সম্পাদকীয়
সম্পাদকীয়

প্লাস্টিক বর্জ্যে বিপর্যস্ত সোনাদিয়া

স্থানীয় প্রশাসন কখন পদক্ষেপ নেবে

বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা দ্বীপগুলো নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আশীর্বাদ। একদিকে দ্বীপগুলো প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যে ভরপুর, অন্যদিকে মৎস্যজীবীদের জন্য জীবিকার বড় ভরসাস্থল। পাশাপাশি পর্যটনকেন্দ্র হিসেবেও দারুণ সম্ভাবনাময়।

তেমনই একটি দ্বীপ সেন্ট মার্টিনের পর্যটনখ্যাতি নিয়ে বলার কিছু নেই। কিন্তু পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা এবং নীতিনির্ধারকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সেন্ট মার্টিনের প্রকৃতি ও পরিবেশের আজ করুণ দশা। কক্সবাজারেরই অদূরে মহেশখালী উপজেলায় আরেকটি দ্বীপ সোনাদিয়া নিয়েও আমরা হতাশার খবর পেলাম। সরকার দ্বীপটিকে পর্যটনকেন্দ্র হিসেবে সাজানোর উদ্যোগ নিলেও সেখানকার প্রকৃতি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য ইতিমধ্যে ধ্বংসের মুখে।

১০ হাজার একর আয়তনের ছোট্ট দ্বীপটির সৈকতজুড়ে একসময় লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ ছিল। গভীর সমুদ্র থেকে এসে মা কচ্ছপগুলো হাজার হাজার ডিম পাড়ত। প্যারাবনে বিলুপ্ত প্রজাতির চামচঠুঁটো (স্যান্ডপাইপার) পাখিসহ শত প্রজাতির পাখির মেলা বসত। কিন্তু এখন তার কিছুই নেই।

কারণ, সোনাদিয়া দ্বীপ এখন প্লাস্টিক বর্জ্যের ‘স্বর্গরাজ্য’। দ্বীপের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত সাত কিলোমিটার সৈকতে যেদিকে চোখ যায়, শুধু প্লাস্টিক বর্জ্যই চোখে পড়ে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি জাহাজ থেকে ফেলা প্লাস্টিক বর্জ্য জোয়ারে ভেসে এ দ্বীপে জমা হচ্ছে। গত বছর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জলোচ্ছ্বাসে কয়েক শ টন প্লাস্টিক বর্জ্য সৈকতে ভেসে আসে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বেশির ভাগ প্লাস্টিক সৈকতের বালুর নিচে চাপা পড়ছে। কিছু জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে। এসব খেয়ে মারা যাচ্ছে মাছ ও পাখি। এসব সরানোর কেউ নেই।

সোনাদিয়ায় ৩৩৪ পরিবারের লোকসংখ্যা ৮১০। সেখানকার অধিকাংশ পরিবারই মাছ ধরার ওপর নির্ভরশীল। দ্বীপ ও এর বাসিন্দাদের নিরাপত্তাবেষ্টনী হিসেবে আছে বিশাল প্যারাবন। কিন্তু সেই প্যারাবনও উজাড় করে চিংড়িঘের তৈরি থেমে নেই। স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে এর সঙ্গে জড়িত হয়ে পড়েছেন দ্বীপবাসীও। বিশেষজ্ঞরা বলছেন, তিন যুগ আগের সোনাদিয়ার জীববৈচিত্র্য ইতিমধ্যে ৯০ ভাগ ধ্বংস হয়ে গেছে।

কিন্তু সোনাদিয়ায় বিশ্বমানের ইকোট্যুরিজম পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য দ্বীপের জায়গা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) বুঝিয়েও দেওয়া হয়েছে। যদিও পরিবেশবিদদের মতে, ইকোট্যুরিজম পার্ক প্রতিষ্ঠার নামে দ্বীপটির অবশিষ্ট প্রকৃতি-সম্পদও ধ্বংস করা হচ্ছে।

দ্বীপের প্রাণবৈচিত্র্য রক্ষায় ইতিমধ্যে সেখানে পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দ্বীপের এ প্লাস্টিক বর্জ্য সরাতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনোযোগী নয়। বিষয়টি দুঃখজনক। আমরা আশা করব, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সোনাদিয়ার প্রাণবৈচিত্র্য সংরক্ষণে কোনো অবহেলা ও দায়িত্বহীনতা কাম্য নয়। আমরা চাই না সেন্ট মার্টিনের মতো পরিণতি হোক সোনাদিয়ারও।