সম্পাদকীয়
সম্পাদকীয়

স্কুলে ছাত্রলীগের সংবর্ধনা অনুষ্ঠান

এমন স্বেচ্ছাচারিতার শেষ কবে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে রাজনৈতিক কর্মসূচি বা অনুষ্ঠান করা যেন রীতিতে পরিণত হয়েছে। ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গসংগঠনগুলোর মধ্যে এই প্রবণতা দেখা যায়। সেটাই স্বাভাবিক হয়ে উঠেছে।

কারণ, এ দেশে যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁরা ধরাকে সরা জ্ঞান করেন—সেই চর্চা এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি তাঁদের কাছে গুরুত্বহীন। শিক্ষক ও অভিভাবকদের ক্ষোভও গায়ে মাখেন না তাঁরা।

এমনটি আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর পৌর শহরের একটি ঘটনায়। সেখানে গত সোমবার দুটি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে জেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের সংবর্ধনার আয়োজন করা হয়। দুঃখজনক বিষয় হচ্ছে, সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একজন সংসদ সদস্যও, যিনি একজন সাবেক মন্ত্রী।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পৌর শহরের বালিকা বিদ্যানিকেতন ও এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনাসামনি অবস্থিত। দুই প্রতিষ্ঠানের দুটি মাঠেই সকাল থেকে ছাত্রলীগের অনুষ্ঠান শুরু হয়। এতে স্কুলে এসেও ক্লাস না করে ফিরে যেতে বাধ্য হন শিক্ষক ও শিক্ষার্থীরা। ছাত্রলীগের অনুষ্ঠানের বিষয়টিও স্কুল কর্তৃপক্ষকে আগে জানানো হয়নি।

যদিও তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেছে সদর উপজেলা ছাত্রলীগ। অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, স্কুলমাঠে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়ে কেউ আবেদন করেননি। বিষয়টি যদিও আমাদের অবাক করে না। কারণ, এমন অনুষ্ঠান আয়োজনের জন্য অনুমতি নেওয়ার কী প্রয়োজন, এমনটি ভাবতেই পারে ছাত্রলীগ!

সংবর্ধনা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান। এ ছাড়া অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন প্রমুখ। দুটি স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে এভাবে একটি কর্মসূচির অতিথি হতে একটুও বিবেকে বাঁধল না তাঁদের? নাকি বিষয়টিকে আমরা স্বেচ্ছাচারিতা হিসেবেই দেখব?

করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমনিতেই শিক্ষার্থীদের মধ্যে বড় শিখনঘাটতি তৈরি হয়েছে। এর মধ্যে চলমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে এক দিন বাড়তি ছুটি থাকছে।

সেখানে অনুষ্ঠানের প্রস্তুতি ও আয়োজনের মাধ্যমে সপ্তাহ ধরে কয়েক শ শিক্ষার্থীর পাঠদানে বাধা সৃষ্টি করা হলো। একটি ছাত্রসংগঠনের জন্য এটি লজ্জাজনক ও গর্হিত কাজ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে রাজনৈতিক দলের এ ধরনের অনুষ্ঠান আয়োজন বন্ধ হোক।