সম্পাদকীয়
সম্পাদকীয়

বড় কাটরার ওপর আঘাত

ঢাকার পুরোনো স্থাপত্য কি রক্ষা পাবে না

একদিকে একের পর এক স্থাপনা ও অবকাঠামো গড়ে উঠছে, অন্যদিকে গ্রাস হচ্ছে প্রাকৃতিক সম্পদ, পুরাকীর্তি কিংবা ঐতিহ্যবাহী স্থাপনা। বিশেষ করে ঢাকা শহরের পুরোনো স্থাপত্যগুলো নিয়ে রীতিমতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক মাস আগে ঢাকার অন্যতম স্থাপত্য ফরাশগঞ্জের রূপলাল হাউসকে সরকারি নথিপত্র থেকে গায়েব করে দেওয়ার অভিযোগ ওঠে রাজউকের বিরুদ্ধে।

সেখানে স্থাপনাও তৈরি হয়ে যায়। এ নিয়ে আমরা একটি সম্পাদকীয় লিখেছিলাম। এবার আঘাতটি এসেছে পুরান ঢাকার সুপরিচিত মোগল স্থাপত্য বড় কাটরার ওপর। সেটি ভেঙে সেখানে বহুতল ভবন তৈরির পাঁয়তারা চলছে।

স্থানীয় থানা থেকে শুরু করে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ বিষয়টি জানলেও না জানার ভান করে আছে বলা যায়। এরই মধ্যে বড় কাটরার একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই হতাশাজনক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত জুলাই মাস থেকে বড় কাটরার স্থাপনার ওপর আঘাত আসা শুরু হয়। স্থানীয় এক ব্যক্তি স্থাপনার ওই অংশে নিজের মালিকানা দাবি করেন। ব্যক্তিগত মালিকানার দাবি থাকলেও সরকারি আইন অনুযায়ী পুরোনো স্থাপত্য ভাঙার কোনো সুযোগ নেই।

বিষয়টি নিয়ে শুরু থেকেই সোচ্চার পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ (ইউএসজি)। চকবাজার থানায় তাদের অভিযোগ ও সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে কিছুদিন পর ভাঙার কাজ বন্ধ হয়। নতুন করে গত রোববার আবারও স্থাপনাটির কিছু ভেঙে ফেলা হয়েছে। সংগঠনটি থানায় অভিযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এতে স্থাপনাটির বড় ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছেন ইউএসজির প্রধান নির্বাহী তাইমুর ইসলাম।

১৬৪৪ সালে চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গার তীরে নির্মিত হয় মোগল স্থাপত্যের অন্যতম এ নিদর্শন। নানা সময়ে সেটির বিভিন্ন অংশ বিলুপ্ত হলেও বর্তমানে দক্ষিণের আদি অংশটুকু অক্ষত রয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় ২ নম্বরে রয়েছে বড় কাটরা।

আবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় রয়েছে ৬৪ নম্বরে। ফলে দুটি সংস্থাই ঐতিহ্যবাহী এই স্থাপনা সংরক্ষণে দায়বদ্ধ। সরকারও ২০২০ সালে প্রজ্ঞাপন জারি করে তালিকায় থাকা স্থাপনাগুলো সংরক্ষণের জন্য নির্দেশ দেয়।

সেই নির্দেশনা আসলে কতটুকু মানা হচ্ছে, সেটিই দেখতে পাচ্ছি আমরা। পুরোনো স্থাপনা রক্ষায় রাজউক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভূমিকা কোনোভাবেই সন্তোষজনক নয়।

বড় কাটরাসহ ঢাকার সব পুরোনো স্থাপত্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তরুণসমাজ ও সংগঠনের সম্পৃক্ততা জরুরি। পুরোনো স্থাপনা রক্ষায় এলাকাবাসীর মধ্যে সচেতনতাও বৃদ্ধি করা হোক।