একজন ‘নির্দোষ’ ব্যক্তির সাজা হওয়ার বিষয়টি যেমন দুঃখজনক, তেমনি কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পরও তাঁর মুক্তি না পাওয়া আরও মর্মান্তিক। বাদল ফরাজি নামের এক ব্যক্তির জীবনে এমন অমানবিক ঘটনাই ঘটেছে। তিনি এখনো কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দী। কবে তিনি মুক্তি পাবেন, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কেউ কিছু জানাতেও পারছেন না।
২০০৮ সালে ১৮ বছর বয়সী বাদল ফরাজি তাজমহল দেখতে বাগেরহাট থেকে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) হাতে আটক হন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরগুলোতে বলা হয়েছে, একটি হত্যা মামলায় তাঁকে বাদল সিং ভেবে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৫ সালে দিল্লির একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং দিল্লি হাইকোর্টেও সেই সাজা বহাল থাকে। ভারতীয় পেনাল কোড অনুযায়ী তাঁর সাজার মেয়াদ ১৪ বছর।
১০ বছর সাজা ভোগের পর ভারতের মানবাধিকারকর্মীদের চেষ্টা এবং বাংলাদেশ সরকারের সহায়তায় ২০১৮ সালে বাদল ফরাজিকে দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে, কারাভোগের মেয়াদ শেষ হলেও তিনি মুক্তি পাচ্ছেন না। ছেলের মুক্তির অপেক্ষায় থাকতে থাকতে মারা গেছেন বাবা। বৃদ্ধা মা–ও তাঁর মুক্তির আশায় দিন গুনছেন।
যে খুনের মামলায় বাদল ফরাজির সাজা হয়েছিল, সেই ঘটনাটি ঘটেছিল তাঁর ভারতে প্রবেশের আগে। এরপরও ভারতের আদালতে কেন তাঁর সাজা হলো, দিল্লি হাইকোর্টে কীভাবে তা বহাল থাকল, এগুলো খুবই বিস্ময়কর ঘটনা। এ ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষ তাদের দায় এড়াতে পারে না।
বাদল ফরাজিকে দেশে ফিরিয়ে আনার সরকারি উদ্যোগ ছিল ইতিবাচক একটি বিষয়। তাঁকে ফিরিয়ে এনেই মুক্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাদল ফরাজি যে নির্দোষ, মন্ত্রী নিজেও সেটা স্বীকার করেছেন। তাহলে কেন তাঁকে ভারতের আদালতের দেওয়া সাজা পূর্ণ মেয়াদে ভোগ করতে হলো এবং কারাভোগের পরও তাঁর মুক্তি নেই কেন, সে প্রশ্নগুলোর কোনো উত্তর নেই।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২০ জুলাই বাদল ফরাজির কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে চিঠি চালাচালি শুরু হয়েছে। কিন্তু কবে এবং কীভাবে তাঁকে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের উচিত ‘অন্যায়ভাবে’ দোষী সাব্যস্ত হওয়া এবং কারাভোগ করা বাদল ফরাজির অবিলম্বে মুক্তির ব্যবস্থা করা। তাঁর বিরুদ্ধে হওয়া অন্যায় ও অমানবিকতার দ্রুত অবসান হবে, সেটাই বিধেয়। সেটাই কাম্য।