দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মাথায় যে বিষয়টি অন্তর্বর্তী সরকারকে দুশ্চিন্তায় ফেলেছে, তা হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া দাম। প্রতি সপ্তাহেই পণ্যের দাম বাড়লেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে হয় না।
প্রথম আলোর খবর থেকে জানা যায়, বাজারে এক সপ্তাহে চারটি পণ্যের দাম বেড়েছে—চাল, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজ। আগেই এসব পণ্যের দাম বেশি ছিল। অনেক শোরগোলের পর ডিমের দাম কিছুটা কমেছে; কিন্তু আগের অবস্থায় আসেনি। কোনো পণ্যের শুল্ক বাড়ালে দামও হু হু করে বেড়ে যায়। কিন্তু চিনি ও চালের শুল্ক–কর কমালেও বাজারে তার প্রভাব নেই। ভোক্তাকে আগের চেয়ে বেশি দামেই কিনতে হচ্ছে।
চাল, ভোজ্যতেল ও পেঁয়াজের মতো পণ্যের দাম বাড়লে বেশি সমস্যায় পড়েন গরিব ও সীমিত আয়ের মানুষ। গরিবদের ভাতই প্রধান খাদ্য। দাম বাড়ার কারণে অনেকে কম পরিমাণে কিংবা নিম্নমানের খাবার কিনছেন। সবজির দাম বাড়ার ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে বন্যার অজুহাত দেওয়া হয়। এর চেয়েও উদ্বেগের বিষয় হলো বন্যাদুর্গত এলাকায় কৃষি পুনর্বাসনে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া। এ অবস্থায় আগামী মৌসুমেও সবজির দাম কমবে, এটা আশা করা যায় না। প্রথম আলোর সরেজমিন প্রতিবেদন থেকে জানা যায়, সবজির ভান্ডার বলে পরিচিত বগুড়ায়ও প্রায় সব সবজির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। দুর্যোগের সুযোগে ব্যবসায়ী ও আড়তদারেরা ফাউ মুনাফা কামিয়ে নেন।
আওয়ামী লীগ সরকারের আমলে বড় অভিযোগ ছিল সিন্ডিকেট পণ্যের দাম বাড়াচ্ছে। ওই সরকারের নীতিনির্ধারক ও অসাধু ব্যবসায়ীদের মধ্যে যে আঁতাত ছিল, তা–ও মিথ্যা নয়। কিন্তু ক্ষমতার পালাবদলের পর সেই সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, এমন প্রমাণ নেই। বাজার ব্যবস্থাপনা চলছে আগের নিয়মেই।
অর্থনীতিবিদেরা নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পেছনে যে কারণগুলো চিহ্নিত করেছেন, সেগুলো সরকার কতটা আমলে নিয়েছে, সে বিষয়ে সন্দেহ আছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সবার আগে প্রয়োজন চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ নিশ্চিত করা। সেই সঙ্গে বাজার তদারকিও জোরদার করতে হবে, যাতে ব্যবসায়ীরা কারসাজি করতে না পারেন।
বাজার নিয়ন্ত্রণে সরকারের বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত পদক্ষেপ কোনো কাজে আসেনি। যেখানে দেশে দৈনিক ডিমের চাহিদা ৪ কোটি, সেখানে সমপরিমাণ ডিম আমদানি করে কীভাবে দাম কমাবে সরকার? আমদানি পণ্যের ক্ষেত্রে যেই সিন্ডিকেট আছে, সেটি ভেঙে দেওয়ার কথা বলেছেন অনেকেই। বেশির ভাগ খাদ্যপণ্য কয়েকটি বড় প্রতিষ্ঠান আমদানি করে থাকে। এটি উন্মুক্ত করে দিলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে আশা করা যায়।
বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম বা টাস্কফোর্স গঠনও জরুরি বলে মনে করি।
অন্তর্বর্তী সরকারের আমলে পরিবহনে চাঁদাবাজি কমলেও আড়তদার ও মিলমালিকদের কারসাজি কমেনি। এ বিষয়েও আশা করি সরকার দৃষ্টি দেবে। মুক্তবাজার মানে যা খুশি করা নয়। আইনের যথাযথ প্রয়োগ ও তদারকির মাধ্যমে সব শ্রেণির ব্যবসায়ীকে জবাবদিহির আওতায় আনতে হবে।
অর্থনীতিবিদ সেলিম রায়হানের সঙ্গে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, উচ্চ মূল্যস্ফীতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অনেক সংস্কার কর্মসূচিই বাধাগ্রস্ত হবে, যা কোনোভাবেই কাম্য নয়।