সম্পাদকীয়
সম্পাদকীয়

প্লাস্টিকমুক্ত নগর

নতুন বছরের হোক অঙ্গীকার

বলা হয়ে থাকে, পারমাণবিক বোমার চেয়েও বিধ্বংসী কিছু থেকে থাকলে, সেটি হচ্ছে প্লাস্টিক। গোটা পৃথিবী ও সভ্যতার সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখা হয় এটিকে। যে মানবজাতির জন্য হুমকিস্বরূপ এ প্লাস্টিক, সেই শত্রুকেই কী অনায়াসে লালন–পালন করে যাচ্ছি আমরা।

বিশ্বে অনেক নগর এখন প্লাস্টিকমুক্ত হিসেবে ঘোষিত হচ্ছে। সেখানে আমাদের শহরগুলো অনেক পিছিয়ে আছে বলা যায়। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনাই যেখানে গড়ে ওঠেনি, সেখানে এমন স্বপ্ন দেখাও দুরূহ ব্যাপার বটে। তবে এরপরও সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সেখানে গত শুক্রবার রাজধানীর মহাখালী মাঠে শুরু হওয়া একটি আয়োজন উদাহরণ হয়ে থাকবে। প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রায় অর্ধকোটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা প্রতিকৃতির ব্যতিক্রমী প্রদর্শনী চলছে সেখানে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করা বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করেছে। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রদর্শনীটি উদ্বোধনও করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি নগর এলাকাকে প্লাস্টিকমুক্ত করতে নানা কর্মসূচির ঘোষণাও দেন সেখানে। যেটি বেশ আশাব্যঞ্জক। তবে প্লাস্টিক পণ্য বা বোতল ব্যবহার কমানো বা পুনর্ব্যবহারের বিষয়ে আরও কার্যকর ভূমিকা নগর কর্তৃপক্ষ থেকে আমরা দেখতে চাই। কাঁচাবাজারগুলোকে কীভাবে পলিথিনমুক্ত করা যায়, সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া জরুরি।

বিশ্বব্যাংক থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য তৈরি করা গবেষণা থেকে গত বছর আমরা জানতে পারি, রাজধানীতে বছরে মাথাপিছু প্রায় ২৩ কেজি প্লাস্টিক ব্যবহৃত হয়। সেসব বর্জ্য মারাত্মক দূষণ তৈরি ও জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলার পাশাপাশি দেশের নদ-নদী, খাল-বিল ও নালায় গিয়ে জমা হয়ে জলাবদ্ধতা বাড়াচ্ছে।

গবেষণাটির প্রকাশনা অনুষ্ঠানে ২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে একটি কর্মপরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরা হয়। তাতে ওই সময়ের মধ্যে প্লাস্টিক পণ্যের উৎপাদন ৫০ শতাংশ কমিয়ে আনা, প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানো এবং ২০২৬ সালের মধ্যে প্লাস্টিকের পুনর্ব্যবহার ৫০ শতাংশে উত্তীর্ণ করার কথা বলা হয়েছে।

আমরা জানি না, মন্ত্রণালয় তাদের সেই লক্ষ্যে কতটা এগোচ্ছে; নাকি তা শুধু গবেষণা ও পরিকল্পনার মধ্যেই থেকে যায়। তবে রাজধানী ঢাকার প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ করতে না পারলে গোটা দেশের জন্য সে কাজটি অনেকাংশেই সহজ হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

ফলে নতুন বছরে ঢাকাকে প্লাস্টিকমুক্ত করাই হোক অঙ্গীকার। এ ব্যাপারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকার দুই সিটি করপোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, সেটি আমাদের আশা।