সম্পাদকীয়
সম্পাদকীয়

গ্যাস-সংকটে বস্ত্রকল

উত্তরণে সরকারের পরিকল্পনা কী

বেসরকারি বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সংবাদ সম্মেলন করে বস্ত্রকল খাতের যে বহুমুখী সমস্যার কথা বলেছে, সে বিষয়ে সরকারের জবাবটা জানা অত্যন্ত জরুরি।

বস্ত্রকলমালিকেরা এত দিন গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করেছিলেন। বর্তমানে পরিস্থিতি এতটাই নাজুক যে তাঁরা বলছেন, ‘গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করুন। প্রয়োজনে আমরা বেশি দাম দেব।’

শনিবার বেসরকারি বস্ত্রকলগুলোর সংগঠন বিটিএমএ আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্যাস-সংকটের কারণে বস্ত্র খাতের ৯০ শতাংশ কারখানাই এখন ভুগছে। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় দিনে গড়ে ১২ ঘণ্টা কারখানা বন্ধ থাকছে। বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা, শিল্পকারখানাসহ দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট।

কয়েক মাস আগেও যেখানে ৩০০ কোটি ঘনফুট সরবরাহ করা যেত; এখন সেটা নেমে এসেছে ২৬০ কোটিতে। কয়েক মাস ধরে চড়া দামের করণে বৈশ্বিক খোলাবাজার থেকে এলএনজি কেনা বন্ধ রেখেছে পেট্রোবাংলা।

বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী সরকারকে বিকল্প প্রস্তাব দিয়ে বলেছেন, যদি খোলাবাজার থেকে প্রতি ১০ লাখ ব্রিটিশ ফার্মাল ইউনিট ২৫ ডলার দরে ২০ কোটি ঘনফুট এলএনজি আমদানি করা হয়, তাহলে দেশে প্রতি ঘনফুটের দাম বাড়াবে ৮৮ টাকা ২৮ পয়সা। দেশীয় কূপের গ্যাসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি ও খোলাবাজার থেকে আমদানি করা এলএনজি মিশিয়ে গ্রাহকদের কাছে সরবরাহ করলে সম্মিলিতভাবে প্রতি ঘনফুটের দাম পড়বে ২১ টাকা ৩৬ পয়সা। আর খোলাবাজার থেকে ২০ কোটির বদলে ৪০ কোটি ঘনফুট এলএনজি আমদানি করা হলে দেশে প্রতি ঘনফুটের দাম পড়বে গড়ে ২৫ টাকা। অর্থাৎ বেশি দাম দিয়ে হলেও তাঁরা গ্যাস চান।

বিটিএমএর দাবি, প্রতি কেজি সুতা উৎপাদনে ১ ডলার ২৫ সেন্ট খরচ হলেও দিনে অর্ধেক সময় কারখানা বন্ধ থাকে। ফলে প্রকৃত খরচ পড়ে আড়াই ডলার। সুতার কাঁচামাল তুলার দাম আন্তর্জাতিক বাজারে কমে গেছে, কিন্তু বস্ত্রকলমালিকেরা কিনেছেন বেশি দামে। ফলে তাঁরা আছেন উভয়সংকটে।

সরকারের পক্ষ থেকে সেপ্টেম্বর-অক্টোবরে পরিস্থিতির উন্নতি হবে বলা হলেও সে রকম লক্ষণ নেই। বিদ্যুৎ-সংকটে কেবল শিল্প নয়, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা আছে।

এ অবস্থায় কী করণীয়? কারখানায় গ্যাস সরবরাহ বাড়াতে হবে। সেটি দুই উপায়ে হতে পারে। প্রথমত, বিটিএমএর প্রস্তাব অনুযায়ী বেশি দামে হলেও বিদেশ থেকে এলএনজি আমদানি বাড়ানো। জ্বালানিসংকটের পেছনে সরকারের আমদানিনির্ভরতার ভুল নীতিই দায়ী।

গ্যাসের অভাবে যখন কারখানাগুলো ধুঁকছে, তখন ভোলায় গ্যাস পড়ে আছে। সেখান থেকে মজুত গ্যাস উত্তোলন করা যাচ্ছে না সরবরাহের সুযোগ না থাকায়। ভোলায় আহরিত গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করা গেলে বিদ্যুৎ-ঘাটতি কমবে।

আর দীর্ঘ মেয়াদে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ভোলার বাইরে নিয়ে আসতে পারলেও সংকট অনেকটা দূর হবে। কিন্তু এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে। তত দিন তো কারখানা বন্ধ থাকতে পারে না।

কারখানা বন্ধ থাকলে সেখানে কর্মরত লাখ লাখ শ্রমিকই চাকরি হারাবেন না, শিল্পও মারাত্মক বিপর্যয়ে পড়বে। অতএব কেবল আশ্বাস নয়, বিটিএমএসহ সব কারখানার উৎপাদন যাতে নির্বিঘ্ন থাকে, সে জন্য সরকারকে গ্যাস সরবরাহ বাড়াতেই হবে।