সম্পাদকীয়
সম্পাদকীয়

স্বাগত ২০২৩

রাজনীতির ঝড়ে অর্থনীতি যেন বাধাগ্রস্ত না হয়

আজ খ্রিষ্টীয় নতুন বছর। স্বাগত ২০২৩ সাল। গতকাল যে বছরটি আমরা পার করে এলাম, তা আর ফিরে আসবে না। কিন্তু ফেলে আসা বছরটির ব্যর্থতা যেমন আমাদের আশাহত করে, তেমনি সাফল্য ভবিষ্যতের পথচলায় প্রেরণা জোগায়। ২০২২ সালে সাফ নারী ফুটবলে বাংলাদেশের শিরোপা জয় ছিল খুবই উৎসাহব্যঞ্জক ঘটনা। ল্যানসেট-এর শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশের সেঁজুতি সাহার নাম আসাও সাফল্যের ডানায় নতুন পালক যুক্ত করেছে।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্য ও জ্বালানির দাম বেড়ে যায়। কৃষিক্ষেত্রে আমাদের কৃষকদের সাফল্য ঈর্ষণীয়। কিন্তু জ্বালানিসংকট ও আমদানিনির্ভরতা বাংলাদেশের অর্থনীতিকে বেশ চাপে ফেলে। এ থেকে শিক্ষণীয় হলো, সমুদ্র উপকূল কিংবা স্থলভাগে মাটির নিচে যে গ্যাসসম্পদ আছে, তা অনুসন্ধান ও আহরণে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।

একজন মার্কিন সমাজবিজ্ঞানী বলেছিলেন, টুইন টাওয়ার ধ্বংসের আগের পৃথিবী আর পরের পৃথিবী এক থাকবে না। থাকেওনি। করোনা সংক্রমণের আগের পৃথিবী ও পরের পৃথিবীও আমাদের চোখের সামনে একই সত্য সামনে নিয়ে এসেছে। ২০২২ সালে করোনার প্রকোপ প্রায় শূন্যে নেমে আসায় অনেকে ভেবেছিলেন যে এই ভয়াবহ মহামারি থেকে মানবজাতি রক্ষা পেয়েছে। কিন্তু বছর শেষে দেখা গেল, চীন, ভারত, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশে করোনার প্রাদুর্ভাব আবার বেড়েছে। অতএব এ বিষয়ে আমাদেরও সজাগ হতে হবে, টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

২০২২ সালে আমরা বহুপ্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেছি। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আশা করা যায়, শিগগিরই একই রেল যোগাযোগও স্থাপিত হবে। বছরের শেষে ঢাকা মেট্রোরেল চালু হওয়ার ঘটনাও জাতির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে; যদিও পুরোপুরি চালু করা যায়নি। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে স্থাপিত টানেল চালু হলে সেখানেও যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা আবশ্যক। রাজনীতির দিক থেকে ২০২২ সালটি মোটেই স্বস্তিদায়ক ছিল না। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছিল কয়েক মাসজুড়েই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে; যদিও তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার যথার্থতা নিয়ে প্রশ্ন আছে। একই সময়ে অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের গলানোর বিষয়টি আলোচনায় ছিল। একজন কূটনীতিককে বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যিনি তাঁর নিরাপত্তার বিষয়ে খোদ পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাদেশের রাজনৈতিক সমস্যা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকেই সমাধান করতে হবে, বাইরের কেউ এসে সমাধান করে দেবে না, এ কথা যেমন সত্য, তেমনি এটাই অসত্য নয় যে আমরা আমাদের সমস্যার সমাধান না করলে বাইরের লোকের খবরদারির সুযোগ তৈরি হয়।

নির্বাচন কমিশন ২০২৪ সালের ৪ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আগাম ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে নির্বাচন ঘিরে রাজপথ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনকেন্দ্রিক রাজনীতিকে ঘিরে যাতে কোনোরকম সহিংসতা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে দেশে যে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে, আলোচনার মাধ্যমেই তার সমাধান খুঁজতে হবে। রাজনীতির ঝড়ে যেন অর্থনীতির চাকা থমকে না যায়।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৩ সবার জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।