সম্পাদকীয়
সম্পাদকীয়

রাজনৈতিক সভা-সমাবেশ

একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির যুক্তি কী

সংসদীয় ব্যবস্থায় জাতীয় সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়ার কথা। কিন্তু নব্বই-উত্তর বাংলাদেশে প্রায় নিরবচ্ছিন্নভাবে (দুই বছরের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাদ দিলে) সংসদীয় ব্যবস্থা চালু থাকলেও জাতীয় সংসদ কখনোই রাজনীতির কেন্দ্রে থাকেনি। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, এমন উদাহরণ খুবই কম।

অতীতে অন্তত চারটি জাতীয় সংসদে (পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম) মেয়াদের প্রায় অর্ধেক সময়ই বিরোধী দল অনুপস্থিত ছিল। এ সময় সরকারি দল একতরফা সংসদ কার্যক্রম চালিয়েছে। বর্তমান একাদশ ও গত দশম সংসদে বিরোধী দল পুরো মেয়াদে হাজির থাকলেও তাদের ভূমিকা অস্পষ্ট ও প্রশ্নবিদ্ধ। ক্ষমতাসীন দলের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করে সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করা যায় না।

এটা দুর্ভাগ্যজনক যে রাজনৈতিক দলগুলো রাজপথেই সব প্রশ্নের মীমাংসা করার চেষ্টা চালিয়ে থাকে। কিন্তু এতে সাধারণ মানুষকে কী পরিমাণ ভোগান্তিতে পড়তে হয়, সেসব নিয়ে ক্ষমতাসীন কিংবা বিরোধী দল আদৌ ভাবে বলে মনে হয় না। বিরোধী দলের দাবি, সভা-সমাবেশ করা ছাড়া তাদের দাবিদাওয়ার কথা জানানোর উপায় নেই। কিন্তু ক্ষমতাসীন দলকে কেন রাজপথ দখলে রাখতে হবে, তা বোধগম্য নয়; যেখানে জাতীয় সংসদসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ আছে।

সরকারি দলের নেতা ও মন্ত্রীরা প্রায়ই অভিযোগ করে থাকেন যে বিরোধী দল সড়ক বন্ধ করে সভা-মিছিল করায় জনগণের ভোগান্তি হয়। কিন্তু আবার বিরোধী দলের পূর্বনির্ধারিত কর্মসূচির দিন তাঁরাও পাল্টা কর্মসূচি দেন। অজুহাত হিসেবে কখনো তাঁরা শান্তিরক্ষা, কখনো রাজপথ পাহারা দেওয়ার কথা বলেন। শান্তিরক্ষার দায়িত্বটি এভাবে সরকারি দল নিজের হাতে নিয়ে সরকার তথা প্রশাসনযন্ত্রের প্রতি তাদের অনাস্থাই প্রকাশ করেছে। দেশের শান্তিরক্ষার কাজ যদি দলের নেতা-কর্মীরা করেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখার প্রয়োজন আছে কি?

জনগণকে জানানোর জন্য সরকারি দলের কোনো সভা-সমাবেশ করার প্রয়োজন হলে অন্য দিন করতে পারে। তারা তা না করে বিরোধী দলের নির্ধারিত কর্মসূচির দিন কাছাকাছি স্থানে সভা-সমাবেশ ডেকে অতি মন্দ নজিরই তৈরি করছে না; জনগণকে আরও বেশি দুর্ভোগের মধ্যে ঠেলে দিচ্ছে। অনেক স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটছে। আর এ ধরনের পাল্টাপাল্টি কর্মসূচি যে কেবল ঢাকাতেই নেওয়া হচ্ছে, তা নয়; দেশের অন্যান্য স্থানেও তারা বিরোধী দল যেদিন সভা-সমাবেশের ডাক দেয়, সরকারি দলও পাল্টা কর্মসূচি দিয়ে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করছে।

মনে হয়, যে দল ১৪ বছর একটানা ক্ষমতায় আছে, ধারণা করি, সে দল জনগণের মনের ভাষা পড়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে। না হলে এ রকম আত্মঘাতী কর্মসূচি নিতে পারত না।

একসময় বিরোধী দল হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি পালন করত, যা জনগণক চরম ভোগান্তিতে ফেলত। এর বিরুদ্ধে সরকারি দলের সভা–সমাবেশ ডাকার না হয় একটি যুক্তি ছিল। কিন্তু বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের দিন ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। এতে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটলে তারা দায় এড়াবে কীভাবে?

আশা করি, ক্ষমতাসীন দলের বোধোদয় ঘটবে এবং পাল্টা কর্মসূচি থেকে বিরত থাকবে।