দেশের নদীগুলো থেকে বালু উত্তোলন ক্ষমতাচর্চার ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে। চাঁদপুরে মেঘনা নদী থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন নিয়ে অনেক আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে, এরপরও সেখানে এ অপকর্ম বন্ধ করা যাচ্ছে না।
নেত্রকোনার সোমেশ্বরী নদীর সৌন্দর্য পুরোপুরি বিলীন হয়ে গেছে একই কারণে। বালু ব্যবসায়ী ক্ষমতাসীন দলের নেতাদের থেকে রেহাই পাচ্ছে না যমুনা নদীও। তাদের কারণে শত শত পরিবার নদীভাঙনের শিকার হচ্ছে। বালুবাণিজ্য নিয়েছে খুনখারাবিও হয়েছে। ফলে ভয়ে কেউ কোনো প্রতিবাদও করতে পারছেন না।
প্রথম আলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে, সিরাজগঞ্জের যমুনা নদী এখন বালুর বড় ব্যবসাকেন্দ্র হয়ে গেছে। জেলা শহর রক্ষা বাঁধের ১০০ মিটার দূরত্বে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে কয়েক শ কোটি টাকার শহর রক্ষা বাঁধ হুমকিতে পড়েছে। সরকারিভাবে পাঁচটি বালুমহাল থাকলেও অবৈধভাবে আরও বেশ কটি বালুমহাল তৈরি করে নিয়েছে বালুখেকোরা। বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় কোনো বালুমহাল নেই।
সেসব উপজেলায় ২০টি স্থান থেকে অননুমোদিত বাংলা ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। জেলাজুড়ে অনুমোদিত–অননুমোদিত বালুমহাল থেকে শতাধিক ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। সেসব বালু পরিবহন করা হচ্ছে শতাধিক বাল্কহেড ও ট্রাকে করে।
কাজীপুরের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাজীপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব ও পৌর আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আবদুস ছাত্তারের সঙ্গে জেলা–উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বর্তমান এবং সাবেক নেতাদের প্রভাবশালী একাধিক চক্র গোটা বালু ব্যবসাটি নিয়ন্ত্রণ করছে। নিয়মিত অভিযান চালানোর দাবি করা হলেও স্থানীয় লোকজনের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের তেমন তৎপরতা নেই।
এখানে প্রশ্ন উঠতে পারে, ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের বাধা দেওয়ার ক্ষমতা প্রশাসন, পাউবো, নৌ পুলিশের নিজেদেরই কি নেই? নয়তো এত ড্রেজার, বাল্কহেড, বালুবাহী ট্রাক কীভাবে নদী–সড়ক দিয়ে চলাচল করতে পারে? কেন সেগুলো জব্দ করে নষ্ট করা হচ্ছে না? অবৈধভাবে বালু তোলা ফৌজদারি অপরাধ। শুধু জরিমানা করে কোনোভাবেই বালুখেকোদের ঠেকানো সম্ভব নয়। মামলা–গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নিতেই হবে।
অবৈধভাবে বালু তোলায় পুরো একটি ইউনিয়নের প্রায় অর্ধেকই নদীতে বিলীন হয়েছে। নদীভাঙনের শিকার হচ্ছে শত শত পরিবার। একদিকে শত–হাজার কোটি টাকার বালুবাণিজ্য ক্ষমতাসীন দলের নেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, অন্যদিকে নদীভাঙনের কারণে কয়েক লাখ কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে।
নদী–পরিবেশ–জনপদ হারিয়ে যাওয়ার যে ক্ষতি, তা টাকার অঙ্কে কখনো নিরূপণ করা যায়? সিরাজগঞ্জ জেলা–উপজেলা প্রশাসনগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি বালুখেকোদের ছাড় দেবে, নাকি প্রকৃতি, পরিবেশ ও মানুষের পক্ষ নেবে।