৮ অক্টোবর ২০২৩) ঢাকায় বিএনপির ‘মহাসমাবেশ’ এবং তার পাল্টায় আওয়ামী লীগের ‘শান্তি' সমাবেশকে কেন্দ্র করে জনমনে শঙ্কা, অনিশ্চয়তা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। গণতান্ত্রিক রাজনীতিতে শান্তিপূর্ণ সভা-সমাবেশ কিংবা অন্য কোনো কর্মসূচি পালনের অধিকার সব পক্ষেরই রয়েছে। কিন্তু বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেওয়ায় উদ্বেগজনক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সরকারি দলের নেতা-কর্মীরা সে দায়িত্ব নিলে রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেটা কোনোভাবেই কাম্য নয়।

নির্বাচন কমিশন থেকে ইঙ্গিত মিলেছে, নভেম্বরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার আগে ও পরের সময়টাকে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছে আওয়ামী লীগ ও বিএনপি। এ কারণেই যেকোনো মূল্যে রাজপথে শক্তি প্রদর্শন করতে চায় দুই পক্ষই। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও নির্বাচনের ব্যাপারে গণতান্ত্রিক ধারার সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত না হওয়া যারপরনাই দুঃখজনক। রাজনৈতিক দলগুলোর এ ব্যর্থতার মাশুল সাধারণ মানুষ আর কত দিন দিয়ে যাবেন?

এর আগে গত ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। এর পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশ ডেকেছিল। ওই সময় উদ্বেগ ছড়িয়ে পড়লেও—নয়াপল্টন ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট—দেড় কিলোমিটারের মধ্যে দুটি বড় সমাবেশ হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ থেকে প্রমাণিত হয় যে রাজনৈতিক নেতৃত্ব চাইলে যেকোনো সংঘাত-সহিংসতা এড়ানো সম্ভব।

এবার বিএনপি নয়াপল্টনে ও আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচি ডেকেছে। যদিও কর্মসূচিস্থল নিয়ে যে অনিশ্চয়তা ছিল, গতকাল শুক্রবার সন্ধ্যায় তা কেটে যায়। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ঢাকাকে মূল গুরুত্ব দেওয়ায় বিএনপি সারা দেশ থেকে নেতা-কর্মীদের জড়ো করার চেষ্টা করছে। বিএনপির নেতা-কর্মীদের অনেকেই আগেভাগে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগ ঢাকা মহানগর ও ঢাকার আশপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চসংখ্যক নেতা-কর্মী জমায়েতের প্রস্তুতি নিয়েছে। এমনিতেই দুই কোটির বেশি মানুষের বসতি ঢাকা বসবাসের দিক থেকে বিশ্বের সবচেয়ে তলানিতে থাকা একটি নগর। সেখানে এ ধরনের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি নাগরিকদের ভোগান্তি বাড়িয়ে দেয় বহুগুণ। বিশেষ করে চিকিৎসা নিতে আসা মানুষ ও বিদেশগামীদের জন্য দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়।   

সম্প্রতি দেখা যাচ্ছে, বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি ডেকেছে। তাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। এবারের সমাবেশের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল। কোনো রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা থাকে, তাহলে সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু বিরোধী দলকে ‘প্রতিরোধ’-এর নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছায়াশক্তি হিসেবে সরকারদলীয় নেতা-কর্মীরা রাজপথে নামেন, তখন সেটা রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র তৈরি করে দেয়। তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তৈরি হয়। কর্মসূচির আগে বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার সেই প্রশ্নকে আরও প্রবল করে। এ ছাড়া আগের মতোই এবারও ঢাকার প্রবেশপথে তল্লাশিচৌকি বসিয়ে যাত্রীদের হয়রানি করার মতো ঘটনাও অব্যাহত রয়েছে।

শনিবারের সমাবেশ ঘিরে দুই দলের দায়িত্বশীল নেতৃত্বের কারও কারও মুখ থেকে যে ধরনের যুদ্ধংদেহী বক্তব্য পাওয়া যাচ্ছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির ভাষা হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর কর্মসূচি পালনের অধিকারটা বিধিবদ্ধভাবেই গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই কর্মসূচি যেকোনো মূল্যেই শান্তিপূর্ণ হতে হবে। আবার বিরোধীদের ঠেকাতে রাজপথে শক্তি দেখানো সরকারি দলের জন্য গণতান্ত্রিক জবাব হতে পারে না। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণে সমঝোতা ও আলাপ-আলোচনাই একমাত্র পথ।