সম্পাদকীয়
সম্পাদকীয়

লোকসানি রেলওয়ে

কাদের স্বার্থে বিপুল অঙ্কের অর্থ ব্যয়

২৪ সেপ্টেম্বর প্রথম আলোয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেলওয়ে নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে এর নানা অনিয়ম ও অব্যবস্থার চিত্রই উঠে এসেছে। লোকসানের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ত ওই প্রতিষ্ঠান।

যেখানে ভারতসহ অনেক দেশই রেলওয়েকে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে নিয়েছে, সেখানে বাংলাদেশের পূর্বাপর সরকার রেলওয়েকে অবহেলা করে আসছে। বহু বছর এটিকে আলাদা মন্ত্রণালয় হিসেবে না রেখে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন করে রাখা হয়েছিল।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রেলওয়েকে আলাদা মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। রেলের উন্নয়নে ৯২ হাজার কোটি টাকা খরচ করলেও এর সুফল জনগণ তেমন পায়নি কর্তৃপক্ষের অদূরদর্শী ও হঠকারী সিদ্ধান্তের কারণে। তারা বুঝতেই চায় না নতুন রেললাইন, সেতু, ভবন নির্মাণের চেয়েও জরুরি হলো ইঞ্জিন-কোচ ক্রয়।

রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, দেশে ৩৬৮টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। প্রকৃতপক্ষে চলছে ২৭৬টি। আন্তনগর ট্রেনের সংখ্যা ১০৪। তবে রেলওয়ের ৬৭ শতাংশ ইঞ্জিন ও ৪৭ শতাংশ কোচ মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে স্বাধীনতার আগের ইঞ্জিনই আছে ৯৫টি। নতুন ইঞ্জিন না কিনে পুরোনো দিয়ে কাজ চালানোর উদ্দেশ্য পরিষ্কার। ইঞ্জিন যত পুরোনো হয়, মেরামতের খরচ তত বাড়ানো যায়। কোনো রুটেই যাত্রীদের চাহিদা অনুযায়ী কোচ দেওয়া হয় না। ফলে প্রায় প্রতিটি ট্রেনেই ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠতে বাধ্য হয়। অনেকে আসন না পেয়ে ফিরেও যায়।

পূর্বসূরিদের মতো বর্তমান মন্ত্রী নূরুল ইসলামও দেশবাসীকে রেলওয়ের উন্নয়নের অনেক গল্প শুনিয়েছিলেন। কিন্তু বাস্তবে রেলওয়ে চলছে আগের মতোই খুঁড়িয়ে খুঁড়িয়ে। তাঁর সময়ে ৯টি নতুন আন্তনগর ট্রেন চালু হয়েছে, যার ২টিই হলো তঁার নিজ জেলা পঞ্চগড়ে।

ফলে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্নও উঠেছে। মন্ত্রী নিজেও রেলওয়ের নানা সমস্যার কথা স্বীকার করে বলেছেন, ‘আগে কিছুই ছিল না। এখন সরকার একে একে সব সমস্যা সমাধানের চেষ্টা করছে।’ তাঁর আগে যিনি রেলমন্ত্রী ছিলেন, তিনিও অনুরূপ সাফল্য দাবি করেছিলেন। আর তাঁর আগের মন্ত্রী তো রেলের ‘কালো বিড়াল’ খুঁজতে গিয়ে নিজেই দুর্নীতির জালে আটকা পড়েন।

সেই কালো বিড়াল রেলওয়ে থেকে বিদায় নিয়েছে, এমন দাবি কেউ করবেন না। জনবল নিয়োগ থেকে পদোন্নতি, কেনাকাটা থেকে টিকিট বিক্রি—রেলওয়ের সবখানে অনিয়ম, অব্যবস্থা ও দুর্নীতি। ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক প্রতিবেদনে রেলওয়ের দুর্নীতির ১০টি উৎসের কথা উল্লেখ করেছিল, যার মধ্যে আছে এর জলাশয়-পুকুর ইজারা, যন্ত্রপাতি কেনাকাটা, নিলাম, টিকিট কালোবাজারি প্রভৃতি।

এসব দুর্নীতি বন্ধে দুদক নিয়োগপ্রক্রিয়ার প্রতিটি ধাপে ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, কোচ আমদানি নিরুৎসাহ করে নিজস্ব কারখানায় কোচ নির্মাণ করার সক্ষমতা বাড়ানো এবং ডিজিটাল পদ্ধতিতে সব টিকিট বিক্রিসহ ১৫ দফা সুপারিশ করেছিল।

এর কোনোটি বাস্তবায়িত হয়েছে বলে আমাদের জানা নেই। গত ঈদে রেলওয়ের টিকিট কালোবাজারির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কমলাপুর স্টেশনে অবস্থান নিলে সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তাঁর দেখাদেখি বিভিন্ন স্থানে মানুষ রেলওয়ের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেও কর্তৃপক্ষ বরাবরের মতো সবকিছু অস্বীকার করেছে। অন্ধ হলেই যে প্রলয় বন্ধ হয় না, প্রথম আলোর প্রতিবেদনই তার প্রমাণ।

বাংলাদেশ রেলওয়ে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, অথচ যাত্রীসাধারণ এর সুবিধা পাচ্ছে না, প্রতিষ্ঠানটির সক্ষমতাও বাড়ছে না। তাহলে কাদের স্বার্থে এ বিপুল অঙ্কের ব্যয়?