সম্পাদকীয়
সম্পাদকীয়

ঢাকাকে ছাড়িয়ে কুমিল্লা

বায়ুদূষণে কি বিপর্যস্ত হতে থাকবে শহরগুলো

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকার শীর্ষে বারবার উঠে আসছে রাজধানী শহর ঢাকা। এ নিয়ে নিয়মিত উদ্বেগ জানিয়ে আসছেন পরিবেশবিদ ও জনস্বাস্থ্যবিদেরা। বায়ুদূষণ রোধে আদালতেরও নির্দেশিকা আমরা পাচ্ছি।

কিন্তু যাদের বেশি তৎপর হওয়ার কথা, মানে সরকার ও নীতিনির্ধারকদের কাছে বিষয়টি গুরুত্বহীনই থেকে যাচ্ছে। ফলে বায়ুদূষণের কলঙ্কের তিলক এখন শুধু ঢাকার কপালেই সীমাবদ্ধ নেই। ভাগীদার হচ্ছে অন্য শহরগুলোও। কখনো ঢাকাকে ছাড়িয়ে বায়ুদূষণে শীর্ষে চলে যাচ্ছে গাজীপুর, কখনো কুমিল্লা শহর।

গত এক সপ্তাহে কয়েক দিন কুমিল্লার বায়ুমান ছিল ঢাকার চেয়েও খারাপ। এর ফলে এটিই প্রতীয়মান হয় যে আমাদের শহরগুলো কতটা অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতাও রয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত জানুয়ারির বেশির ভাগ দিনই রাজধানী শহরের বাতাস এতটাই খারাপ ছিল যে একে বিপজ্জনক বলা হচ্ছে। একই মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। গত মাসে ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। ঢাকার বায়ুমানের এই ধারাবাহিকতা চলতি মাসেও অব্যাহত আছে। ঢাকার বায়ু গতকালও ছিল অস্বাস্থ্যকর। তবে ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস ছিল আরও বেশি অস্বাস্থ্যকর। গত বুধবার ও সোমবারও ঢাকার চেয়ে কুমিল্লার বায়ুর মান খারাপ ছিল।

এখন প্রশ্ন হচ্ছে, ঢাকার বায়ুদূষণ রোধ নিয়েই যেখানে সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য নেই, সেখানে কুমিল্লা বা অন্য শহরগুলো নিয়ে পদক্ষেপ কী হতে পারে! এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুদূষণ গবেষক আবদুস সালামের বক্তব্য হচ্ছে, সরকারের সব কর্তৃপক্ষ যার যার দায়িত্ব পালন করলে এমনিতেই বায়ুদূষণ কমে যাবে।

কিন্তু সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষের ক্ষেত্রে সেটি দেখা যাচ্ছে না। কুমিল্লায় বায়ুদূষণের কারণ খুঁজতে গিয়ে আমরা পেলাম, শহরটিতে যানবাহনের চাপ বেড়ে গেছে। শহরজুড়ে নির্মিত হচ্ছে ভবন।

এর জন্য শহরের মাঝখান দিয়ে গোমতী নদীর মাটি নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়া হচ্ছে বালু। আশপাশের ইটভাটা থেকে নিয়ে যাওয়া হচ্ছে ইট। নেই কোনো ব্যবস্থাপনা। গোটা শহর কালো ধোঁয়া, ধুলাবালু ও আবর্জনায় দূষিত হতে হতে আজকে এ অবস্থায় এসে দাঁড়িয়েছে। যার যা দায়িত্ব, তা পালন না করার কারণে সেটিই ঘটছে।

 পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনকে এ ব্যাপারে একাধিকবার উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। নানা নির্দেশনার কথা জানিয়ে উদ্যোগ নিতে আহ্বান করা হলেও কোনো সংস্থাই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। ভবিষ্যৎ প্রজন্মসহ সব ধরনের নাগরিকদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এর দায় কি কেউ নেবে না?