এ দেশের রাজনীতিতে সহিষ্ণুতার অভাব নিয়েই আমাদের যত আফসোস। সেটি নিজ দলের ভেতরে বা অপর দলের সঙ্গে হোক—ক্ষমতার চর্চায় কেউ যেন কাউকে ছাড় দেওয়ার নয়। কিন্তু আমরা অবাক হই, নদী-খাল দখল বা বালু উত্তোলনে রাজনৈতিক নেতাদের ঐকমত্যে পৌঁছাতে দেরি হয় না।
এ জায়গায় যেন সবাই এক পায়ে খাড়া! যেমনটি আমরা দেখতে পেলাম বান্দরবান শহরের প্রধান খাল ম্যাকছি ছড়া নিয়ে। সেখানকার রাজনৈতিক নেতাদের ‘সম্মিলিত’ দখলে খালটি এখন বিপর্যস্ত ও মৃতপ্রায়। এর আগে রাঙামাটির কাপ্তাই হ্রদ দখল নিয়েও আমরা এমন চিত্র দেখেছি।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, জাতীয় নদী রক্ষা কমিশন ২০১৮ সালের এপ্রিলে দখলদার হিসেবে ৮৩ জনকে শনাক্ত করে একটি তালিকা তৈরি করে। সেই তালিকায় আছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক জেলা সাধারণ সম্পাদক ও বর্তমানে পাহাড়ে বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মজিবুর রহমান, বান্দরবান জেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুল আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. ওসমান গণিসহ আরও রাজনৈতিক নেতা।
এ তালিকা ছাড়াও খাল দখলের অভিযোগ আছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশসহ অনেকের বিরুদ্ধে।
কোথাও খালের প্রবাহে ব্যাঘাত ঘটিয়ে, কোথাও খালের সীমানায়, এমনকি সাঙ্গু নদে পড়ার আগে খালের মুখেই গড়ে তোলা হয়েছে বহুতল হোটেল, দোকান, ঘরবাড়িসহ নানা স্থাপনা। কেউ জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজার ফান্ড থেকে ইজারা নিয়ে, কেউবা ব্যক্তিমালিকানাধীন জায়গা নিয়ে এসব স্থাপনা করেছেন খাল দখল করে। বাজার ফান্ড ভূমি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে কাজ করে থাকে। প্রশাসন বলছে, বাজার ফান্ড থেকে খালের জায়গা ইজারা দেওয়ার কোনো প্রশ্নেই আসে না; বরং ইজারা দেওয়া জায়গা বাড়িয়ে নিয়ে দখলের ঘটনা ঘটেছে।
খাল দখলে রাজনৈতিক নেতাদের ‘প্রতিযোগিতা’য় উৎসাহিত হচ্ছে সাধারণ মানুষও। জেলা প্রশাসনও দখলবাজির বিষয়টি স্বীকার করছে। কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদে তাদের কার্যত কোনো উদ্যোগ আমরা দেখি না।
দখলদারদের মধ্যে স্থানীয় প্রভাবশালী নেতা থাকায় কি প্রশাসন ‘ভয়’ পাচ্ছে? সিএস জরিপ না থাকার ‘অজুহাত’-এ খাল রক্ষণাবেক্ষণে দায়িত্বে থাকা বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের মধ্যেও কোনো ধরনের তৎপরতা নেই।
ভিন্ন কী উপায়ে খালের জমি বা সীমানা নির্ধারণ করা যায়, সেই উদ্যোগও নেই তাদের। তাহলে কি বান্দরবানের খালটি অস্তিত্বহীন হতে দেখব আমরা?